
‘নুরু, পুশি, আয়েশা, শফি সবাই এসেছে
আম বাগিচার তলায় যেনো তারা হেসেছে।
রাঁধুনীদের শখের রাঁধার পড়ে গেছে ধুম,
বোশেখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম।...’
গোলাম মোস্তাফার ‘বনভোজন’ কবিতায় কোরমা-পোলাও রান্না হলেও এখনকার তরুণেরা ভালোবাসেন বারকি কিউ করতে। কারণ, বারবি কিউ যে শীতের সময়েরই আয়োজন।
তবে রান্নার আগের জোগাড়-যন্ত্র এখনো ঠিক নুরু-পুশিদের মতোই চলে। শীতের এই সময় বারবি কিউয়ের জন্য একদম উপযুক্ত। আর তাই গরু, মুরগি, খাসির মাংস বা মাছ ঝলসানোর কাজটা করেন দলেবলে। ছোটনদের কথাই ধরা যাক। তাঁদের বাসার ছাদে বারবি কিউ পার্টি ছিল ডিসেম্বরের কনকনে শীতে। পরিকল্পনাটা ছিল ছোটনের বন্ধুদের। সজীব, রায়হান, অন্তু আর ফারহান ছিলেন এই পরিকল্পনায়। রায়হান বলেন, ‘শীতে বারবি কিউ করার মজাই আলাদা। আমরা কেউ এর আগে মুরগি ঝলসানোর নিয়মটা জানতাম না। তবে হাতে যখন স্মার্টফোন, রেসিপি আর কঠিন কী। ইন্টারনেট ঘেঁটে দেখে নিলাম মুরগির বারবি কিউ করার নিয়ম। ব্যস, এরপর তালিকা করে অন্তু আর ফারহানকে পাঠালাম মসলা আর মুরগি কিনতে। এদিকে আমি গেলাম কয়লা কিনতে। বারবি কিউ চুলা ছোটনদের ছিলই। শুধু নতুন কয়েকটা শিক কিনে আনল সে।’
তাঁদের সেই বারবি কিউ পার্টিতে ম্যারিনেটের কাজটা নিজের হাতে তুলে নেয় সজীব। মাংস ধুয়ে ম্যারিনেট করে মসলা মাখিয়ে রেখে দেওয়া। এরপর সবাই মিলে চুলা জ্বালিয়ে বারবি কিউ আর জম্পেশ আড্ডা।
ছোটনদের মতো বারবি কিউ পছন্দ জাহিদেরও। এবারের ইংরেজি নতুন বর্ষ বরণ করতে জাহিদ ও তাঁর বন্ধুরা মিলে গিয়েছিলেন শ্রীমঙ্গলে। পাহাড়ের ওপর চা-বাগানের এক পাশে তাঁবু খাটিয়ে নতুন বছর উদ্যাপন করেছেন জাহিদ, সোহেল, নাশিদ, পম্পা, রাকা ও হিমেল। থার্টি ফার্স্ট নাইটে বারবি কিউ ছিল তাঁদের মূল আকর্ষণ। জাহিদ বলেন, ‘এটা সম্পূর্ণ যৌথ প্রযোজনা বলতে পারেন। বারবি কিউয়ের জন্য কিনে এনেছিলাম মুরগি। আদা, রসুন, পেঁয়াজ, তেল—এগুলো কেনা ও বাটার কাজে ছিল নাশিদ ও হিমেল। এরপর আগুন জ্বালানো ও মাংস পোড়ানোর জন্য বেশি কাজ করতে হয়েছে পম্পা ও রাকাকে। সব মিলিয়ে দারুণ কেটেছে আমাদের।’
দলের আরেক সদস্য নাশিদ বলেন, একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর সেখানে যদি বারবি কিউ হয়, তাহলে তো কথাই চলে না। আর সবার অংশগ্রহণ থাকায় আয়োজনটা করতেও কোনো বেগ পেতে হয় না। শীতের মধ্যে অল্প খরচে দারুণ এক আয়োজনের নাম বারবি কিউ।