এখনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব ব্যর্থতা ভুলে জীবনে নতুন দৌড় শুরু করতে হবে। মেডল: বাপ্পি, মাহারিয়া ও আপন, ছবি: সুমন ইউসুফ
সব ব্যর্থতা ভুলে জীবনে নতুন দৌড় শুরু করতে হবে। মেডল: বাপ্পি, মাহারিয়া ও আপন, ছবি: সুমন ইউসুফ

নতুন বছরে পুরোনো ভুলে নতুন করে ভাবার কথা বলতে বলা হয়েছে আমাকে। বললাম। আপনারা সবাই পুরোনো ভুলে গিয়ে নতুন করে

ভাবুন, প্লিজ।

নিতে হবে চ্যালেঞ্জ
নিতে হবে চ্যালেঞ্জ

ব্যাপারটা বলা খুব সহজ। বলা যত সহজ, করা ততটাই কঠিন। এটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি। বেঁচে থাকলে ২০১৬ সালের নভেম্বর মাসে আমার ৪০ বছর পূর্ণ হবে। ব্যর্থতার পিছুটানের সঙ্গে যোগ হচ্ছে বার্ধক্যের হাতছানি। মহা দুশ্চিন্তার বিষয়। ভয় লাগে, হতাশা জড়িয়ে ধরতে চায় প্রতিনিয়ত। নিজেকেই যখন সামলাতে পারছি না, অন্যদের আর কী বলব? আর আমার কথা অন্যরা বা কেনই শুনবে। উপদেশ আমার কাছে নেই। দুঃখিত। তবে অতীত ও ভবিষ্যতের দোটানার সঙ্গে আমার নিজের লড়াইয়ের কথা বলতে পারি। কারও যদি কোনো কাজে লাগে।
অতীত নিয়ে দুঃখ-বিলাসিতা করার অভ্যাস আমার বেশ পুরোনো। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মনে হতো, ‘হায় রে, স্কুলজীবনটা কত সুন্দর ছিল। তবে কত কিছু করা হয়নি।’ চাকরিজীবনে মনে হয়, ‘ইউনিভার্সিটি লাইফের মতো অভিজ্ঞতা আর হবেই না। কেন যে আরও পরিপূর্ণভাবে উপভোগ করলাম না।’ এ রকমই চলেছে কয়েক দশক ধরে। বয়স কম থাকলে এই বিলাসী চিন্তাভাবনা করাই যায়। কিন্তু এখন বয়স বাড়ছে। কোনো সুযোগ মিস করলে সেটা ফিরে পাওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসছে। ভবিষ্যতের ওপর আর তেমন ভরসা করা যাচ্ছে না। অতীত নিয়ে বেশি চিন্তা করার সময় আমার কমে যাচ্ছে। এখন থেকে এই বাস্তবতা আরও প্রকট হতেই থাকবে। সুতরাং বর্তমানের ওপর মনোযোগ দিতে হবে। প্রতিটা দিনের সদ্ব্যবহার করাটাই এখন সবচেয়ে শ্রেয়।

আত্মবিশ্বাস থাকতে হবে
আত্মবিশ্বাস থাকতে হবে

অতীতকে স্মরণীয় করে রাখতে আর ভবিষ্যৎকে কাজে লাগানোর ব্যাপারে বর্তমানের ভূমিকা সবচেয়ে বড়। যখন যেটা করছি, সেটা যদি ভালোভাবে করি, তাহলে আমার সেই মুহূর্তের স্মৃতিগুলো হবে সুমধুর। প্রতিটা মুহূর্ত যদি কাজে লাগাই, তাহলে আমার ভবিষ্যতের ভিত হবে শক্ত। অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করলেই দুটোই খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা বেশি।
আবারও বলা সহজ করা কঠিন। এ ক্ষেত্রে আমি দেখেছি যে নিয়মিতভাবে কোনো একটা বর্তমানভিত্তিক অনুশীলন বেছে নিলে কাজে দেয়। আমার জন্য সেই অনুশীলন ছিল ২০১৫ সালে ২০১৫ কিলোমিটার দৌড়ানো। অর্থাৎ প্রতিদিন সাড়ে পাঁচ কিলোমিটার। প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা করতাম যে আজ সাড়ে পাঁচ কিলোমিটার দৌড়াতে হবে। ২০১৫ কিলোমিটার ভাবলেই সমস্যা। আগে কখনো এক বছরে এত কিলোমিটার দৌড়াইনি। ভবিষ্যতের কথা চিন্তা করলেও ঝামেলা। ২০১৫ কিলোমিটার চিন্তা করলেই ভয়ে কম্বলের ভেতরে পালাতে ইচ্ছা করে। সুতরাং এক দিন সাড়ে পাঁচ। এভাবে এক দিন এক দিন করে দেখলাম ডিসেম্বর মাস শেষ না হতেই আমি ২০১৫-তে পৌঁছে গেছি। পেছনে তাকিয়ে মনে হয়েছে যে বেশ একটা কীর্তি করলাম। সামনে তাকিয়ে মনে হচ্ছে যে আরও করা সম্ভব। সেটা শুধু সম্ভব হয়েছে কারণ অন্তত দৌড়ের ক্ষেত্রে আমি পেছনে অথবা সামনে তাকাইনি। যেখানে আছি, সেখানে ছিলাম। প্রতিটা মুহূর্তকে মুহূর্তের মর্যাদা দিয়েছি।
আমার মনে হয় যে এখন থেকে যদি আমার অতীত ও ভবিষ্যৎ সুখের হতে হয়, এ ধরনের অনুশীলন চালিয়ে যেতে হবে। দৌড় আমি থামাব না। প্রতিদিন দৌড়ানো আমার জন্য একধরনের ধ্যানের মতো কাজ করে। তবে অন্য কোনো চ্যালেঞ্জ নিতে হবে এই বছর। সেটা কী হবে, এখনো ভাবিনি। কিন্তু এমন কিছু না, যেটা কয়েক দিনেই সেরে ফেলা যায়। ২০১৫-তে ২০১৫ কিলোমিটারের মতোই এমন কিছু করতে হবে, যেটা আমাকে প্রতিটা দিনের সদ্ব্যবহার করার মূল্য শেখায়। তখনই আমি প্রতিটা দিনকে সেই দিনের মূল্য দেব। অতীত হবে মধুর, ভবিষ্যৎ হবে আশাপূর্ণ।
আমার কম্পিউটার টেবিল বারান্দার পাশে। এই লেখাটা লিখতে লিখতে বাইরে তাকালাম। শীতের বিকেল পড়ে আসছে। মৃদু হাওয়া বইছে। বারান্দায় রাখা বাগানবিলাস ফুলগুলো নাচ করছে সেই বাতাসের সংগীতে। প্রথম আলোর জন্য কিছু লিখতে গেলেই আমার টেনশন হয়। হাত-পা ঘামে। তবে ফুলের নৃত্য দেখে কিছুক্ষণের জন্য থেমে গেলাম। ভুলে গেলাম লেখা শেষ করার কথা। উপভোগ করলাম বর্তমানকে। লেখায় যখন ফিরে এলাম, তখন মনে হলো অতীত আসলেই মধুর, ভবিষ্যৎ আশাপূর্ণ।
একটি বছরে ৩৬৫ দিন, ৮ হাজার ৭৬০ ঘণ্টা, সাড়ে পাঁচ লাখ মিনিট। প্রতিটি দিন ঘণ্টা বা মিনিট যে ভালো কাটবে, সেটা আশা করা বোকামি। তবে আশা করি যে যখন যেই মিনিটে যেই সেকেন্ডে আছি, সেটা যেন আমরা সবাই পরিপূর্ণভাবে ভালোবসি। অতীতের স্মরণে, ভবিষ্যতের জন্য।