এখনই জমজমাট মিমি সুপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিমি সুপার মার্কেটের একটি দোকানে শাড়ি দেখছেন ক্রেতারা l ছবি: প্রথম আলো
মিমি সুপার মার্কেটের একটি দোকানে শাড়ি দেখছেন ক্রেতারা l ছবি: প্রথম আলো

রোজার সবে সপ্তাহ পার হলো। ঈদের এখনো অনেক বাকি। এর মধ্যেই জমে উঠেছে শাড়ির জন্য বিখ্যাত বিপণিবিতান মিমি সুপার মার্কেট। অন্যদের চেয়ে আলাদা ও হালফ্যাশনের পোশাক চান যাঁরা, তাঁদের পছন্দের কেনাকাটার জায়গা এই বিপণিবিতানটি। রোজার শুরু থেকেই এখানে বাড়ছে ক্রেতার ভিড়।
ঈদ উপলক্ষে বিভিন্ন দোকানে এসেছে নতুন পোশাক, জুতা, গয়নাসহ নানা প্রসাধনী। দিন যত গড়াচ্ছে তত গভীর রাত পর্যন্ত কেনাকাটা করছেন ক্রেতারা।
বিপণিবিতান ঘুরে দেখা গেছে, বরাবরের মতো ভারত থেকে আমদানি করা দামি পোশাকের কাটতি বেশি। কঁাকন, জ্যোতি, আঁচল, বিবাহ শাড়িজ, মানসী, শাওন ভাদো, পিন্ধনসহ বেশ কিছু শাড়ির দোকান রয়েছে এখানে। গতবারের মতো এবারও কাঞ্চিভরম, অপেরা কাতান, হাইলাইটস, জর্জেট, জুট কাতান, বেঙ্গালুরু কাতানসহ নানা ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে। বেশির ভাগ শাড়িতে দামি পাথর, পঁুথি, চুমকি দিয়ে ভারী কাজের প্রাধান্য দেখা গেছে। দেশি শাড়ির মধ্যে মিরপুরের কাতান, জামদানি ও তাঁতের শাড়িও পাওয়া যাচ্ছে। শাড়ির দোকান কঁাকনের বিক্রয়কর্মী আবু সালেহ জানান, ভারতীয় শাড়ি বিক্রি হচ্ছে পাঁচ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। আর দুই থেকে ১০ হাজারের মধ্যে দেশি শাড়ি বিক্রি হচ্ছে।
ননদ ও মেয়েকে নিয়ে কেনাকাটা করতে খুলশী থেকে আসা গৃহবধূ জাহানারা পারভীন বলেন, ‘অনেক বছর ধরে ঈদের শাড়ি এ মার্কেট থেকেই কিনি। হাল ফ্যাশনের পোশাক পাওয়া যায় বলে আমার মেয়েরও পছন্দের জায়গা এটি।’
গজ কাপড়ের চল নেই এ মার্কেটে। তবে সেলাইবিহীন ও তৈরি সালোয়ার-কামিজের বেশ কয়েকটি দোকান রয়েছে। উইমেন্স ওয়ার্ল্ড, আকর্ষণ, চন্দ্রবিন্দু, লগন, জারা প্রভৃতি বুটিকের দোকানে লং গাউন, আনারকলি, জিপসি পোশাকের জয়জয়কার। পাথর ও পঁুথির ভারী কাজের এসব পোশাকের দাম শুরু হয়েছে পাঁচ হাজার টাকা থেকে।
আকর্ষণ বুটিকের ব্যবস্থাপক মো. হাসান জানান, তাঁদের দোকানে মেয়েদের জন্য পাঁচ হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে বিভিন্ন এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক পাওয়া যাচ্ছে। এ দোকানে শিশুদের পোশাকের দাম পড়ছে চার থেকে সাত হাজার টাকার মধ্যে।
চন্দ্রবিন্দু বুটিকে দেড় হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আট হাজারের মধ্যে সুতি সালোয়ার কামিজ পাওয়া যাচ্ছে।
জর্জেটের ওপর কাজ করা পোশাকের দাম পড়ছে পাঁচ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। চন্দ্রবিন্দু বুটিকের বিক্রয়কর্মী মো. সিরাজ জানান, ছয় থেকে নয় হাজারের মধ্যেই বেশি পোশাক বিক্রি হয়েছে তাঁদের।
দেশি পোশাকের বুটিক শৈল্পিকে লম্বা ঝুলের সালোয়ার কামিজ ও মাঝারি ঝুলের পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে। এক হাজার ৫৫০ থেকে তিন হাজার ৫০ টাকায় পাঞ্জাবি পাওয়া যাচ্ছে।
শাড়ি ও পোশাকের জমজমাট বিকিকিনি হলেও এখনো জুতা ও গয়নার দোকানে বিক্রি জমে ওঠেনি। এ বিষয়ে বিক্রেতারা বললেন, পোশাক কেনাকাটা শেষ হলেই ক্রেতাদের ভিড় এসব দোকানে বাড়বে। কারণ ফ্যাশন সচেতেনরা পোশাকের সঙ্গে মিলিয়েই জুতা ও গয়না বাছাই করেন।