
স্বামীর প্রতি আনুগত্য থেকে নারীরা বেশির ভাগ সময় এমন অপরাধে যুক্ত হন। পরিবার দ্বারা প্রভাবিত হয়ে থাকেন তাঁরা। প্রত্যেক মানুষই মনের দিক থেকে দুর্বল। সেখানে যেসব মেয়ে বাইরের দুনিয়া দেখেন না, তাঁদের প্রভাবিত করা আরও সহজ। স্বামীরা তাঁদের আবেগ ব্যবহার করে জঙ্গিবাদের মতো কাজের সঙ্গে যুক্ত করেন। এই নারীরাও হয়তো মনে করেন, স্বামীর জন্য কিছু করার সুযোগ তাঁরা পেলেন। একধরনের ক্যামোফ্লাজ তৈরি করা হয়। অতিপ্রাকৃত শক্তির কারণে তাঁরা মনে করেন, যা ভুল করেছেন, ভুল সংশোধনের এটাই সুযোগ। তবে সারা বিশ্বেই কিন্তু এমন ঘটনা ঘটে আসছে। বাংলাদেশে এই প্রবণতা নতুন। এখনই প্রতিহত করতে না পারলে এটা আরও বাড়ার আশঙ্কা আছে।
ধর্ম মন্ত্রণালয় যদি সব মসজিদে জঙ্গিবাদের নেতিবাচক দিক নিয়ে ইমামদের কথা বলার নিয়ম করে, তাহলে ধর্মান্ধ মানুষকে বোঝানো সহজ হবে। এটা কেন দেশ, সমাজ ও পরিবারের জন্য ক্ষতিকর; সেটা তাঁরা বুঝিয়ে বললে আমার মনে হয় মানুষ দ্রুত গ্রহণ করবে।
নেহাল করিম
চেয়ারম্যান, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।