এখনই শরীরচর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত পড়ছে একটু একটু করে। সকালে জানালা খুলে দিলেই মিঠে রোদের সঙ্গে ঠান্ডা বাতাসও ছুঁয়ে যায়। আড়মোড়া ভাঙতেও বড় আলস্য। শীতের রুক্ষ প্রকৃতির মতো এ সময়টায় শরীরে জড়তা ভর করে। মন হয়ে ওঠে শুষ্ক। তাই তো এ সময় শরীরে প্রশান্তি আনতে আর মনকে তাজা রাখতে মানুষ কত কিছুই না করছে। এ ক্ষেত্রে কিন্তু সহজ সমাধান হতে পারে শরীরচর্চা ও ইয়োগা। এগুলো মনের ও দেহের শ্রান্তি দূর করে। যাঁরা অনেক দিন ধরেই ভাবছেন ব্যায়াম শুরু করবেন, অথচ হয়ে উঠছে না; তাঁদের জন্য এখনই উপযুক্ত সময়। শীতকালে দীর্ঘ সময় ধরে ব্যায়াম করতে পারেন। ক্লান্তি, ঘাম অন্য সময়ের তুলনায় কম হবে।গুরুজি সত্যজিৎ বিশ্বাস, ‘প্রশান্তি ইয়োগা আয়ুর্বেদ এবং নেচারোপ্যাথি সেন্টার’-এর পরিচালক ও প্রশিক্ষক। তিনি ইয়োগার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ‘এই সময়ে কোনো ধরনের শরীরচর্চার আগে প্রথমেই করে নিতে হবে প্রাণায়াম। প্রাণায়াম এমন একটা পদ্ধতি, যার সাহায্যে শরীর উষ্ণ করা হয়। করা যেতে পারে সূর্য ভেদন প্রাণায়াম। এটি শরীরের তাপমাত্রা বাড়িয়ে শরীরকে ইয়োগার জন্য প্রস্তুত করে তোলে। বেশ কিছু আসন আছে, সেগুলোও নিয়মিত অনুশীলন করতে হবে। এর মধ্যে ভুজঙ্গ আসন, ভদ্রাসন, বক্রাসন, তাড়া আসন উল্লেখযোগ্য। এগুলো মানুষের দেহের সৌন্দর্যও বাড়ায় এবং শরীর সুস্থ রাখে।’ইয়োগার টুকিটাকি দুশ্চিন্তা ও উত্তেজনা প্রশমিত করে ইয়োগা। উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে আনতে ইয়োগা করতে হবে নিয়মিত। ডায়াবেটিক রোগীদের জন্য ইয়োগা ভালো দাওয়াই। মেদভুঁড়ি কমাতে ইয়োগা খুব ফলপ্রসূ। ইয়োগা শরীরের গ্রন্থিগুলোর নিঃসরণ স্বাভাবিক করে সর্দি-কাশিতেও ইয়োগা করা যেতে পারে। এ ক্ষেত্রে করতে হবে জলনেতি ক্রিয়া এবং সূত্রনেতি ক্রিয়া।চিকিৎসকেরা যা বলেনবারডেম ল্যাবরেটরি সায়েন্সের পরিচালক চিকিৎসক শুভাগত চৌধুরী বলেন, ‘শরীর সুস্থ রাখা, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং সর্বোপরি রোগ প্রতিরোধের জন্য ব্যায়াম জরুরি। আমরা প্রতিদিন খাবারের মাধ্যমে যে পরিমাণ ক্যালরি গ্রহণ করি, তা কাজের মাধ্যমে খরচ করতে হয়। কিন্তু শীতকালে মানুষ কিছুটা অলস হয়ে যায়। এতে প্রয়োজনের অতিরিক্ত ক্যালরি শরীরে জমে থাকে। এটা শরীরের জন্য খারাপ। তাই নিয়মিত ব্যায়াম করে শরীরে সমতা আনতে হবে।’বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রধান এ বি এম আবদুল্লাহ বলেন, ‘শীতে ব্যায়াম করা বেশ জরুরি। বাতজাতীয় ব্যথা এ সময়টায় বাড়ে। এ ছাড়া হাড়ের সংযোগস্থল, মাংসপেশি ঠান্ডায় শক্ত হয়ে আসে কখনো কখনো। তাই ব্যায়াম করে শরীরটা চাঙা রাখা যায় সারা দিনের জন্য। বাড়িতে দড়ি লাফানো খুব ভালো ব্যায়াম। কিন্তু বয়স্ক লোকের জন্য তা কষ্টসাধ্য হয়ে যায়। তাঁদের ক্ষেত্রে দুই বেলা হাঁটা হতে পারে খুব ভালো উপায়।’চিকিৎসকের পরামর্শ হার্টের রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত ব্যায়াম করবেন। ডায়াবেটিক রোগীদের জন্য ব্যায়াম ওষুধের বিকল্প। রক্তে কোলস্টেরলের মাত্রা কমাতে ব্যায়াম করতেই হবে। শীতে ব্যায়াম করতে হবে ঠিকই, কিন্তু ঠান্ডা লাগিয়ে নয়। যেকোনো ব্যথায় ব্যায়াম অথবা ইয়োগা ভালো ফল দেয়। শরীরচর্চার কেন্দ্রে যাওয়ার সুযোগ না হলে বাড়িতে বসেই করে ফেলুন ফ্রি হ্যান্ড ব্যায়াম। সব ব্যায়ামই করতে হবে শরীরের সহ্যক্ষমতা অনুযায়ী। হাঁটতে হবে নিয়মিত সকালে কিংবা বিকেলে।ব্যায়ামাগারশরীরচর্চা করার ইচ্ছা থাকলেও কীভাবে শুরু করতে হবে, অনেকেই তা জানেন না। এ ক্ষেত্রে ব্যায়ামাগারগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এখানে প্রশিক্ষকের তত্ত্বাবধানে একেকজন ব্যায়ামের নিয়মকানুন শিখে শরীর তৈরি করেন। কেউ আবার ব্যায়ামাগারে যাচ্ছেন শুধুই সুস্থ থাকার জন্য। ঢাকার ইএলবি ফিটনেস সেন্টার, মগবাজার শাখার সহকারী প্রশিক্ষক মোহাম্মদ মনজুর বলেন, ‘দেহের সুন্দর গঠন তৈরির জন্য ব্যায়ামাগারে আসাটা জরুরি। এখানে প্রত্যেকের শরীরের গঠন অনুযায়ী আলাদা খাদ্যতালিকা ও ব্যায়ামের সূচি দেওয়া হয়। আর শরীর তৈরি কিন্তু কঠোর পরিশ্রমের কাজ। এগুলো সহ্য করে নিয়মিত শরীরচর্চা চালিয়ে গেলে দেহের গঠনে আমূল পরিবর্তন আসবে।’ব্যায়ামাগারের টুকিটাকি শীতকালে ব্যায়াম করার সময় ফুলহাতা টি-শার্ট পরতে হবে। সেই সঙ্গে কানটুপি ও কেডস। ব্যায়াম করার সময় ঠান্ডা বাতাস লেগে শরীর যেন শীতল না হয়ে যায়। ব্যায়াম করার সময় শরীর উষ্ণ রাখাটা খুব জরুরি। খালি পেটে ব্যায়াম করা উচিত নয়। ভরা পেটেও ব্যায়াম করা যাবে না। নিয়মিত ব্যায়ামের সঙ্গে সঙ্গে প্রচুর পানি পান করতে হবে। শরীর তৈরির জন্য ব্যায়ামাগারে এসে প্রশিক্ষকের নির্দেশ অনুযায়ী ব্যায়াম করতে হবে। ব্যায়ামাগারে ব্যায়াম শেষে স্টিমবাথ নেওয়া যেতে পারে। এটি লোমকূপের ময়লা দূর করে শরীর সতেজ রাখে। পার্কগুলোতেও ব্যায়ামের কিছু অনুষঙ্গ তৈরি থাকে। এগুলো ব্যবহার করেও শরীর তৈরি করা যায়।বিশেষজ্ঞের পরামর্শপারসোনা হেলথের হেড অব জিম তানজিনা চৌধুরী বলেন, ‘গরমে মানুষের সামান্য খাটাখাটুনিতেই প্রচুর ঘাম হয়, দুর্বল হয়ে পড়ে তাড়াতাড়ি। তাই চাইলেও খুব বেশি শরীরচর্চা করার সুযোগ থাকে না। এই শীতকালটা কিন্তু ব্যায়ামের জন্য ভালো একটা সময়। শীতকালে শরীরচর্চার কতগুলো উল্লেখযোগ্য বিষয় এ রকম— শীতে শরীরচর্চা শুরুর আগে ওয়ার্মআপের অংশটি বেশি সময় ধরে করতে হবে। খালি হাতে ব্যায়াম করতে হবে বেশি সময় ধরে। জমে যাওয়া মাংসপেশি কর্মক্ষম করতে স্ট্রেচিংয়ের সময়টাও বাড়াতে হবে। শরীরচর্চার পর বিশ্রামের পর্বটিও হবে বেশি সময়ের। শীতে মাংসপেশিতে কখনো কখনো ব্যথা হয়, এ ক্ষেত্রে ব্যায়াম হতে পারে সহজ সমাধান।এ সময়ে শরীরে বেশি শক্তি সঞ্চিত থাকে। তাই চাইলে বেশি সময় ধরে শরীর গঠনে মনোযোগী হওয়া যায়।খাওয়াদাওয়া ব্যায়ামের পাশাপাশি শীতের শাকসবজি খেতে হবে প্রচুর। ভাত দিয়ে সবজি নয়, সবজি দিয়ে ভাত খেতে হবে। ব্যায়ামে শরীরের শক্তি ক্ষয় হয়, তাই দেহের চাহিদা পূরণে সুষম খাদ্যতালিকা তৈরি করতে হবে। চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এ সময় বাজারে যেসব মাছ পাওয়া যাচ্ছে, সেসব খেতে হবে বেশি করে। সামুদ্রিক মাছ ও সামুদ্রিক শৈবালও থাকতে পারে খাদ্যতালিকায়। ডালে আছে প্রচুর প্রোটিন, ডাল থাকবে প্রতিবেলায়। একবারে বেশি খাওয়া যাবে না। কম কম করে খান বেশিবার।