এখনই সরগরম শীতবস্ত্রের বাজার

ঋতু হিসেবে শীত আসতে আরও মাস খানেক বাকি। তবে নগরে এখনই শুরু হয়েছে শীতের আমেজ। দিনের শেষে সন্ধ্যা শুরু হয় হালকা শীতের আমেজ নিয়ে। শেষ রাতের দিকে তা কিছুটা বাড়ে। এরই মধ্যে বাজারে শুরু হয়েছে শীতবস্ত্রের বেচাকেনা। শীত জেঁকে বসার আগেই ক্রেতারা ছুটছেন পছন্দের গরম কাপড়ের সন্ধানে। তবে হরতালের কারণে বেচাকেনায় শুরুতেই হোঁচট খেতে হয়েছে ক্রেতা-বিক্রেতাদের। দামও চড়া গত বছরের তুলনায়।
নগরে শীতের কাপড়ের জন্য প্রসিদ্ধ পৌর জহুর হকার্স মার্কেট। সরেজমিন দেখা যায়, বেচাকেনায় ইতিমধ্যেই জমে উঠছে মার্কেটটি। নানা ডিজাইনের শীতবস্ত্র যেমন: মাফলার, কানটুপি, চাদর, সোয়েটার, ব্লেজার, জ্যাকেট, কোট, হাত-পায়ের মোজাসহ সব ধরনের শীতবস্ত্রইমিলছে জহুর হকার্স মার্কেটে। রয়েছে কম্বলও।
দোকানিরা জানান, সপ্তাহ দেড়েক আগে থেকেই এখানকার দোকানগুলোতে বেচাকেনা শুরু হয়েছে। প্রতিদিনই তা বাড়ছে। চাহিদার কথা ভেবে সব ধরনের শীতবস্ত্রের সমাবেশ ঘটিয়েছেন তাঁরা। লেটেস্ট ফ্যাশনের মালিক মো. জাবেদ বলেন, ‘শীত মৌসুমের চাহিদার কথা ভেবে তিন মাস শুধু শীতের কাপড় বিশেষ করে সোয়েটার বিক্রি করব। কারণ এই ব্যবসায় লাভ বেশি।’
জহুর হকার্স মার্কেটে ছেলেদের সোয়েটার মানভেদে ১০০ থেকে এক হাজার টাকা, মেয়েদের সোয়েটার ১০০ থেকে ৬০০ টাকা, ছেলেদের জ্যাকেট ৪০০ থেকে তিন হাজার টাকা, বাচ্চাদের জ্যাকেট ৩০০ থেকে এক হাজার টাকা, বাচ্চাদের সোয়েটার ৩০ থেকে ৭৫০ টাকা, হাতমোজা ৩০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কানটুপি ৪০ থেকে ১০০ ও মাফলার ৫০ থেকে ২০০ টাকায় পাওয়া যাচ্ছে। কম্বল পাওয়া যাচ্ছে ১৫০ থেকে শুরু করে পাঁচ হাজার টাকায়।
হকার্স মার্কেটে কথা হয় নগরের ডেবারপাড় থেকে আসা গৃহিণী উম্মে কুলসুমের সঙ্গে। তিনি বলেন, ‘আগেভাগেই বাচ্চাদের জন্য কাপড় কিনে নিচ্ছি যাতে তাদের শীতে কষ্ট পেতে না হয়। তা ছাড়া, শীত জেঁকে বসলে কাপড়ের দাম বেড়ে যাবে।’ বিক্রেতারা জানান, হরতালের কারণে তাঁদের আয়ের তুলনায় খরচ বেশি হচ্ছে। তাই কাপড়ের দামও একটু বেশি নিতে হচ্ছে। সামনে দাম আরও বাড়বে বলে জানান তাঁরা।
জহুর হকার্স মার্কেট ছাড়াও রিয়াজউদ্দিন বাজার, বিপণিবিতান (নিউমার্কেট), সেন্ট্রাল প্লাজা, চিটাগাং শপিং কমপ্লেক্সসহ নগরের অন্য সব বিপণিকেন্দ্রেও শীতবস্ত্রের বেচাকেনা জমে উঠেছে। মধ্যবিত্ত ও অভিজাত শ্রেণীর লোকজন কেনাকাটা করছেন এসব বিপণিকেন্দ্র থেকে। নিউ মার্কেটের মোড়, আগ্রাবাদ বাদামতল, ইপিজেডের মোড়, জিইসি মোড়, ষোলশহরসহ বিভিন্ন এলাকার ফুটপাতের দোকানগুলোতেও চলছে শীতবস্ত্রের রমরমা কেনাবেচা। এসব দোকানের মূল ক্রেতা নিম্ন ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষ ।