এখনো অভিযোগপত্র দেয়নি পুলিশ, দুশ্চিন্তায় গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়া পৌর এলাকার বাসিন্দা গৃহবধূ কাওসার জান্নাত (৪৫)। ছেলেকে বিদেশে পাঠানোর জন্য গত বছরের ডিসেম্বর মাসে পাঁচ ভরি স্বর্ণালংকার বন্ধক রেখে দেড় লাখ টাকা নেন নন্দরাম ধরের কাছ থেকে। কিন্তু এখন দুশ্চিন্তায় কাটছে জান্নাতের দিন। কারণ, যৌথবাহিনী নন্দরাম ধর বাড়িতে অভিযান চালিয়ে ২৮ কেজি স্বর্ণালংকার জব্দ করে গত ৬ এপ্রিল। এর পর থেকে বেশ কয়েকবার নন্দরামের কাছে গিয়েও এখনো স্বর্ণ ফেরত পাননি।
এদিকে বরইতলী ইউনিয়নের মছনিয়া কাটা এলাকার আরেক এক গৃহবধূর (নাম প্রকাশে অনিচ্ছুক) সংসারে শুরু হয়েছে অশান্তি। তিনি জানান, ভাইকে জরুরি ভিত্তিতে টাকা দেওয়ার জন্য দুই ভরি স্বর্ণ বন্ধক রেখেছিলেন মডার্ন স্বর্ণ তারা জুয়েলার্সে। সম্পর্কের খাতিরে তিনি পাওনা স্লিপও নেননি। এখন স্বামী তাঁকে স্বর্ণগুলোর জন্য প্রায় সময় মারধর করছেন।
এই দুই গৃহবধূর মতো আরও এক হাজার গ্রাহকও এখন অনিশ্চয়তার মধ্যে আছেন। এখনো স্বর্ণলংকার উদ্ধার মামলার অভিযোপত্র দিতে পারেনি পুলিশ। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদৌ স্বর্ণলংকার ফিরে পাবেন কি না, এ নিয়ে সন্দিহান গ্রাহকেরা।
পুলিশ বলছে, স্পর্শকাতর মামলা হওয়ায় তাড়াহুড়ো করে মামলার অভিযোগপত্র দেওয়া হচ্ছে না। এ ছাড়া মামলার আগের কর্মকর্তা পরিবর্তন হওয়ায় কিছুটা বিঘ্নিত হয়েছে তদন্ত কার্যক্রম।
চকরিয়া থানা সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল রাতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার হিন্দুপাড়া গ্রামের নন্দরাম ধরের বাড়িতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হকের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। ওই সময় তাঁর বাড়ি থেকে ২৭ কেজি ৭৬৫ গ্রাম স্বর্ণালংকার, নগদ ১০ লাখ ৪৭ হাজার টাকা, ৭৬৫ গ্রাম রুপা, ১৫টি মুঠোফোন সেট ও ছয়টি পাসপোর্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে স্বর্ণ ব্যবসায়ী নন্দরাম ধর, তাঁর দুই ছেলে পলাশ ধর ও সুমন ধরকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ ঘটনায় ৭ এপ্রিল সকালে চকরিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কক্সবাজারস্থ ১৭ ইসিবির সুবেদার মোজাম্মেল হক।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ওই দিনই পুলিশ উপজেলা জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক মো. বাহাউদ্দিন কাজী তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর ২৭ এপ্রিল কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। পরে তাঁরা কারাগার থেকে বেরিয়ে আসেন।
ওই সময় তিন স্বর্ণ ব্যবসায়ীর মুক্তির দাবিতে কক্সবাজার জেলা জুয়েলারি মালিক সমিতি তিন দিন জেলার সব স্বর্ণের দোকান বন্ধ রেখে সমাবেশ ও মানববন্ধন করে। এ ছাড়া চট্টগ্রামেও তাঁদের মুক্তির দাবিতে সমাবেশ ও মানববন্ধন করা হয়।
থানা সূত্র জানায়, স্বর্ণালংকার উদ্ধার মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলামকে। দুই মাস আগে তিনি বদলি হয়ে গেলে এসআই ছিদ্দিকুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
ছিদ্দিকুর রহমান বলেন, ‘মামলাটি যেহেতু স্পর্শকাতর, তাই অধিক লোকজনের কাছ থেকে সাক্ষ্য–প্রমাণ নিয়ে অভিযোগপত্র দাখিল করতে হচ্ছে। তবে তদন্তকাজ প্রায় গুছিয়ে এনেছি। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।’
স্বর্ণ ব্যবসায়ীরা জানান, নন্দরাম ধরের চকরিয়া পৌর শহরের নিউমার্কেট এলাকায় তাজমহল জুয়েলার্স ও সমবায় মার্কেটে মর্ডান স্বর্ণ তারা জুয়েলার্স নামে দুটি স্বর্ণের দোকান রয়েছে। জেলা প্রশাসকের কাছ থেকে ডিলিং লাইসেন্স নিয়ে তিনি স্বর্ণ ব্যবসা করছেন। তাঁর কাছে ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়ার অন্তত ১০-১২ জন ক্ষুদ্র ব্যবসায়ী স্বর্ণ বন্ধক রেখেছেন। এ ছাড়া চকরিয়া উপজেলার অন্তত এক হাজার গ্রাহক স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়েছেন।
নন্দরাম ধর জানান, তাঁর কাছে যেসব গ্রাহক স্লিপ নিয়ে আসছেন, তাঁদের স্বর্ণ তিনি কিনে দিচ্ছেন অথবা নগদে টাকা দিয়ে দিচ্ছেন। তিনি আরও জানান, পুলিশ কম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করলে মামলাটি দ্রুত নিষ্পত্তি হতো। তখন তাঁর কাছে বন্ধক রাখা সব স্বর্ণই তিনি ফেরত দিতে পারতেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, অল্প সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দেওয়ার চেষ্টা চলছে।