এখনো ঘুমের ঘোরে 'মা, মা' বলে কাঁদে বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ভবন ধসে আহত ববিতা বেগম আজও দুঃসহ স্মৃতি বয়ে বেড়ান l সোয়েল রানা
ভবন ধসে আহত ববিতা বেগম আজও দুঃসহ স্মৃতি বয়ে বেড়ান l সোয়েল রানা

রানা প্লাজা দুর্ঘটনার চার বছর পেরিয়েছে। এ দুর্ঘটনার জের টেনে চলেছে অসংখ্য পরিবার। বগুড়ার ২৭ জন শ্রমিক নিহত হন এ দুর্ঘটনায়। তাঁদের মধ্যে বেশির ভাগই নারী। আবার যে পরিবারের উপার্জনক্ষম পুরুষ সদস্য নিহত হয়েছেন, সেই পরিবারের মা, স্ত্রী ও সন্তানেরা পার করছেন দুঃসহ জীবন। বগুড়ার সেই পরিবারগুলোর কয়েকজনের কথা নিয়ে এই প্রতিবেদন

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনার ১৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বাঁশহাটা গ্রামের পোশাকশ্রমিক মামুন উর রশীদের মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেই মৃতদেহ আনতে যাওয়ার মতো বাড়িতে পুরুষ কেউ ছিল না। স্ত্রী শাপলা বেগম ছিলেন সন্তানসম্ভবা। আত্মীয়স্বজনের মাধ্যমে মৃতদেহ এনে পরে দাফন করা হয়।

মামুন উর রশীদের বাড়ি এখনো পুরুষশূন্য। দুই মেয়েকে নিয়ে একা বাড়িতে কষ্টে দিন কাটে শাপলা বেগমের। ছেলের শোক সামলাতে না পেরে মারা গেছেন শাশুড়িও। শাপলা বলেন, ‘ক্ষতিপূরণ বাবদ পাওয়া চার লাখ টাকা দুই মেয়ের জন্য ব্যাংকে রেখেছি। নিজে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। একটা চাকরির চেষ্টা করছি এখন।’ দুই শিশুসন্তান নিয়ে ভাগ্যের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করেই বেঁচে আছেন তিনি।

এখনো ‘মা, মা’ বলে কাঁদে শিশু বৃষ্টি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তারাটিয়া গ্রামের হারেজ উদ্দিনের সংসার চলত স্ত্রী রেখা বেগমের রোজগারের টাকায়। রানা প্লাজার পঞ্চম তলার পোশাক কারখানায় কাজ করতেন রেখা। বেতনের টাকায় সংসার চলত। স্বামী-সন্তানের জন্য সাভারে বাসা ভাড়া নিয়ে থাকতেন। ১০ বছরের ছেলে ইমরানকে ভর্তি করিয়েছিলেন সাভারের একটি স্কুলে। দুর্ঘটনার দিন দেড় বছরের মেয়ে বৃষ্টিকে রেখে রানা প্লাজায় কাজে যান রেখা।

১৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে রেখার মৃতদেহ পাওয়া যায়। ক্ষতিপূরণ হিসেবে পরিবার পেয়েছে চার লাখ টাকা। সেই টাকায় বসতবাড়ির জন্য পাঁচ শতক জায়গা কিনেছেন হারেজ উদ্দিন। স্থানীয় বাজারে একটা মুদি দোকান দিয়েছেন। পাঁচ বিঘা জমি বর্গা (কট কবলা) নিয়ে চাষাবাদ করছেন। দুই সন্তানকে স্কুলে ভর্তি করিয়েছেন।

হারেজ উদ্দিন প্রথম আলোকে বলেন, বড় ছেলে ইমরান নন্দীগ্রাম পাইলট স্কুলে। ছোট মেয়ে বৃষ্টিকে তারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছেন। তবে এখনো প্রায়ই রাতে ঘুমের ঘোরে ‘মা, মা’ বলে কান্নাকাটি করে মেয়েটা।

মায়ের মৃত্যু দেখেছেন জাহানারা

নন্দীগ্রাম উপজেলার থালতা গ্রামের আমজাদ হোসেন, পিয়ারা বেগম ও কন্যা জাহানারা পারভীন—তিনজনই পোশাক কারখানার শ্রমিক ছিলেন। রানা প্লাজার একটি পোশাক কারখানায় কাজ করতেন মা ও মেয়ে। দুর্ঘটনার দিনই কন্যা জাহানারাকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। ১৭ দিন পর মৃতদেহ উদ্ধার হয় পিয়ারা বেগমের।

মেয়ে জাহানারা বলেন, ‘চোখের সামনে মায়ের মৃত্যু দেখেছি। প্রাণে বেঁচে থাকার জন্য লড়াই করে মৃত্যুপুরী থেকে ফিরেছি। এখন সারা জীবনের জন্য পঙ্গু ও বীভৎস জীবনযাপন করছি।’

মনিকার দুই মেয়ে নানির আশ্রয়ে

গাবতলী উপজেলার কামারপাড়া গ্রামের মৃত সোবহান প্রামাণিকের কন্যা মনিকা বেগম রানা প্লাজা দুর্ঘটনায় নিহত হন। দুর্ঘটনার ১৪ দিন পর মৃতদেহ উদ্ধার হয়। বাবা বিয়ে করে অন্যত্র ঘরসংসার করছেন। আর মনিকার দুই মেয়ে আকলিমা ও অনি আকতারের ঠাঁই হয়েছে বিধবা নানি বুলি বেগমের কাছে।

বিউটির রোজগারে সংসার চলত

গাবতলী উপজেলার কীর্তনিয়া গ্রামের এনামুল হক সপরিবারে সাভারের পোশাক কারখানায় কাজ করতেন। কন্যা বিউটি আকতার সাভারের অধরচন্দ্র স্কুল থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছিল। বাবার সংসারে অভাব তাড়াতে রানা প্লাজার একটি কারখানায় কাজ নিয়েছিল। দুর্ঘটনায় বিউটি নিহত হলে মেয়েকে হারিয়ে বাড়ি ফিরে আসেন বাবা এনামুল হক। তিনি বলেন, ‘এক লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছি। সেই টাকায় দুগ্ধ খামার দিয়েছি। ৫ বিঘা জমি বর্গা নিয়েছি চাষবাস করছি। সংসারে এখন অভাব ঘুচেছে সত্যি, তবে মেয়েকে চিরদিনের জন্য হারাতে হয়েছে।’

মায়ের জন্য মেয়ের অপেক্ষা

গাবতলী উপজেলার শালুকগাড়ি গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী সাবিহা সুলতানা রানা প্লাজা দুর্ঘটনায় নিহত হন। মা কোনো দিন ফিরবেন না, তা এখনো জানে না সাবিহার তিন বছরের মেয়ে। রাশেদ বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনই পোশাক কারখানায় কাজ করতাম। দুর্ঘটনার পর ছোট মেয়েকে নিয়ে বাড়িতে আসি। ক্ষতিপূরণের আট লাখ টাকায় পাঁচ বিঘা জমি ইজারা নিয়েছি। চাষাবাদ করেই সংসার চলছে।’

মৃত্যুপুরী থেকে ফিরেছেন ববিতা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা-সোনাপুর গ্রামের ভূমিহীন বর্গাচাষি আহাদ বক্সের ছোট ছেলে সমাজ হোসেন কলেজে পড়ার খরচ জোগাতে পোশাক কারখানায় কাজ িনয়েছিল। ভাবি ববিতা বেগমের সঙ্গে সাভারে রানা প্লাজার ছয়তলায় ইথার টেক্সটাইল লিমিটেডে কাজ করত। দুমাস কাজ করে ভর্তির টাকা জোগাড়ও হয়েছিল। তবে শেষ পর্যন্ত কলেজে ভর্তির ভাগ্য হয়নি সমাজের।

রানা প্লাজা দুর্ঘটনার ১৩ দিন পর প্যান্টসহ শুধু কাদেরের দুটি পা উদ্ধার হয় ধ্বংসস্তূপ থেকে। ভারী যন্ত্রের নিচে চাপা পড়েছিল ভাবি ববিতার ডান হাত। নিজেই নিজের হাত কেটে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসেছেন ববিতা। প্রাণে বেঁচে গেছেন তিনি।

ববিতা বেগম বলেন, ‘দেবর-ভাবি এক মেশিনেই কাজ করছিলাম। হঠাৎ অন্ধকার। মুহূর্তেই ধসে গেল ভবন। কাদের দৌড়ে গেল বের হওয়ার জন্য। আমার ডান হাত গেল মেশিনের নিচে আটকে। দম ফুরিয়ে যাচ্ছে। নিচে রক্তের স্রোত। চোখের সামনে অনেকেই মারা যাচ্ছে। কে একজন বলল; ভবন কাটা হয়েছে, বের হওয়া যাচ্ছে। বাঁচার আশা জাগল। হাতের কাছে কাঁচি পেলাম। নিজেই নিজের ডান হাত কেটে মেশিনের নিচ থেকে মুক্ত করলাম। ধ্বংসস্তূপ থেকে বের হওয়ার পর জ্ঞান হারালাম।’ এরপর এনাম মেডিকেলে দেড় মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসেন। মেরিল–প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে পাওয়া এক লাখ টাকায় বাড়িতে ফিরে একটা মনিহারি দোকান দিয়েছি। দোকানের আয়ে সংসার চলছে।’

ছেলে-মেয়ে হারিয়ে দিশেহারা কোহিনুর বেগম

নন্দীগ্রাম উপজেলার কাথম গ্রামের মানসিক প্রতিবন্ধী বুলু প্রামাণিকের কন্যা আসমা বেগম (২১) এবং ছেলে সুলতান মাহমুদ (১৬) সাভারে রানা প্লাজার একই পোশাক কারখানায় কাজ করতেন। দুর্ঘটনায় ভাইবোন দুজনই প্রাণ হারান। দুর্ঘটনার পর দুই ছেলে-মেয়ের মৃতদেহ পেতে সাভারের অধর চন্দ্র উচ্চবিদ্যালয় থেকে হাসপাতাল পর্যন্ত অনেক ছোটাছুটি করেন মা কোহিনুর বেগম।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে সাত মাস পর রাজধানীর জুরাইনে মেয়ের কবর খুঁজে পেলেও ছেলে সুলতানের কোনো খোঁজ পাননি তিনি। এখনো ছেলের আশায় পথ চেয়ে রয়েছেন মা। কোহিনুর বেগম বলেন, ‘প্রতিবন্ধী স্বামী নিজেই অচল। আসমার লাশ শনাক্তের পর দুই লাখ টাকা সাহায্য পেয়েছি। সেই টাকায় বসতবাড়ির জন্য চার শতাংশ জায়গা কিনেছি। কিন্তু ছেলের লাশ এখনো পাইনি। অবুঝ মন বলে, ছেলেটা ফিরে আসবে। কিন্তু চার বছরেও ফেরেনি।’