মানব পাচারে জড়িত পুলিশের তালিকাভুক্ত দালালের সংখ্যা ২৪১। এর মধ্যে কক্সবাজারের রয়েছেন ২০০ জন। তবে মানব পাচারবিরোধী সংগঠন ও স্থানীয় লোকজনের মতে, তালিকার বাইরে রয়েছে আরও ১০০ জন। এঁদের বেশির ভাগ এখনো ধরাছোঁয়ার বাইরে।
চলতি মাসের শুরুতে থাইল্যান্ডের জঙ্গলে বাংলাদেশি ও রোহিঙ্গাদের গণকবর পাওয়া এবং সাগরে ভাসমান অবস্থায় অভিবাসন প্রত্যাশীরা উদ্ধার হওয়ার পর মানব পাচারকারীদের ধরতে তৎপর হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। এরপর থেকে অন্য দালালেরা গা-ঢাকা দিয়েছেন।
সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ার উদ্দেশে সাগর পাড়ি দিয়ে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা অভিযোগ করেন, দালালদের সঙ্গে রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ রয়েছে। এ জন্য মানব পাচারকারীদের মধ্যে যাঁদের কাছ থেকে তথ্য পাওয়ার সম্ভাবনা আছে, তাঁরা ‘বন্দুকযুদ্ধে’ মারা যাচ্ছেন।
‘বন্দুকযুদ্ধে ধলু হোসনের মৃত্যু হওয়ায় আমি হতাশ। কারণ, ধলুকে জিজ্ঞাসাবাদ করা গেলে মানব পাচারের মূলহোতাদের শনাক্ত করা যেত’
কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় এ পর্যন্ত যাঁরা মারা গেছেন, তাঁদের জীবিত অবস্থায় পেলে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে মানব পাচারের আন্তর্জাতিক চক্রের সন্ধান পেত। মানব পাচার নিয়ে কক্সবাজার সিভিল সোসাইটি ২০১২ সাল থেকে উপকূলে সচেতনমূলক কর্মসূচি বাস্তবায়ন করলেও কেউ তৎপর হয়নি। এখন থাইল্যান্ড ও মালয়েশিয়ার জঙ্গলে গণকবর আবিষ্কার এবং বাংলাদেশিসহ হাজার হাজার অভিবাসী উদ্ধারের ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামে। কিন্তু চিহ্নিত প্রায় ৩০০ দালাল এখনো ধরাছোঁয়ার বাইরে। এ ক্ষেত্রে অন্তত ছয় মাস অভিযান চালাতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের গতিবিধি নজরদারিতে আনা দরকার। কারণ, জনপ্রতিনিধিদের সহযোগিতায় চলে সমুদ্র উপকূল দিয়ে মানব পাচার।
সর্বশেষ ১২ মে ভোররাতে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভুমিরাঘোনা গ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বেলাল হোসেন (৩৮) নামের এক ব্যক্তি। পুলিশের দাবি, বেলাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী। এ ছাড়া ৯ মে ভোরে উখিয়া সৈকতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. জাফর এবং ৮ মে টেকনাফ সৈকতে তিনজন মানব পাচারকারী ধলু হোসন, জাহাঙ্গীর আলম ও জাফর আলম নিহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, বন্দুকযুদ্ধে পাঁচজন শীর্ষ মানব পাচারকারী নিহত হওয়ার ঘটনায় অন্য দালালেরা আত্মগোপনে চলে গেছেন। দেশের বাইরে পালিয়ে গেছেন কিছু দালাল। ইতিমধ্যে ১৩ জন দালালকে ধরে কারাগারে পাঠানো হয়েছে। মানব পাচার শূন্যের কোটায় নিয়ে আসতে অভিযান চলছে। পাশাপাশি টেকনাফ, উখিয়া ও মহেশখালী উপজেলায় সম্প্রতি পুলিশের উদ্যোগে মানব পাচারবিরোধী সমাবেশ করা হয়েছে। এতে মানব পাচার ঠেকানোর পাশাপাশি দালালদের গতিবিধি সম্পর্কে পুলিশকে তথ্য দিতে এলাকাবাসীর সহযোগিতা চাওয়া হয়েছে।
টেকনাফ সাবরাং ইউনিয়নের হারিয়াখালী গ্রামের বাসিন্দা হারিয়াখালী গ্রামের বৃদ্ধ মো. হোসেন বলেন, ‘২০১২ সালের ৭ নভেম্বর রাতে টেকনাফ উপকূলে ১১০ জন যাত্রী নিয়ে দালাল ধলু হোসেনের তত্ত্বাবধানে একটি ট্রলার টেকনাফ থেকে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়ে কিছু দূর গিয়ে ডুবে যায়। ওই ট্রলারডুবির ঘটনায় আমার দুই ছেলে জাফর আলম (৩৫) ও নুরুল আলম (২৭) নিখোঁজ রয়েছে। সম্প্রতি টেকনাফে বন্দুকযুদ্ধে ধলু হোসেনের মৃত্যু হওয়ায় আমি হতাশ। কারণ, ধলুকে জিজ্ঞাসাবাদ করা গেলে মানব পাচারের মূলহোতাদের শনাক্ত করা যেত।’
উখিয়া ছেপটখালী গ্রামের দিনমজুর মোহাম্মদ আলম জানান, পাঁচ মাস আগে ‘রেভি ম্যাডাম’ নামে এক নারী তাঁর ছেলে সাইফুলকে (১৬) ফুসলিয়ে থাইল্যান্ড পাচার করেন। কিন্তু রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক থাকায় তিনি রেভি ম্যাডামের (রেজিয়া আকতার) বিরুদ্ধে কিছুই করতে পারছেন না।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) দেওয়ান আবুল হোসেন জানান, গত পাঁচ মাসে এই রেভি ম্যাডাম উখিয়া উপকূল দিয়ে প্রায় সাত হাজারের বেশি মানুষ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচার করেছেন। যঁাদের বেশির ভাগ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। মানব পাচার ও অর্থের লেনদেন সামলান তাঁর স্বামী নুরুল কবির। বিভিন্ন সময় গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে এখন আত্মগোপনে চলে গেছেন রেভি ম্যাডাম ও তাঁর স্বামী।