এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি আ.লীগ ও বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। একাধিক মনোনয়নপ্রত্যাশী প্রচারণা চলাচ্ছেন। তবে এলডিপির একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন দলীয়ভাবে পৌরসভা নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর চন্দনাইশে মনোনয়নপ্রত্যাশী মেয়র প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেন। এর মধ্যে মাঠে কৌশলে নিজেদের পক্ষে প্রচারণা চলাচ্ছেন আওয়ামী লীগের তিনজন ও বিএনপির দুজন।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মাহবুবুল আলম, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী ও সদ্য দলে যোগ দেওয়া সৌদিপ্রবাসী রফিকুল ইসলাম। বিএনপি থেকে পৌর বিএনপির সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সওদাগর দলের মনোনয়নে প্রত্যাশী বলে জানা গেছে।
উভয় দলের মনোনয়নপ্রত্যাশীরা বিভিন্ন সভা-সমাবেশে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। এ জন্য তাঁরা দলের তৃণমূলের নেতা-কর্মীদের সমর্থন চান।
একক প্রার্থীর ব্যাপারে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, দলের জন্য যাঁদের ত্যাগ আছে, তাঁদের মনোনয়ন দেওয়া হবে। চন্দনাইশের সাংসদের প্রচেষ্টায় একক প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয়ভাবে শর্ত সাপেক্ষে বিএনপি যেভাবে নির্বাচনের কথা বলেছে সেভাবে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হবে।
এদিকে এলডিপি থেকে মেয়র পদে বর্তমান মেয়র মোহাম্মদ আইয়ুবকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া ইসলামী ফ্রন্ট থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি মো. আবদুল হাকিম ও ইসলামী ফ্রন্ট পৌরসভা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী মেয়র পদে মনোনয়নপত্র িনয়েছেন।