এখনো মন খারাপ হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে পুড়েছে সারা শরীর। তবু স্নেহের হাত। ছবি: সাহাদাত পারভেজ
আগুনে পুড়েছে সারা শরীর। তবু স্নেহের হাত। ছবি: সাহাদাত পারভেজ

গত বছরের ২৯ নভেম্বরের ঘটনা। তার আগের রাতেই শাহবাগে যাত্রীভর্তি বিহঙ্গ পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ছুড়ে দেওয়া হয়। এতে পুড়ে যান ১৯ জন, যাঁদের আটজন পরে মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের বারান্দায় দাঁড়িয়ে পুড়ে যাওয়া বাসযাত্রীদের স্বজনের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় একজন এসে বললেন, ‘আমার ভাই আপনাকে ডাকে। ও আপনার পূর্বপরিচিত।’ জানতে চাইলাম ‘কোথায় আপনার ভাই?’ বললেন, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে। ঢুকেই হাতের ডানের বিছানায় শোয়ানো সেই ‘পরিচিত’। মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মুখমণ্ডল ফুলে কাঁধ পর্যন্ত চলে এসেছে। মুখমণ্ডল থেকে চামড়া খসে পড়েছে। চিনতে পারছি না, বোঝা যাচ্ছে না ওই ব্যক্তির বয়স ও মুখাবয়ব। পাশে বসে একজন নারী তুলা দিয়ে মুখমণ্ডল থেকে গড়িয়ে পড়া দেহরস মুছে দিচ্ছিলেন।
হাতের ইশারায় কাছে ডাকলেন সেই ‘পরিচিত’। কাছে যেতেই খুব ক্ষীণ কণ্ঠে বললেন, ‘ভাইয়া আমি বাবু, ঢাকা কলেজের বাবু।’ চিনতে পারলাম। তিনি ওহিদুর রহমান। ২০১১ সালে নিখোঁজ হন ওহিদুরের বাবা হাজি ওয়াজিউল্লাহ। তিনি তখন এইচএসসির ছাত্র। বাবার খোঁজে প্রায়ই প্রথম আলোর কার্যালয়ে আসতেন। সেই থেকে পরিচয় ও ঘনিষ্ঠতা। তাঁর নজরে যেকোনো ঘটনা ঘটলেই একবার ফোন করে জানাতেন। ছিলেন একেবারেই হ্যাংলা-পাতলা। পুড়ে গিয়ে দেহ ফুলে উঠেছে দ্বিগুণ। আমি কীভাবে চিনব এই ছেলেকে। চোখ পানিতে ভরে এল।

ওহিদুর রহমান
ওহিদুর রহমান


মানুষ মানুষকে এভাবে জ্যান্ত পোড়াতে পারে, তা ছিল ভাবনারও অতীত। গত বছরজুড়ে চলে এই মানুষ পোড়ানো তাণ্ডব। তখন এমন একটা সময় ছিল যে সকালে ঘুম থেকে উঠেই ছুটতাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। নতুন কোনো ‘পোড়া মানুষ’ এল কি না সেই খোঁজে। ঢাকাসহ সারা দেশের আনাচকানাচে মানুষভর্তি যানবাহনে ছুড়ে দেওয়া হচ্ছে পেট্রলবোমা। আর দেশে পোড়া রোগীর চিকিৎসায় বৃহত্তম ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট। তাই যেখানেই ঘটনা ঘটুক, চিকিৎসার জন্য মানুষকে এখানেই আসতে হচ্ছিল। একসময় জ্যান্ত মানুষ পোড়ানোর ঘটনা এত বাড়তে থাকল যে আমাদের কাজের তালিকায় যুক্ত হয়েছিল নতুন বিট ‘বার্ন ইউনিট’।
প্রথম প্রথম বার্ন ইউনিটে বেশিক্ষণ থাকতে পারতাম না। কয়েক দিনের মধ্যেই সব সয়ে গেল। পালা করে আমি আর সহকর্মী কাজী আনিছ বার্ন ইউনিটে খবর সংগ্রহে যেতাম।
আগের দিন যে লোকটির সঙ্গে আমি কথা বলছি, পরদিন সকালে সেই লোকটির খোঁজ করতে গিয়ে দেখি লাশের অপেক্ষায় স্বজনেরা মর্গে বসে আসেন। তাঁদের সঙ্গে খবরের জন্য বসে থাকতাম আমরাও। চামড়া উঠে যাওয়া, ফুলে যাওয়া শরীরের মানুষগুলোর সঙ্গে গণমাধ্যমকর্মীদের আবেগি সম্পর্ক তৈরি হয়ে যেত।
গত বছরের নভেম্বর। টানা হরতাল চলছে। এ রকমই এক সন্ধ্যায় (২৮ নভেম্বর) শোনা গেল শাহবাগে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছোড়া হয়েছে। ছুটে গিয়ে দেখলাম শিশুপার্কের সামনে সড়ক বিভাজকের ওপরে উঠে রয়েছে বাসটি। তখনো হেডলাইট জ্বলছে। সামনের কাচ ভাঙা। ভেতরে তেমন পোড়া চিহ্ন নেই। ভাবলাম হয়তো কেনো যাত্রীরা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু বার্ন ইউনিটে গিয়ে যা দেখলাম সেটা বর্ণনাতীত। বাসের চালক-সহকারীসহ ১৯ জন যাত্রী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন (শেষ পর্যন্ত আটজন মারা যান)। বার্ন ইউনিটের জরুরি বিভাগজুড়ে চলছে চিৎকার আর কান্না। মানুষের ভিড় সামলাতে বাঁশি বাজিয়েই চলেছেন আনসার সদস্যরা। যথাসম্ভব সবার সঙ্গে কথা বলে অফিসে ফিরে প্রতিবেদন লিখলাম।
পরদিন বার্ন ইউনিটে গিয়ে ওহিদুর রহমানের পোড়া চেহারাটা দেখলাম। তাঁর ভাই মজিবর রহমান তখন বলছিলেন, পোড়ার পর থেকেই বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের নাম ধরে খুঁজছিলেন। ওর ধারণা, আপনারা ওর জন্য কিছু করতে পারবেন। বলতে বলতেই দুই হাত চেপে ধরে কাঁদতে শুরু করলেন মজিবর। বললেন, ‘আমার ভাইটার জন্য আপনারা কিছু করেন।’ আমার চোখেও পানি জমে, কিন্তু অসহায়ত্বটা প্রকাশ করতে পারি না। শুধু বলি, ‘ডাক্তাররা সর্বোচ্চটাই করছেন।’
ফিরে এসে ফেসবুক খুলে দেখি কেউ একজন বাবুর পাতায় তার পোড়া চেহারার ছবিটা জুড়ে দিয়েছেন। কোনোভাবেই মেলানো যায় না এই মানুষটির সঙ্গে সেই মানুষটিকে।ওই দিন রাতেই ওর অবস্থা খারাপ হয়ে যায়। তাঁকে নেওয়া হয় নিবিড় পরিচর্যাকেন্দ্রে। দুই দিন পরে মারা যান।
চলতি বছরের ৫ জানুয়ারি নির্বাচনের পর ধীরে ধীরে কমতে থাকে নাশকতা। এখন মনে হয় এসবই ছিল কেনো দুঃস্বপ্নের অংশ। খবর কুড়াতে প্রায়ই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া লাগে। এখনো বার্ন ইউনিটের দিকে তাকিয়ে ওই ছেলেটির জন্য মন খারাপ লাগে।
গোলাম মর্তুজা: জ্যেষ্ঠ প্রতিবেদক