এখনো মায়ের হাতে খান সাব্বির

সোফার একাংশজুড়ে রয়েছে কয়েকটা ক্রিকেট ব্যাট। সবই নতুন। মোড়ক খোলাই হয়নি। শোকেসের ওপরেও ব্যাট। তবে সেগুলো খেলার জন্য নয়, অটোগ্রাফ নেওয়ার ব্যাট। ঘরের চার দেয়ালেই খেলোয়াড়দের বাঁধানো ছবি ও জার্সি। খাজা আহাম্মেদ এমনই একটি ঘরের ভেতরে আমন্ত্রণ জানালেন। বলার অপেক্ষা রাখে না, এটা একজন খেলোয়াড়ের ঘর। খাজা আহাম্মেদ সেই খেলোয়াড়ের একজন গর্বিত বাবা। আর খেলোয়াড় হচ্ছেন সাব্বির রহমান।
সাব্বিরের বাড়ি রাজশাহী নগরের ২৭ নম্বর ওয়ার্ডে। ঠিকানা ৩১৫ বালিয়াপুকুর। বাড়ির সামনে বড় গেট।
গেট পার হলেই খানিকটা আঙিনা। সারাক্ষণ ছায়ায় ঢেকে রাখে বড় একটি মেহগনিগাছ। দোতলা বাড়ির নিচতলায় সাব্বির মা-বাবার সঙ্গে থাকেন।
আমরা যখন তাঁর বাড়িতে ঢুকি, তখন সন্ধ্যা পার হয়ে গেছে। প্রথমে জানালা দিয়ে উঁকি দিলেন খাজা আহাম্মেদ। ভীষণ বিনয়ী মানুষ। বয়স ৬৪ হয়েছে, বোঝার উপায় নেই।
খাজা আহাম্মেদের দুই ছেলের মধ্যে ছোটসাব্বির রহমান। বড় ছেলে পুলিশ কর্মকর্তা। আমানতুর রহমান। বর্তমানে রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় কর্মরত আছেন।
কথা শুরু করতেই পাশের কক্ষ থেকে মা হাজেরা খাতুন মিষ্টি নিয়ে এসে বললেন, ‘আগে মিষ্টিমুখ করেন।’
সাব্বির রহমানের ছোটবেলার ক্রিকেটের প্রসঙ্গ তুলতেই মা বলেন, ‘ও যখন ফোর-ফাইভে পড়ত, তখন আমরা রাজশাহী নগরের আলুপট্টির মোড়ের একটি বাসায় থাকতাম। পাশেই দৈনিক বার্তার ছোট্ট মাঠ। আজকের ভবন হয়নি। সেখানে একটা ছোট মাঠ ছিল। ওই মাঠে ক্রিকেটের প্র্যাকটিস হতো। ওই দিকে সাব্বিরের খুবই আগ্রহ।’
খাজা আহাম্মেদ বললেন, ‘আগ্রহ দেখেই কোচ আবদুর রশিদের কাছে প্র্যাকটিসে দিলাম।’ মা আবার কথা কেড়ে নেন। ‘আমরা একসময় ক্রিকেট তারকা পাইলটের বাসার পাশে থাকতাম। পাইলটের ক্রিকেটে খুব নামডাক হলো। তা দেখে আমাদের ভেতরে ক্রিকেট নিয়ে স্বপ্ন উঁকি দিল। পরে অবশ্য পাইলট অনেক সহযোগিতা করেছে। পাইলট ছাড়া আরও অনেকে সহযোগিতা করেছেন। আর ও কোনো সময় বসে থাকেনি। সব সময় প্র্যাকটিসের ওপরেই থাকত।’
মা বললেন, ‘আমার ছেলের বড় কিছু চাহিদা নেই। খাবার যা দেব, তা-ই খাবে। বলবে না যে এটা দাও, ওটা দাও। এখনো শিশুর মতো। কাপড় পরতে পরতেই বলে মা খাইয়ে দাও। দিতে হয়। অস্ট্রেলিয়ায় থাকতে প্রতিদিন দুবার করে ফোন করত। রাতে নেমে নাটোরের এক ছেলের সঙ্গে মাইক্রোবাস ভাড়া করে চলে এসেছে। থাকতে পারেনি। ভোরে এসে পৌঁছেছে।’ ছেলের কথা বলতে বলতেই আনন্দে মায়ের চোখ ভিজে ওঠে।