এখনো মেরামত হয়নি ভাঙা সেতু, যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির নাজিরহাট-কাজীরহাট সড়কের মন্দাকিনী খালের ওপর স্থাপিত বেইলি সেতু ভেঙে পড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। লোকজন চলাচল করছে খালের ওপর তৈরি সাঁকো দিয়ে। ২৩ জানুয়ারি দুপুর ১২টার চিত্র l প্রথম আলো
ফটিকছড়ির নাজিরহাট-কাজীরহাট সড়কের মন্দাকিনী খালের ওপর স্থাপিত বেইলি সেতু ভেঙে পড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। লোকজন চলাচল করছে খালের ওপর তৈরি সাঁকো দিয়ে। ২৩ জানুয়ারি দুপুর ১২টার চিত্র l প্রথম আলো

১০ দিনেও সচল হয়নি ফটিকছড়ির নাজিরহাট-কাজীরহাট সড়ক। এতে দুর্ভোগ বেড়েছে ওই সড়কে চলাচলকারী হারুয়ালছড়ি, ভুজপুর ও সুয়াবিল ইউনিয়নের প্রায় এক লাখ মানুষের। ১৫ জানুয়ারি সড়কের মন্দাকিনী খালের ওপর স্থাপিত বেইলি সেতুটি একটি ট্রাকসহ ভেঙে পড়ে।

এখন সেতুর মেরামতের কাজ চলছে। কর্তৃপক্ষ বলছে, চলতি মাসের শেষ নাগাদ কাজ শেষ হলে যানবাহন চলাচল সচল হবে। তবে এলাকাবাসীর অভিযোগ, কাজ চলছে ধীরগতিতে।

স্থানীয় লোকজন বলেন, সেতুটি ভেঙে পড়ায় উত্তর ফটিকছড়ির সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বর্তমানে সেখানকার লোকজন উপজেলার বৃন্দাবনহাট ও হাইদচকিয়া হয়ে খাগড়াছড়ি সড়ক ধরে কমপক্ষে ২০ কিলোমিটার ঘুরে ছোট যানবাহনে চলাচল করছে। তাদের চট্টগ্রাম শহরে যেতে হচ্ছে ১৫-২০ কিলোমিটার ঘুরে।

সুয়াবিল গ্রামের বাসিন্দা সরকারি চাকরিজীবী জাকারিয়া সিকদার বলেন, ‘সেতু ভেঙে পড়ায় প্রতিদিন কর্মস্থলে ঠিক সময়ে পৌঁছাতে পারি না। হালকা যানবাহনে করে ২০ কিলোমিটার ঘুরে যাতায়াতের ফলে ব্যয় অনেক বেড়ে গেছে।’

সেতুটি ভাঙায় স্থানীয় কৃষক ও সবজিচািষরাও পড়েছেন বিপাকে। উপজেলার বিভিন্ন এলাকার উৎপাদিত বিভিন্ন সবজি ট্রাক ও পিকআপ কিংবা ভ্যানে করে চট্টগ্রাম নগরসহ বিভিন্ন হাটবাজারে নিয়ে যাওয়া হতো। এটি ভেঙে যাওয়ায় অতিরিক্ত পথ ঘুরে এসব সবজি বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

হারুয়ালছড়ি গ্রামের সবজিচাষি মুহাম্মদ আবদুল গণি বলেন, উৎপাদিত বিভিন্ন সবজি ২০ কিলোমিটার ঘুরে উপজেলার বিভিন্ন বড় হাটবাজার এবং নগরে পাঠাতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এখন খরচ বেড়ে লাভের অংশও কমে গেছে।

২৩ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, সেতু ভেঙে পড়া ট্রাকটি এখনো খালে পড়ে আছে। তিনজন শ্রমিক সেতুর মেরামতের কাজ করছেন। এদিকে খালের ওপর অস্থায়ী সাঁকো নির্মাণ করে চলাচল করছে লোকজন। সাঁকো দিয়ে কোনো রকমে মোটরসাইকেল চলাচল করছে। এ ছাড়া ভূজপুর থেকে ছেড়ে আসা গাড়িগুলো সেতুসংলগ্ন স্থানে যাত্রী নামিয়ে দিচ্ছে। অপর দিকে বিপরীতমুখী নাজিরহাট বাজার থেকে আসা গাড়ির অবস্থাও একই। যাত্রীরা সাঁকো পার হয়ে অন্য প্রান্তের গাড়ি ধরছে।

সড়কে যাতায়াতকারী কলেজছাত্র সাইফুর রহমান বলেন, ‘সুয়াবিলের চুরখাঁরহাট থেকে সিএনজিচালিত অটোরিকশায় উঠে মন্দাকিনী খালের পাড়ে নামিয়ে দিয়ে ২০ টাকা ভাড়া চাওয়া হয়। কিন্তু আগে একই দূরত্বের ভাড়া ছিল ১০ টাকা। এতে আমার মতো অনেকেই দুর্ভোগে পড়েন।’

সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তালেব চৌধুরী অভিযোগ করেন, ‘কয়েক বছর আগেও একবার সেতুটি ভেঙে পড়ে। এরপর পুরোনো লোহার পাটাতন দিয়ে আবার সেতুটি নির্মাণ করা হয়। মজবুত না হওয়ার কারণে আবারও তা ভেঙে পড়ে। বর্তমানে সেতু মেরামতের কাজ চলছে ধীরগতিতে।’

উপজেলা প্রকৌশলী ম বিল্লাল হোসেন বলেন, সেতুটির ওপর দিয়ে সর্বোচ্চ ১৫ টন ওজন নিয়ে যানবাহন চলাচলের কথা। কিন্তু মালমাল বোঝাই প্রায় ৩০-৩৫ টন ওজনের ট্রাকটি পার হওয়ার সময় সেতু ভেঙে পড়ে। তিনি বলেন, সেতুটি মেরামতের কাজ শুরু হয়েছে। লোকজন আপাতত হেঁটে চলার জন্য সেখানে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় বলেন, ‘সেতুটি মেরামত করার জন্য আমরা সওজের কাছ থেকে কিছু যন্ত্রপাতি নিয়েছি। শিগগির সেতু মেরামতের কাজ শেষ হবে।’