এখনো সরানো হয়নি আবাসিকের সড়কের প্রতিবন্ধকতা
নগরের আবাসিক এলাকার সড়কগুলোর প্রতিবন্ধকতা এখনো সরানো হয়নি। আবাসিকে ঢোকার মুখে লোহার ফটক বসিয়ে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব সড়ক দিয়ে সমিতির স্টিকার ছাড়া বাইরের গাড়ি ঢুকতে দেওয়া হয় না। ফলে মূল সড়কে যানজট ও গাড়ির চাপ বাড়লে বিকল্প হিসেবে এসব সড়ক ব্যবহার করা যাচ্ছে না।
জানা যায়, ও আর নিজাম আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে গত ফেব্রুয়ারি মাসে লোহার ফটক দেওয়া হয়। প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ ফটক অপসারণে মার্চে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে চিঠি দেন পাশের হিলভিউ আবাসিক এলাকার এক বাসিন্দা। এখন পর্যন্ত এ ফটক অপসারণে কোনো ব্যবস্থা নেয়নি করপোরেশন।
ও আর নিজাম আবাসিক এলাকার মতো কাতালগঞ্জ, নাসিরাবাদ হাউজিং, আমিরবাগ, খুলশী, পাঁচলাইশ ও চান্দগাঁও আবাসিকেও ফটক দিয়ে সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে।
গত ১৬ জুন প্রথম আলোর আঞ্চলিক ক্রোড়পত্র আমার চট্টগ্রামে ‘আবাসিকের নিরাপত্তায় অবরুদ্ধ সড়ক!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই সময় সিটি করপোরেশনের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম বলেছিলেন, সিটি করপোরেশনের অনুমতি না নিয়ে আবাসিক এলাকাগুলোতে ফটক নির্মাণ করা হয়েছে। এসব ফটক অপসারণে পবিত্র রমজানের ঈদের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন তিনি। কিন্তু এখনো সিটি করপোরেশন কিংবা নগর পুলিশের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি বেশিদিন হয়নি। এর আগে প্রায় ছয় মাস সিটি করপোরেশনে ম্যাজিস্ট্রেট ছিল না। এতে অনেক কাজ জমে গিয়েছিল। এখন আমরা বিভিন্ন ওয়ার্ডের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করছি। এরই ধারাবাহিকতায় আবাসিক এলাকার গেটগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।’
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ উল হাসান বলেন, শিগগিরই বাদশা মিয়া সড়কসংলগ্ন আবাসিক এলাকার গেটগুলো উচ্ছেদ করা হবে। অন্যগুলোর ব্যাপারেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি ও প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, ‘নীতিমালার অভাবে যে যার মতো করে গেট নির্মাণ করে চলছে। এভাবে চলতে পারে না। নগরের সড়কগুলোতে যান চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য সবার সঙ্গে আলাপ-আলোচনা করে এর সমাধান খুঁজে বের করতে হবে। যারা গেট নির্মাণ করেছে তাদের সঙ্গেও বসতে হবে। তারা কেন এটি করেছে তা জানার প্রয়োজন আছে।’
সড়কে ফটক নির্মাণ প্রসঙ্গে ও আর নিজাম আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বলেন, ছিনতাইকারী ও মোটরসাইকেল আরোহীদের দৌরাত্ম্যে আবাসিক এলাকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। ছিনতাইকারীরা জিইসি মোড়ে কিংবা আশপাশে ছিনতাই করে নির্বিঘ্নে এই সড়ক দিয়ে চলে যেত। এসব বন্ধ করতে এই গেট দেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে গেট তুলে নেওয়ার ব্যবস্থা আছে।