বছর চারেক আগের কথা, চট্টগ্রামের পাঁচলাইশের ৩৪-এ নম্বর প্লটে একজন শহীদ বুদ্ধিজীবীর কবর খুঁজে পাওয়া গিয়েছিল। শহীদের নাম কর্নেল আবদুল কাদির। ১৯৭১ সালে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট করপোরেশনের (এখনকার পেট্রোবাংলা) প্রধান ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ শুরুর দিকে তাঁর অসম সাহসী অবদানের কথা এখন আমাদের গৌরবময় ইতিহাসের অংশ। আর সে কারণেই পাকিস্তানি হানাদারদের কোপানলে পড়তে হয়েছিল কর্নেল কাদিরকে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় তাঁকে । কিন্তু পরিবার ও বন্ধু-স্বজনেরা দীর্ঘদিন তাঁর কোনো খোঁজখবর জানতেন না। ঘটনাচক্রে দীর্ঘ ৩৬ বছর পর কর্নেল কাদিরের দ্বিতীয় সন্তান, সাংবাদিক নাদিম কাদির চট্টগ্রামের পাঁচলাইশের ৩৪-এ নম্বর প্লটে খুঁজে পান তাঁর বাবার কবর। কিন্তু বাবার কবর চোখে দেখলেও আজও তা অধরাই থেকে গেছে তাঁর কাছে, পুরো দেশবাসীর কাছে। কিন্তু কেন?প্রশ্নের উত্তর খোঁজার আগে একটু পেছনে ফিরে তাকাই আমরা। ১৯৭১-এ সাংবাদিক নাদিম কাদিরের বয়স ছিল নয় বছর। বড় বোন ঝুমুরের ১২। আর ছোট ভাই অরুণ তখন মায়ের গর্ভে। ঠিক সেই সময় বাবাকে হারান তাঁরা। কর্নেল কাদিরের সঙ্গে সেই সময় বেশ ভালো সখ্য ছিল মেজর কামরুল হাসান ভূঁইয়ার। তিনি বললেন মুক্তিযুদ্ধে কর্নেল কাদিরের অবদান ও তাঁর হত্যার পেছনের কারণ সম্পর্কে, ‘কর্নেল কাদির ছিলেন সেই সময়ের অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট করপোরেশনের প্রধান। সেই প্রতিষ্ঠানটি মাইন বিস্ফোরণের জন্য বিস্ফোরক ব্যবহার করত। এবং সেই সব বিস্ফোরক ছিল কর্নেল কাদিরের হেফাজতে। মুক্তিযুদ্ধ শুরুর দিকে তিনি তাঁর জিম্মায় থাকা সেই বিস্ফোরকগুলো তুলে দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের হাতে। কুমিল্লা ক্যান্টনমেন্টে যেন পাকিস্তানি মিলিটারিরা পৌঁছাতে না পারে, এই উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম সড়কে শুভপুর সেতু উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন মুক্তিযোদ্ধারা। আর পরিকল্পনার বাস্তবায়ন হয় কর্নেল কাদিরের সেই বিস্ফোরক দিয়েই। ধারণা করা যায়, সে কারণেই পাকিস্তানি মিলিটারিরা তাঁকে তুলে নিয়ে যায় এবং হত্যা করে।’এর পর কেটে গেছে বছরের পর বছর, বাবার খোঁজ নেই। তবে নাদিম কাদির একটু বড় হয়েই বেরিয়ে পড়েন বাইরে, বাবার খোঁজে। ১৯৭৭ সাল থেকে শুরু তাঁর বাবাকে খোঁজার অভিযান। এদিকে মা হাসনা হেনা কাদির স্বামীর অপেক্ষায় থাকতে থাকতে ১৯৯৯ সালে বিদায় নেন পৃথিবী থেকে। তবুও থেমে থাকেননি নাদিম। বুকপকেটে বাবার ছবি নিয়ে চষে বেড়িয়েছেন মুক্তিযুদ্ধের সময় তাঁদের আবাস চট্টগ্রামের পাঁচলাইশসহ আশপাশের এলাকায়।এভাবে খুঁজতে খুঁজতে অবশেষে আসে ২০০৭-এর সেই দিনটি, যেদিন নাদিম খুঁজে পেলেন তাঁর হারিয়ে যাওয়া বাবার ঠিকানা। নাদিম কাদির বললেন সেদিনের কথা, ‘সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল বায়েজিদের কাছে প্রথম আমার বাবার খোঁজ পাই। তিনি ড. মাহফুজুর রহমানের লেখা একটি বই দিয়েছিলেন। যেখানে লেখা ছিল আমার বাবাসহ আরও ৩৫ জন অসহায় বাঙালির মৃত্যুর কথা। পরে ড. মাহফুজের কাছে ছুটে যাই। তিনি আমাকে একাত্তরে চট্টগ্রামের আওয়ামী লীগের নেতা নূরুল ইসলামের ঠিকানা দেন। আর তাঁর কাছেই জানতে পারি, ১৯৭১ সালের ১৭ এপ্রিল দুপুর দুইটার দিকে গুলির শব্দ শোনেন তিনি। পরে স্থানীয় লোকজনের কাছে নিশ্চিত হন একটু আগে আমার বাবা ও বেশ কয়েকজন বাঙালিকে হত্যা করেছে পাকিস্তানি হানাদাররা। পরদিন স্থানীয় মক্কি মসজিদের ইমামকে ডেকে সবাইকে জানাজা শেষে চট্টগ্রামের পাঁচলাইশের ৩৪-এ নম্বর প্লটে কবরও দেন নূরুল ইসলাম।’৩৬ বছর পর বাবাকে খোঁজার পালা শেষ হলে কোথায় নাদিম কাদির একটু স্বস্তির শ্বাস ফেলবেন, তা না। মুখোমুখি হলেন নতুন এক সমস্যার। সমস্যাটি হলো, কর্নেল কাদির ও অন্যান্য শহীদের সেই গণকবরের জায়গাটির মালিক একসময় সিদ্ধান্ত নিলেন সেখানে তাঁরা একটা দালান তুলবেন! অনেক অনুরোধ করা হলো তাঁদের। কিন্তু কে শোনে কার কথা! একটা ছয়তলা উঁচু দালান ঠিকই উঠল সেখানে। নাদিম কাদির শেষমেশ কোনো উপায় না দেখে, বাবার দেহাবশেষ সংরক্ষণের জন্য আবেদন করেন সরকারের কাছে। ২০০৮-এর শুরুর দিকে শহীদ লে. কর্নেল আবদুল কাদিরের দেহাবশেষ সংরক্ষণের জন্য ব্রিগেডিয়ার জেনারেল আবুল হোসেন পিএসসিকে সভাপতি করে সেনাবাহিনীতে চার সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন লে. কর্নেল মোহাম্মদ ইয়াহিয়া আযম খান, মেজর গোলাম কিবরিয়া ভূঁইয়া ও মেজর খাজা মোহাম্মদ মাহবুবুর রহমান। কমিটির সদস্যরা ২০০৮-এর ৮ ফেব্রুয়ারি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কর্নেল কাদিরের সমাধি, পাঁচলাইশের কর্মস্থল ও পুরোনো বাসা পরিদর্শন করেন। সেই বছরের ২২ মার্চ সেনা সদর দপ্তরে সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। কমিটি গণকবরের সামনে গোলচত্বরে স্মৃতিসৌধ নির্মাণ, নির্মিত ভবনের নিচ থেকে কর্নেল কাদিরের দেহাবশেষের মাটি সংগ্রহ করে চট্টগ্রাম সেনানিবাসে অথবা কাদিরাবাদ সেনানিবাসে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করাসহ নির্মিত ভবনের নিচতলায় কর্নেল কাদিরের নামে পাঠাগার স্থাপন করার ব্যাপারে সুপারিশ করে।তবে এত দিন বাদেও সেই সুপারিশ কাগজেই রয়ে গেছে। কর্নেল কাদিরের দেহাবশেষ সংরক্ষণ বা স্মৃতিসৌধ নির্মাণের ব্যাপারে কোনো পদক্ষেপই চোখে পড়েনি এ পর্যন্ত! ‘বাংলাদেশে একটা আইনই আছে—বধ্যভূমি চিহ্নিত হলে, যার সম্পত্তিই হোক, সরকার সেই জায়গাটি অধিগ্রহণ করতে পারে। কিন্তু সেটা আজও হলো না। মুক্তিযুদ্ধের শুরু থেকে ১৬ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত বিভিন্ন সময়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধে অবদান রাখতে গিয়ে শহীদ হওয়া সেনাসদস্যরা পাঁচটি পদকের জন্য যোগ্য বিবেচিত হন। সেটি হলে আমার বাবাও তিনটি পদকের যোগ্য—রণতারকা পদক, সমর পদক ও মুক্তিতারকা পদক। অথচ আমার বাবা সেসব পদকের কোনোটাই পাননি! শহীদ পরিবার হিসেবে সরকার বা কারও কাছ থেকে এক পয়সাও কখনো অনুদান নিইনি আমরা। আমাদের টিফিনের পয়সা বাঁচিয়ে মা বাসা মেরামত করেছেন পর্যন্ত! তার পরও আমাদের কোনো দাবিদাওয়া ছিল না। মা চলে গেছেন। এখন একটাই চাওয়া—বাবার কবরটা সংরক্ষণ করে তাঁর প্রাপ্য স্বীকৃতিটুকু দেওয়া হোক। সন্তান হিসেবে আমরা যেন সেখানে গিয়ে তাঁর জন্য দোয়া করতে পারি।’ বলছিলেন নাদিম কাদির।লেখাটি শেষ করছি কর্নেল কাদিরের একটি চিঠির অংশ দিয়ে। চিঠিটি মুক্তিযুদ্ধ শুরুর আগে আগে আওয়ামী লীগের নেতা মোহাম্মদ কামরুজ্জামানকে লিখেছিলেন তিনি (মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে তা)। সেখানে এক জায়গায় লিখেছিলেন, ‘আমাদের সবকিছু এখন বন্ধ। আমাদের ভবিষ্যতের জন্য মনে করি ড্রিলিং, ড্রিলিং পরীক্ষামূলক কাজ ও তৎসহ স্টোর এবং ওয়ার্কশপ চালু রাখা দরকার। নতুবা আমাদের পাঁচ বছরের চেষ্টা বৃথা হবে। কিছু পাওয়া গেলে তা আমাদের তথা বাংলাদেশের কাজে লাগবে।...’চিঠির এই কথাগুলো থেকে স্পষ্ট হয়, কর্নেল কাদির বিশ্বাস করতেন, বাংলাদেশ স্বাধীন হবে। এবং মুক্তিযুদ্ধের সময় তাঁর অবদানের কথা তো আমরা জানিই। তিনি আমাদের সূর্যসন্তানদের একজন। তাই তাঁর সন্তানেরা যখন বাবার কবরের ওপারের রাস্তায় দাঁড়িয়ে মোনাজাতের জন্য হাত তোলেন, তখন আমাদের কষ্ট হয়, আমরা লজ্জা পাই।