কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের রোহিঙ্গারা এখনো বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। ইতিমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে অনেক রোহিঙ্গা ঢুকে পড়েছে বলে জানা গেছে। দিনে বিজিবি-কোস্টগার্ডের সদস্যরা সীমান্ত ও নাফ নদীতে তৎপর থাকে বেশি, তাই রোহিঙ্গারা রাতের অন্ধকারেই অনুপ্রবেশের চেষ্টা চালায়।বিজিবি সূত্র জানায়, গত ২৮ জুন ভোররাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া দিয়ে অনুপ্রবেশকালে বিজিবির টহলদল মিয়ানমারের নয় পুরুষ ও তিন নারী রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিক মিয়া বলেন, ‘দিনে রোহিঙ্গারা ছোট ছোট নৌকা নিয়ে নাফ নদীতে অবস্থান করে। রাতের বেলায় তারা বাংলাদেশ সীমান্তে এসে নদী সাঁতরিয়ে অনুপ্রবেশ করছে। এ রকম অনুপ্রবেশকারী কিছু রোহিঙ্গাকে আটক করে স্থানীয় লোকজন পুলিশ ও বিজিবি সদস্যদের হাতে তুলে দিয়েছে।’ স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত সাত দিনে (২২ থেকে ২৮ জুন) উপজেলার নিলা, জাদিমুরা, শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া, সাবরাংসহ ১০ থেকে ১২টি সীমান্ত পয়েন্ট দিয়ে পাঁচ শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করে। এরপর তারা আত্মগোপন করে স্থানীয় কিছু লোকজনের বাসাবাড়িতে। বিশেষ করে, সাবরাং ও টেকনাফ সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ঠাঁই নিচ্ছে।এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ‘সীমান্তে বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা অনুপ্রবেশের পর অনেক স্থানে আশ্রয় নেওয়ার সময় বেশ কয়েকজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অন্যদেরও আটক করা হবে। গত কয়েক দিন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগে স্থানীয় পাঁচজন ব্যক্তিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।’ বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, মিয়ানমারে জাতিগত দাঙ্গার পর থেকে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। গত ১৬ দিনে প্রায় এক হাজার রোহিঙ্গাকে অনুপ্রবেশের সময় আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ ঠেকানো আমাদের নিয়মিত কাজের অংশ। শুধু সংঘাতের কারণে নয়, সারা বছরই রোহিঙ্গারা বিভিন্নভাবে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। আমরা তাদের আটক করে স্বদেশে ফেরত পাঠাই।’ বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তপথ রয়েছে প্রায় ১৫০ কিলোমিটার। এর মধ্যে নাফ নদীর সীমান্ত পড়েছে প্রায় ৫৪ কিলোমিটার। মিয়ানমার তাদের ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকার ৪৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে।মিয়ানমারে ঢুকতে হলে কিংবা বের হতে হলে কাঁটাতারের বেড়ায় আটকা পড়তে হয়। সে ক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ। বিজিবি ও কোস্টগার্ড বাহিনীকে সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করতে হয় টহল দিয়ে, হেঁটে। তার পরও টেকনাফের ৪১টি চোরাই পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় বিজিবির সদস্যরা ২০১০ সালে দুই হাজার ৫৩৮, ২০১১ সালে এক হাজার ৭৮৯ ও ২০১২ সালের জানুয়ারি থেকে ২৩ জুন পর্যন্ত দুই হাজার ১৭৮ জনকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনের তুলনায় কম চেকপোস্ট ও জনবল দিয়ে বিশাল সীমান্ত এলাকা সুরক্ষিত রাখা সম্ভব হচ্ছে না।একইভাবে বর্ষার এই বৈরী পরিবেশে, অন্ধকার রাতে নাফ নদীতে নেমে শত শত নৌযান পাহারা দেওয়াও সম্ভব হচ্ছে না। এই ফাঁকে রোহিঙ্গারা জেলে সেজে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা এগিয়ে না এলে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হবে না।