এখনো অনেক রাত
সাহেরা খুব সম্ভবত যেকোনোভাবে বাঁচতে চেয়েছিলেন। সে কারণেই হয়তো মুখ বুজে মেনে নিয়েছিলেন স্বামীর মধ্যযুগীয় আবদার। আশায় বুক বেঁধেছিলেন একটা ছেলে উপহার দিতে পারলেই সুখ ফিরবে সংসারে। কিন্তু নিয়তি সাহেরার পক্ষে ছিল না। তৃতীয়বারও মেয়ে জন্ম হওয়ার ‘অপরাধে’ শেষতক সাহেরাকে মেনে নিতে হয়েছে প্রাণদণ্ড। আর এই দণ্ডদাতা তাঁর স্বামী স্বয়ং। হ্যাঁ, সেই স্বামী, একদিন যাঁর হাতে হাত রেখে সাহেরা দেখেছিলেন সারা জীবন পাড়ি দেওয়ার স্বপ্ন! সাহেরার মৃত্যু এবং পুত্রসন্তান লাভের ব্যর্থতায় তাঁর স্বামীর মানসিক বৈকল্য আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার এক যুগের কথা, যে সময়ে কন্যাসন্তানকে দেওয়া হতো জীবিত কবর। ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোর বিশাল বাংলা পাতায় প্রকাশিত এই খবর পড়ে আমরা শিউরে উঠি। এবং দুঃখের বিষয়, শিউরে ওঠার বেশি কিছু আদতেই করার নেই আমাদের। হন্তারক বা হত্যায় প্ররোচনা দানকারী স্বামীটির প্রতি স্বাভাবিকভাবেই আমরা পোষণ করব তীব্র ঘৃণা। কিন্তু ভুলে গেলে চলবে না, তাঁর এই অতি অস্বাভাবিক পুত্রসন্তানপ্রীতির পেছনে আমাদের সমাজব্যবস্থার দায়ও কম নয়। আমাদের পিছিয়ে থাকা সমাজই স্বামীপ্রবর জয়নালকে ভাবতে শিখিয়েছে কন্যাসন্তানের জন্ম মানেই হাজারো বিপত্তি। হয়তো মনে শঙ্কা ছিল, পুত্রসন্তান না হলে কে তাঁদের দেখবে ভবিষ্যতে? কিন্তু জয়নালকে কে বোঝাবে, কন্যাসন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। পুত্র-কন্যা যা-ই হোক, সুসন্তান ঠিকই বাবা-মায়ের দায়িত্ব নেয়। জয়নালদের মনের অন্ধকার দূর করবে কে? — ই হো চৌ