জোয়ারের পানিতে ডুবে আছে রাস্তাঘাট। কাদা-পানিতে সয়লাব ঘরের দুয়ার পর্যন্ত। এর মধ্যেই একটু উঁচু খালি জায়গাটুকুতে ছয় থেকে ১৫ বছরের শিশুরা খেলছে ক্যারম। আরও কম বয়সের কিছু উদোম শিশু সেই কাদা-মাটিতেই খেলছে। এর পাশেই তাস পেটাচ্ছেন বয়স্করা। পাশের চায়ের দোকানে উচ্চ শব্দে চলছে বাংলা সিনেমার গান।এই চিত্র নগরের ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের হাজী কলোনির চিত্র। হাজী কলোনি ছাড়াও নগরের বিভিন্ন ওয়ার্ডে বিশেষ করে আমবাগান, স্টেশন রোড, মতিঝর্ণা, ডেবার পাড়, বাদামতলি, মাদারবাড়ির বস্তিগুলোতে এ ধরনের দৃশ্য চোখে পড়বে।আজ সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ২০১৪ সালের মধ্যে দেশকে সম্পূর্ণ নিরক্ষরমুক্ত করার সরকারি ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ২০১১ সালের মধ্যে বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করার কথা।অথচ নগরের পশ্চিম বাকলিয়ার বগারবিল, মনু গলি বাইলেইন, দক্ষিণ বাকলিয়ার বাইল্লা, আয়েশা, মুন্নির মা কলোনি, বক্সিরহাটের হাজী কলোনি, সি বিচ কলোনিতে সরেজমিনে দেখা গেছে, এখনো শিক্ষার আলো পৌঁছায়নি সেখানে। ওখানকার শিশুরা বেড়ে উঠছে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে।সি বিচ কলোনির রাবেয়া আকতার বলেন, ‘পোলাপানদের ভালোমতো খাওয়াইতে পরাইতে পারি না। পড়ালেহা কেমনে করামু।’ আরেক বস্তিবাসী হাসানুল বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী মিইলা দুইজনে ভালো কামাই করি। আমাদের দুই ছেলেমেয়েকে পড়ালেখা শিখাইতে চাই। কিন্তুক এই ওয়ার্ডে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই। বেসরকারি বিদ্যালয়ের খরচ জোগানোর ক্ষমতা তো নাই।’রাবেয়া আর হাসানুলের মতো এ রকম বস্তির নিম্ন আয়ের প্রায় পরিবারগুলোর মধ্যে সচেতনতার অভাবে সন্তানসন্ততির সংখ্যাও বেশি। অনেক পরিবারে ছয়-সাতটি পর্যন্ত সন্তান আছে। তবে চট্টগ্রাম শহরের জনসংখ্যা ও শিশুশিক্ষা নিয়ে সঠিক কোনো পরিসংখ্যান ও তথ্য নেই। নিম্ন আয়ের এসব লোকের সঙ্গে কথা বলে দেখা গেছে, পরিবার ছোট রাখার ব্যাপারে তাঁদের কোনো সচেতনতা নেই। বরং যত বেশি সন্তান তত বেশি লাভ বলে তাঁরা মনে করেন। সন্তানেরা একটু বড় হলে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য করা হয়। ফলে বস্তির অধিকাংশ শিশুই কর্মজীবী। এসব শিশু পরে বিভিন্ন অপরাধ কার্যক্রমের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। পশ্চিম বাকলিয়ার মনু গলি বাই লেনের বাসিন্দা হোসনে আরা বলেন, বস্তির লোকজন শিক্ষার ব্যাপারে সচেতন নয়। এই অসচেতনতার ফলেই অভিভাবকেরা শিশুদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে লাগিয়ে আয়-রোজগার করে। নগরের ৩৫ নম্বর ওয়ার্ডে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে এখানকার শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এসব শিশুই পরিণত হচ্ছে অদক্ষ জনশক্তিতে। এ নিয়ে ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ প্রথম আলোকে বলেন, ‘সরকারি একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সাবেক ও বর্তমান দুই মেয়রকেই জানিয়েছি, কিন্তু এখনো কোনো ফল পাইনি। অশিক্ষা-কুশিক্ষার ফলে এসব এলাকায় দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’হাজী কলোনির পাশে সি বিচ কলোনিতে গিয়ে দেখা গেছে, আট-নয় বছর বয়সের রাসেল, মোনায়েমসহ আরও অনেকে খালি তেলের ড্রাম ঠেলে গন্তব্যে নিয়ে যাচ্ছে। লেখাপড়া করে কি না জানতে চাইলে তারা জানায়, ড্রামপ্রতি মজুরি হিসেবে পায় ১৫ টাকা করে। তাদের কেউ পড়ালেখা করতে বলে না। ছোটবেলা থেকেই কাজ করে করে বড় হয়েছে। এদের বাবারা রিকশা, ভ্যানগাড়ি চালান কিংবা কুলি-মজুরের কাজ করেন। মায়েরা অধিকাংশই পোশাকশ্রমিক, বাসাবাড়িতে কাজ করেন কিংবা গৃহিণী। তাঁরা নিজেরাই লেখাপড়া জানেন না। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরাম ২০০৯ সালে নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ও ৩৫ নম্বর বক্সির হাট—এই তিনটি ওয়ার্ডের সাত থেকে ১৫ বছর বয়সের কর্মজীবী এবং সুবিধাবঞ্চিত এক হাজার শিশুর ওপর জরিপ চালায়। জরিপের ফলাফলে দেখা গেছে, কর্মজীবী ও সুবিধাবঞ্চিত শিশুদের ৩৭ শতাংশ বিদ্যালয় থেকে ঝরে পড়ে। আর ভর্তি হলেও বিদ্যালয়ে যায় না ১৯ শতাংশ শিশু। অনিয়মিত বিদ্যালয়ে যায় ২৬ শতাংশ শিশু এবং মাত্র ১৯ শতাংশ কর্মজীবী শিশু নিয়মিত বিদ্যালয়ে যায়—যাদের বেশির ভাগ উপানুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে, যা মূল স্রোতধারার শিক্ষা থেকে বিচ্ছিন্ন। বেসরকারি উন্নয়ন কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেন, সরকার ২০১৪ সালের মধ্যে দেশ সম্পূর্ণ নিরক্ষরমুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে। কিন্তু নগরের বস্তি এলাকার দিকে একটু চোখ ফেরালেই নগরের নিম্ন আয়ের শ্রেণীর অশিক্ষার এবং নিরক্ষরতার চিত্র ফুটে উঠবে স্পষ্ট। দিন দিন তাদের শিশুরাও অদক্ষ জনশক্তিতে পরিণত হচ্ছে।