‘যদি কোনো দিন হাতে একটা বন্দুক পাই, তাহলে তোকে গুলি করে মারব!!’ কথাগুলো প্রায়ই মজা করে বলে সুমাইয়া। মেয়েটাকে তো আর আমি কম বিরক্ত করি না। ভাবছি, একদিন সত্যি সত্যি ওর হাতে একটা পিস্তল তুলে দেব। পিস্তল পাওয়া কি খুব কঠিন হবে? আমাদের কোনো না কোনো ছাত্রনেতার কাছে তো অবশ্যই পাওয়া যাবে। প্রায় প্রতিদিনই তো পত্রিকায় আমাদের ছাত্রনেতাদের অস্ত্র হাতে মহড়ার প্রতিবেদন আসছে। আচ্ছা ঠিক আছে, যদি একান্তই পিস্তল না পাওয়া যায় তবে রামদা, চাপাতি, হকিস্টিক। বিশ্ববিদ্যালয়ের মারামারি তো এগুলো ছাড়া কল্পনাই করা যায় না, এগুলোর একটা হলেই চলবে। রামদা দেখলে সুমাইয়া কী করবে? নিশ্চয়ই অজ্ঞান হয়ে পড়ে যাবে। যে মেয়ে ব্লাড গ্রুপিংয়ের প্র্যাকটিক্যাল ক্লাসে ল্যানসেট আর তিন ফোঁটা রক্ত দেখে কান্না থামাতে পারে না, তার জন্য অজ্ঞান হওয়া তো অস্বাভাবিক কিছু না। আর তা না হলে, হয়তো প্রচণ্ড ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলবে, ‘যাদের কাছে এসব অস্ত্র আছে, তারা মানুষ না। তাদেরকে আমি ঘৃণা করি।’ আমাদের সুমাইয়া এমনই। গতকাল সুমাইয়ার ফেসবুক স্ট্যাটাস পড়লাম। ও লিখেছে, ‘যদি আমাকে ভালোবাস, তবে ধূমপান করিও না, কেননা ধূমপান থেকেই মানুষ মাদকে জড়িয়ে পরে।’ সুমাইয়াকে ভালোবাসে না, এমন একটা ছেলেও আমাদের ক্লাসে নেই, কিন্তু ধূমপান করে এমন ছেলে অনেক আছে। আমাদের প্রত্যেকের জীবনেই তো কোনো না কোনো সুমাইয়া আছে—মা রূপে, বোন রূপে, ভালো বান্ধবী রূপে। তাদের আকুতিও নিশ্চয়ই সুমাইয়ার মতো। তাদের কথা ভেবে সব অস্ত্র, সব নেশার দ্রব্য ছুড়ে ফেলা যায় না। সুমাইয়া, আমরা বিশ্বাস করি, একদিন সবাই অন্ধকার ছেড়ে আলোর পথে আসবে।নাম প্রকাশে অনিচ্ছুকবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ