এখনো আইসক্রিম!
ঠান্ডার দিনে আবার আইসক্রিম কেন! হয়তো ভাবছেন এটাই। জানিয়ে দিই, ঠান্ডার দিনে আইসক্রিমের মজাই আলাদা।ঢাকা শহরে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জায়গা কমই। সেদিক দিয়ে ক্রিম অ্যান্ড ফাজ ফ্যাক্টরি হতে পারে দারুণ জায়গা!ঢাকার বনানীর ১১ নম্বর রোডের ক্রিম অ্যান্ড ফাজ ফ্যাক্টরির বয়স কমই। এ বছরের মার্চ মাস থেকে যাত্রা শুরু করেছে মাত্র। কিন্তু এর মধ্যেই আড্ডাপ্রিয় ছেলে-বুড়োর কাছে জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর অন্দরসাজ চমৎকার, বসার আয়োজনও বেশ আরামদায়ক। সব মিলিয়ে নির্বিঘ্নে আড্ডা দেওয়া কিংবা সময় কাটানোর জন্য দারুণ!এখানকার মূল খাবার আইসক্রিম। রকি রোড, চকোলেট লাভারস, এসপ্রেসো কুকি মিক্স, ব্যানানা চকোলেট ফাজ, স্ট্রবেরি ফ্যান্টাসি, বার্থডে ট্রিট ইত্যাদি ফ্লেভার ক্রেতারা বেশি খাচ্ছে বলে জানাল কর্তৃপক্ষ। এর বাইরে রেগুলার ফ্লেভার আছে প্রচুর। সঙ্গে যোগ করে নিতে পারেন নিজের পছন্দমতো মিক্স ইন। যেমন—ওয়াফল, চকোলেট চিপস, ব্রাউনি, কুকি, আমন্ড ইত্যাদি। আর এভাবেই বানিয়ে নিতে পারবেন আপনার নিজস্ব আইসক্রিম রেসিপি। প্রতিটি আইসক্রিম আপনার চোখের সামনে আইসড মার্বেল স্টোনের ওপর তৈরি করা হয়। মিল্কশেকও পাবেন। খাবারের দামও খুব একটা বেশি নয়। ১৩০ থেকে ৩৯৫ টাকার মধ্যে পেয়ে যাবেন সব ধরনের আইসক্রিম।ঠান্ডা খেতে না চাইলে গরম গরম কফিও খেতে পারেন। হট চকোলেট, কাপাচিনো, কফি লাটে ইত্যাদি পাবেন ১১০ থেকে ১৮০ টাকায়। তবে এই আইসক্রিম পার্লারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো সেবার মান। আপনি চাইলে আইসক্রিম বাইরেও নিয়ে যেতে পারবেন। আইসক্রিম কোণ ও কাপ—দুভাবেই খেতে পারবেন। প্রতিটি কাপ ও কোণ আবার তিন ধরনের। একটা সাধারণ, একটা চকোলেট ডিপড, অন্যটি রেইনবো ডিপড।সাত মাস বয়স হলেও এর মধ্যেই ক্রিম অ্যান্ড ফাজ তাদের দ্বিতীয় শাখা খুলেছে বেইলি রোডে। বনানী যাঁদের জন্য দূরের পথ মনে হয়, তাঁরা এখানে ঢুঁ মারতে পারেন। এরপর শাখা খোলার পরিকল্পনা আছে উত্তরা ও ধানমন্ডিতে। জানালেন অপারেশন ম্যানেজার নাছিম আহমেদ।১৭ নভেম্বর থেকে এখানে চালু হয়েছে নতুন সুযোগ ‘হট অ্যান্ড কোল্ড’। যেকোনো দুটি আইসক্রিম কিনলেই পাবেন বিনা মূল্যে একটি কফি, চা অথবা হট চকোলেটের যেকোনো একটি। তিন বন্ধু মিলে পরখ করতে পারেন এটাও।