এখনো আতঙ্ক ভুজপুরে
জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের তাণ্ডবের পর গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে ফটিকছড়ি উপজেলার ভুজপুরের চৌদ্দগ্রাম। ঘটনার ছয়-সাত দিন পরও এলাকার কাজিরহাট বাজারটিতে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। সরেজমিনে দেখা যায়, ভুজপুর এলাকার চারপাশে কোটবাড়িয়া, সিংহরিয়া, হরিণা, পশ্চিম ভুজপুর, পূর্ব-ভুজপুর, পাগলিছড়ি, রোসাংগ্যাঘোনা, পশ্চিম আন্দারমানিক, পূর্ব-ফটিকছড়ি, কোম্পানিঠিলা, আজিমপুর, আমতলী, পূর্ব কৈয়াপুটিয়া ও জঙ্গল কৈয়া গ্রামের আশপাশে লোকজনের চলাফেরা নেই। নারীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে গ্রেপ্তার আতঙ্ক।আজিমপুরের গৃহিণী শায়লা আকতার জানান, ঘটনার পর থেকে এখানকার প্রতিটি পরিবার উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। নিজের পরিবারের অন্য সদস্যরাও পুলিশের ভয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। রাস্তাঘাটে পুলিশ যাকে পাচ্ছে, তাকেই আটক করছে। অথচ ঘটনায় জড়িত আসল ব্যক্তিরা এলাকায় নেই। কাজিরহাট বাজারে গিয়ে দেখা গেছে, দোকানপাট বন্ধ।রোববার বিকেলে দু-একজন দোকানি এলেও পুলিশি টহল দেখে তাঁরা আবার দোকান বন্ধ করে চলে যান বলে জানা গেছে। ভুজপুর এলাকার পত্রিকা বিক্রয়কর্মী মো. নবী হোসেন জানান, বুধবার সকাল ১০টা পর্যন্ত প্রায় ৬০০ দোকানের মধ্যে মাত্র ১০টি খুলেছে। তবে পুলিশ দেখলে সেগুলোও বন্ধ করে দেন দোকানিরা। এলাকার লোকজনও বাজারে আসেনি। বাজারে একধরনের ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।ব্যবসায়ী সঞ্জিত কুমার শীল ও স্বপন নাথ বলেন, ‘বাজারে লোকজন না আসায় দোকান বন্ধ করে দিয়েছি।’ এলাকার বিভিন্ন ব্যবসায়ীর দোকানে মালামাল নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান তাঁরা। থানা সূত্র জানায়, ১১ এপ্রিল আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিলে সহিংস হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০০ জনকে নির্দিষ্ট এবং অজ্ঞাতনামা চার-পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করে ভুজপুর থানায় মামলা করে। এর মধ্যে এ পর্যন্ত যাচাই-বাছাই করে ৪২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের মধ্যে ভুজপুর ইউনিয়ন জামায়াতের আমির ও স্থানীয় চেয়ারম্যান সফিউল আলম নূরীও রয়েছেন। জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়া ৪২ জনের মধ্যে ৩২ জনকে তিন দিন করে এবং ১০ জনকে দুদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।গত সোমবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি সাংবাদিকদের জানান, তাণ্ডবের কিছু ভিডিও ফুটেজ পুলিশের হাতে রয়েছে। এসব দেখে চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। তিনি জনজীবন স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।