এখনো আতঙ্ক সীতাকুণ্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি অভিযানে বুধবার রাতভর কেটেছে উৎকণ্ঠায়। পরদিন উদ্ধার হয় সীতাকুণ্ডের প্রেমতলার ছায়ানীড় বাড়ির বাসিন্দারা। গত বৃহস্পতিবার বেলা সাড়ে  ১১টায় তোলা l  প্রথম আলো
জঙ্গি অভিযানে বুধবার রাতভর কেটেছে উৎকণ্ঠায়। পরদিন উদ্ধার হয় সীতাকুণ্ডের প্রেমতলার ছায়ানীড় বাড়ির বাসিন্দারা। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তোলা l প্রথম আলো

এক সপ্তাহের ব্যবধানে সীতাকুণ্ড ও মিরসরাইয়ে তিনটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আত্মঘাতী বোমা হামলা ও গোলগুলির শব্দে প্রকম্পিত হয় আশপাশের এলাকা। উদ্ধার হয় গ্রেনেড (হাতবোমা), বিস্ফোরক, পিস্তল ও আত্মঘাতী সুইসাইড ভেস্ট (আত্মঘাতী হামলার জন্য বোমার তৈরি বেল্ট)। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তারা বসবাস করছে উদ্বেগ নিয়ে। অবশ্য পুলিশ বলছে, আতঙ্কিত হওয়ার কিছুই নেই।

গত বুধবার বিকেলে সীতাকুণ্ড পৌর সদরের আমিরাবাদ এলাকার ‘সাধন কুটির’ নামের বাড়ির মালিক সুভাষ দাসের সন্দেহের ভিত্তিতে এক নারীসহ দুই জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দুই জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এক কিলোমিটার দূরে প্রেমতলা চৌধুরীপাড়ায় ‘ছায়ানীড়’ নামে আরেকটি বাড়িতে ১৯ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক নারীসহ তিনজন এবং গুলিতে একজনসহ পাঁচজন নিহত হয়।

এর আগে ৮ মার্চ রাতে সীতাকুণ্ডের পাশের উপজেলা মিরসরাই পৌর এলাকার গোভনিয়া এলাকায় একটি বাড়ি থেকে ২৯টি বোমা ও ৯টি চাপাতি উদ্ধার করে পুলিশ। সেদিন বিকেলে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে তল্লাশি চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারে দুই জঙ্গি। পরে তাদের গ্রেপ্তার করা হয়। মিরসরাইয়ের ওই বাড়িতে তারা ভাড়া থাকত।

সীতাকুণ্ডের প্রেমতলা এলাকায় অভিযানের চার দিন পরও স্থানীয় বাসিন্দাদের মধে৵ আতঙ্ক কাটেনি। স্থানীয় পৌর কাউন্সিলর শফিউল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, অভিযানের কারণে লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের সাহস জোগানো হচ্ছে। নিরাপত্তা বাড়ানোর জন্য বলা হয়েছে পুলিশকে। তিনি আরও বলেন, কৌশল পাল্টিয়ে জঙ্গিরা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বেছে নিয়েছে, যাতে তাদের কেউ সন্দেহ না করে। দুটি বাড়ির পাশে হিন্দু ধর্মাবলম্বীদের বসতি রয়েছে। ঘটনাস্থলে ৩০ থেকে ৪০ জনের সঙ্গে কথা বললে তাঁরা নিজেদের আতঙ্কের কথা জানিয়েছেন।

‘ছায়ানীড়’ বাড়িতে ভাড়া থাকত বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মেম্বার সেলিম উদ্দিনের পরিবার। গত বৃহস্পতিবার ওই বাড়ি থেকে তাঁর পরিবারের সদস্যসহ ২০ জনকে উদ্ধার করা হয়। পরে বাড়িটি পুলিশ সিল করে রাখায় তাঁরা ঢুকতে পারছেন না। সেলিম উদ্দিন বলেন, তাঁর পরিবারের সদস্যরা গ্রামে আত্মীয়স্বজনদের বাড়িতে থাকছেন।

ওই বাড়ির আরেক বাসিন্দা আনিছুর রহমানও বলেন, বাসাতে ঢুকতে না পারায় তাঁর পরিবারের সদস্যরা পাশের আত্মীয়স্বজনের বাসায় থাকছেন।

গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ‘ছায়ানীড়’ বাড়িটির সামনে পুলিশি পাহারা রয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দায়িত্বরত তারেক মাহমুদ নামে একজন সহকারী উপপরিদর্শক জানান, তাঁরা পালাক্রমে দিনে-রাতে বাড়িটি পাহারা দিচ্ছেন। বাড়িটি খালি রাখা হয়েছে। তদন্তের জন্য পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন আসছেন।

প্রেমতলার ছায়ানীড় বাড়িটি থেকে প্রায় ৫০০ গজ দূরত্বে রয়েছে ৩০ থেকে ৪০টি দোকান। সীতাকুণ্ড পৌরসভা থেকে আধা কিলোমিটার দূরে এই প্রেমতলা এলাকাটি। এখানকার দোকান সচরাচর রাত নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকলেও এখন আটটার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে।

গতকাল শনিবার বাজারে গেলে চায়ের দোকানি গৌরাঙ্গ চন্দ্র ঘোষ বলেন, ‘দোকান আগের চেয়ে এক–দেড় ঘণ্টা আগে বন্ধ করে দিচ্ছি। দোকান বন্ধ করার পর ঘরেই থাকি। আর বের হই না।’

আরেক দোকানি অশোক চক্রবর্তী বলেন, সন্ধ্যার পর লোকজনের আনাগোনা কমে যায়।

এদিকে ঘটনার পর থেকে সুভাষ দাসের বাড়ির সামনে পুলিশ পাহারা থাকলে আতঙ্ক তাড়া করছে তাঁকে। তিনি বলেন, ‘একবার জঙ্গিদের হাত থেকে বেঁচে গেছি। আবার বাঁচতে পারি কি না, জানি না। ঘর থেকে বের হতে ভয় লাগে।’ একই শঙ্কার কথা জানিয়েছেন তাঁর স্ত্রীও। তার ভাই সুরেশ চন্দ্র দাসও ভয়ে আছেন বলে জানান। তাঁদের প্রতিবেশী কামাল উদ্দিন বলেন, ‘সেদিন বোমা বিস্ফোরণ হলে আমরা বাঁচতাম না। ঘটনাটি মনে পড়লেই ভয়ে কাঁপন ধরে।’

আমিরাবাদ এলাকার ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল আলম বলেন, লোকজনের আতঙ্ক দূর করতে এলাকায় পুলিশ পাহারা বাড়ানো উচিত। পুলিশকে বলা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, ঘটনার পর দুটি বাড়ি ও আশপাশের এলাকায় পুলিশি ও সাধারণ পোশাকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশি নজরদারি এড়াতে জঙ্গিরা কৌশল পাল্টিয়ে মফস্বল এলাকায় আস্তানা গড়েছে। মফস্বল এলাকায় আস্তানা গড়ে সহজে বোমা তৈরির সরঞ্জাম আনা–নেওয়ার সুবিধার্থে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশপাশের এলাকাকে বেছে নেয়। তা ছাড়া সীতাকুণ্ড-মিরসরাই এলাকায় সরকারের অনেক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এতে বিদেশিরা কাজ করেছেন। জঙ্গিদের লক্ষ্য এসব বিদেশি।

চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপ–মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশপাশে বড় বড় উন্নয়নকাজ চলছে। সেখানে অনেক বিদেশি নাগরিক কাজ করছেন। হয়তো তাদের টার্গেট করেই এখানে গ্রেনেড ও বিস্ফোরক মজুত রাখা হয়েছে। পুলিশ নিশ্চিত এরা নব্য জেএমবি।

পুলিশ সূত্র জানায়, সীতাকুণ্ডের দুটি বাড়ি থেকে গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার এবং পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, অস্ত্র ও হত্যার পৃথক চারটি মামলা করেছে। দুই মামলায় গ্রেপ্তার এক নারীসহ দুজনকে জিজ্ঞাসাবাদ করতে ১৫ দিন করে ৩০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাদের চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজা শুনানি শেষ ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে বোমা উদ্ধারের ঘটনায় ওই দিন রাতে মিরসরাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় জঙ্গি জসিম উদ্দিন, মো. হাসান, বাড়ির মালিক রিদওয়ান উদ্দিনসহ আটজনকে আসামি করা হয়।

মিরসাইয়ের গোভনিয়া এলাকার স্থানীয় কাউন্সিলর সাকের ইসলাম গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মিরসরাইয়ের পর সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানা পাওয়া গেছে। এ জন্য লোকজনের মধ্যেই ভয় কাজ করছে। কারণ জঙ্গিরা ছদ্মবেশে বাড়ি ভাড়া নিচ্ছে। কে জঙ্গি, কে ভালো মানুষ, বোঝা মুশকিল। আরও জঙ্গি থাকতে পারে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম বলেন, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভয়ের কিছু নেই।