এখনো ওঠেনি সূর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ২৫ মার্চ। ইতিহাসের এক বিভীষিকাময় কালরাত এসেছিল আমাদের জীবনে। সেই রাতের সাক্ষী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কর্মচারী কলোনিতে আজও বেঁচে আছেন অনেকেই। কেমন আছেন স্বজন হারানো সেই মানুষগুলো?এখানে কান্নার ঢেউঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠটা তখন একেবারে সুনসান। মাঠের দক্ষিণে টিনশেডের সারি সারি কতগুলো ঘর। কর্মচারী কলোনি সেটা। কেউ একজন বেরিয়ে আসছিলেন সেখান থেকে। সামনে এগোতেই একমাথা সাদা কাশফুলের মতো চুল আর খোঁচা খোঁচা সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধের সঙ্গে দেখা। একাত্তরে শহীদ পরিবারের ঘরগুলো কোনদিকে বলতে পারেন? গন্তব্যের কথা শুনে হাসেন তিনি, নামধাম জানতে চান। সব শুনেটুনে হঠাত্ কী মনে পড়ে তাঁর, মুখের হাসি আরও বিস্তৃত হয়, ‘ওহ হো, এইটা তো মার্চ মাস! চলেন চলেন, শহীদ পরিবারের ঘর দেখিয়ে দিই।’ বলতে বলতে সামনে চলেন বৃদ্ধ। কলোনিতে ঢোকার মুখেই শিশুদের একটা জটলা। উঁকি মেরে দেখা গেল জটলার একমাত্র এবং প্রধান আকর্ষণ একটা মরা বেড়াল। পিচ্চিরা সেটার চোখ পরীক্ষায় ব্যস্ত!‘আরে কই, দিলীপের মা কই? আছো নাকি দিলীপের মা?’ কলোনির একমাথা থেকে হাঁকডাক শুরু করে দেন বৃদ্ধ ভদ্রলোক। দুপাশে সারি সারি টিনের ঘর, মাঝে অপ্রশস্ত গলি। সেখানেই কতগুলো চেরাই করা কাঠ শুকাতে দেওয়া হয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে গৃহস্থালীর এটা-সেটা। একটু পর পর মাথা নিচু করতে হচ্ছিল। না, কাউকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নয়! কাপড় শুকানোর কতগুলো দড়ি ঝোলানো হয়েছে এ-মাথা ও-মাথা! কলোনির অধিকাংশ ঘরের জানালা নেই। দরজার আড়াল থেকে উঁকিঝুঁকি মারছিল কেউ কেউ। ঘরের ভেতরে টেলিভিশনের শব্দ, আবার কোনো কোনো ঘরে ছোট্ট বাচ্চার চেঁচামেচি। দুটো বাঁক নিতেই সব শব্দ ছাপিয়ে চাপকলের ক্যাচকোচ শব্দ কানে বাজে। সামনেই একটা কলঘর। সেখানেই অন্যদের সঙ্গে থালাবাসন মাজছিলেন খাটোমতো একজন বৃদ্ধা। হাঁকডাক শুনে চোখের চশমা পরিষ্কার করতে করতে এগিয়ে আসেন তিনি। বৃদ্ধ তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেন আমাদের, ‘এই যে দিলীপের মা, দেখো পত্রিকা থেকে লোক আসছে তোমাদের সঙ্গে দেখা করতে। কথা বলো।’ একাত্তরে শহীদ পরিবারের সদস্য দিলীপের মা তাঁর মাথার ঘোমটাটা আরও ভালো করে টেনে নেন, বৃদ্ধের দিকে তাকিয়ে বলেন, ‘আমার হাতে যে কাজ ছিল, তুমি একটু বিন্দুদের ঘরে নিয়ে বসাও না। আমি আসছি।’ বৃদ্ধ তাঁর স্বভাবসুলভ হাঁকডাক শুরু করে দেন আবার, ‘আরে কই, বিন্দুর মা আছো নাকি? বিন্দুর মা!’ গলির প্রায় শেষ মাথায় ঘরের দেয়ালে ঠেস দিয়ে একটা ভাঙা সাইকেল দাঁড় করানো। পাশে স্তূপীকৃত গাছের ডাল। একটা দরজার মলিন পর্দা সরে যেতেই ঝকঝকে সাদা চুলের এক বৃদ্ধার মুখ দেখা যায়। সন্দেহ নেই—তিনিই বিন্দুর মা। একাত্তরের ২৫ মার্চ রাতে জগন্নাথ হলের এই কলোনিতে স্বজন হারানোদের একজন। কলোনিতে এখন প্রায় ৫০টির মতো ঘর আছে। এর মধ্যে এখনও পাঁচ-ছয়টি ঘরে তাঁর মতো স্বজন হারাদের ব্যথা আজও গুমরে কাঁদে।সেই কালরাতেরাজকুমারী রায়। মানে বিন্দুর মা। বয়স ৭০। স্বামীর নাম উচ্চারণে বিধিনিষেধ, তাই ছোট ছেলে বিমলকে ডেকে বললেন, ‘তোর বাবার নামটা বল দেখি।’ বিমল জানালেন তাঁর শহীদ বাবার নাম—মনভরণ রায়। নিপা ভবনে (এখনকার কমার্স ফ্যাকাল্টি বিল্ডিং) ম্যাসেঞ্জার পিয়ন হিসেবে কাজ করতেন তিনি। রাজকুমারী রায় শুরু করেন তাঁর কথা, ‘২৫ মার্চের সেই রাতে তো কেউ-ই বুঝতে পারে নাই—কী হচ্ছে, কী হবে। সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ১২টার দিকে হঠাত্ গোলাগুলির শব্দ। কিছুক্ষণ গোলাগুলির পর ওদের বাবা কিছু একটা আঁচ করতে পেরেছিলেন। আমাদের একদিকে সরিয়ে দিয়ে একটা কাঠের আলমারির পেছনে লুকিয়ে পড়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি! ঘরে আগুন দেওয়ার সময় মানুষটাকে ধরে নিয়ে গেল।’ এতটুকু বলে দীর্ঘশ্বাস ছাড়েন বিন্দুর মা। ‘রাতে মাঠের পুব দিকের ভাঙা দেয়ালটা আরও ভেঙে ট্যাংক নিয়ে পাকিস্তানি মিলিটারিরা ভেতরে ঢুকে পড়ে। ঘরে ঘরে ঢুকে পুরুষদের মারতে শুরু করে। সারা রাত হত্যা শেষে সকাল হয়। বেঁচে থাকা পুরুষদের ধরে ওরা। সব জায়গা থেকে লাশ বহন করে মাঠের মাঝখানে স্তূপ করাতে বাধ্য করে সবাইকে। তারপর সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে। সেখানে ওদের বাবা ছিলেন। দুপুর ১২টার দিকে নতুন আরেকটা দল আসবে বলে মিলিটারিরা চলে যেতে থাকে। সেই সময় লাশগুলোর মধ্য থেকে জল! জল! বলে গোঙানির শব্দ কানে আসে। সামনে গিয়ে দেখি, ওদের বাবা তখনো বেঁচে আছেন! অনেক নিষেধ সত্ত্বেও কষ্ট করে মানুষটাকে কলোনির এদিকে নিয়ে এলাম। এত রক্ত, এত রক্ত! পিছলে পড়ে যায় সবার হাত থেকে। এরপর আরও কুড়ি মিনিট বেঁচে ছিলেন তিনি। ছোট মেয়েটা কাঁদছিল। ভয়, কখন মিলিটারি আসে! ওকে দূরে রেখে ফিরে এসে দেখি সব শেষ! সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, মিলিটারির ভয়ে সবাই চাপাচাপি করছিল। তাই মানুষটা মারা যাওয়ার পর তাকে আবারও ওই লাশের স্তূপেই ফেলে আসতে হয়েছিল।’ রাজকুমারী রায়ের ঘোলা চোখ আরও ঘোলা হয়ে আসে। সাবধানে শাড়ির খুঁটে চোখ মুছে নেন তিনি। ততক্ষণে দিলীপের মা বকুল রানী দাস চলে এসেছেন। তাঁর ইতিহাসও একই কথা বলে। স্বামীর নাম সুনীল চন্দ্র দাস। বিশ্ববিদ্যালয়ের দারোয়ান ছিলেন তিনি। সেই রাতে আড়াই বছরের মেয়ে কুমকুম আর এক মাস ১৪ দিন বয়েসি ছেলে দিলীপকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বকুল রানী। বাইরে তালা দিয়ে ডিউটিতে চলে গিয়েছিলেন সুনীল। গোলাগুলির শব্দে ঘরের তালা খুলে দিয়ে নিষেধ সত্ত্বেও ফের বাইরে চলে যান দায়িত্বের টানে। ‘এত গোলাগুলির মধ্যে ভয়ে, দুশ্চিন্তায় হঠাত্ জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এক দিদি আমার বাচ্চাগুলোকে সামলে রাখছিল। জ্ঞান ফিরতেই মূল দরজার বাইরে থেকে ব্রাশফায়ারের শব্দ কানে আসে। বুক কেঁপে ওঠে। পড়ে জেনেছি, ওই গুলিতেই দিলীপের বাবা মারা গেছেন! এরপর কত যে ঝড়, কত যে কষ্ট! বাচ্চাদের বুকে চেপে রেখে হাসপাতালের লাশকাটা ঘরে থাকা। খাওয়া-দাওয়া নেই। তবু তাঁর মৃত্যুর কথাটা বিশ্বাস করতাম না। মনে হতো—মানুষটা বেঁচে আছে, এই বুঝি ফিরে এল!’এখনো একাত্তরবিন্দুর মা, দিলীপের মায়ের মতো আরও চার-পাঁচটি ঘরে শহীদ পরিবারের সদস্য আছেন জগন্নাথ হলের এই কলোনিতে। তবে শহীদদের স্ত্রী বলতে তাঁরা দুজনই। রামচরণ, সুবাস, অর্জুন, রতনদের মতো আর সবাই মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান। তবে সবার কণ্ঠেই যুদ্ধদিনের স্মৃতির সঙ্গে এখনকার দিনের আক্ষেপও মিশে আছে সমান হারে। তাঁদের এক কথা—মুক্তিযোদ্ধা পরিবার যদি সব সুযোগ-সুবিধা পেতে পারে, শহীদ পরিবার কেন পাবে না! বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ঘর দিয়েছে ঠিক আছে, কিন্তু এর সংস্কার তাঁদের নিজেদেরই করতে হয়। গ্যাসের ব্যবস্থা নেই। শহীদ পরিবারগুলোকে আলাদাভাবে ভাতা দেওয়ার কথাও ভাবেনি কেউ! শহীদদের সন্তানেরা সবাই চাকরিও পাননি, যা তাঁদের প্রাপ্য ছিল। তা ছাড়া কলোনিতে দিনে দিনে মানুষের সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে সমস্যা। তবে বিন্দুর মায়ের আক্ষেপটা অন্য জায়গায়। হলের গণকবরের শহীদ মিনারে নিজের স্বামীর নামটা আজও খুঁজে পাননি তিনি। অনেকবার বলেও ঘুম ভাঙেনি প্রশাসনের। ‘আর কত দিনই বা বাঁচব, চাওয়া তো খুব বেশি না। এই দেশটা তো আমার মতো অনেকের প্রিয় মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে! তাই সেই সব শহীদের কথা তরুণ প্রজন্মের জানা উচিত। আর সরকার চাইলেই আমাদের সন্তানদের একটা করে চাকরির ব্যবস্থা করতে পারে। তবে শুনেছি, ডাকসুর গেটে গোপাল দাস আমার স্বামীর নামটা শহীদদের তালিকায় রেখেছে, খুব খুশি হয়েছি, খুব...!’ বলতে বলতে কেঁদে ফেলেন বিন্দুর মা রাজকুমারী রায়। বোঝা যায়, এ কান্না আনন্দের। যাঁদের সর্বোচ্চ দানে এই বাংলাদেশ, তাঁদের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করা কি খুব বেশি কঠিন?