সাম্প্রদায়িক সহিংসতার শিকার কক্সবাজারের রামু সদরের মেরুংলুয়া বড়ুয়াপাড়ার অধিকাংশ বাসিন্দা এখনো নতুন করে ঘর তোলেননি। নির্মাণসামগ্রীর দাম বেশি হওয়ায় প্রধানমন্ত্রীর কাছ থেকে যে অনুদান পাওয়া গেছে সে টাকায় ঘর নির্মাণ করা যাচ্ছে না বলে তাঁরা জানান।গত ২৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তের আগুনে এই পাড়ায় ৩০টির বেশি বসতবাড়ি পুড়ে যায়। ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামু সফরে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বসতবাড়ি পুনর্নির্মাণের জন্য প্রায় চার কোটি টাকার অর্থসহায়তা দেন। তবে এখনো সেনাবাহিনীর সদস্যদের দেওয়া তাঁবুতে থাকছেন এখানকার বেশির ভাগ বাসিন্দা। গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বড়ুয়াপাড়ায় আগুনে পুড়ে যাওয়া বেশির ভাগ বসতবাড়ি এখনো পুনর্নির্মাণ করা হয়নি। বড়ুয়াপাড়ার বাসিন্দা ধীরবালা বড়ুয়ার (৭০) বাড়ির টিনের চাল পুড়ে গেছে আগুনে। ছাদবিহীন পাকাবাড়িতেই এখনো বসবাস করছেন তাঁরা। আগের দিন রাতের বৃষ্টিতে ঘরের মেঝে ভিজে গেছে। প্রধানমন্ত্রীর টাকায় ঘর মেরামত করছেন না কেন? এমন প্রশ্ন করলে ধীরবালা বলেন, ‘আগুনে পুড়ে ঘরের ক্ষতি হয়েছে ১০ লাখ টাকা। প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছি তিন লাখ টাকা। এই টাকায় ঘর তৈরি করব কীভাবে?’অনেকে পথ চেয়ে আছেন আরও সাহায্যের আশায়। এলাকার ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন বাসিন্দা আশায় আছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা তাঁদের ঘর তৈরি করে দেবেন । মা, স্ত্রী ও মেয়েকে নিয়ে এখনো তাঁবুতে বসবাস করছেন আপন বড়ুয়া (৩৫)। তিনিও ঘর তৈরির জন্য তিন লাখ টাকা পেয়েছেন। ঘর তৈরি করেননি কেন? জানতে চাইলে আপনের মা অনঙ্গবালা বলেন, ‘পাশের তিনটি পরিবারের ঘর বিজিবি সদস্যরা তৈরি করে দিয়েছেন। আমাদের ঘরটিও তাঁরা তৈরির আশ্বাস দিয়েছেন। সে অপেক্ষায় আছি।’ অনুসন্ধানে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২৪টি এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিলসহ নানা খাতে প্রায় চার লাখ টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্ত পরিবারগুলো ঘর তোলেনি। তবে পাড়ার তিনটি পরিবারকে টিনের ঘর ও কয়েকটি পরিবারকে টিনের বেড়া তৈরি করে দিয়েছে বিজিবি সদস্যরা। এলাকার স্কুল শিক্ষক সুমত বড়ুয়া (৩৮) বলেন, ‘ঘর তৈরির জন্য বাজারে কাঠ ও ইট পাওয়া যাচ্ছে না। এ ছাড়া দামও বেশি। তাই তিন লাখ টাকায় ঘর তৈরিতে দেরি হচ্ছে।’ রামু বৌদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার প্রধানমন্ত্রীর অনুদানসহ চার-পাঁচ লাখ টাকা করে পেয়েছেন। গত সোমবার গিয়ে সবাইকে বলে এসেছি অনুদানের টাকায় দ্রুত ঘর তুলতে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সেনাবাহিনীর তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এখন সেনাবাহিনীর প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত বৌদ্ধমন্দিরগুলো পুনর্নির্মাণের কাজ করছেন। ২৯ অক্টোবর প্রবারণা পূর্ণিমা। তার আগেই মন্দির নির্মাণ শেষ হলে ভালো হয়।’ রামুর ক্ষতিগ্রস্ত বাসিন্দারা কেন বসতবাড়ি সংস্কার করছেন না—জানতে চাইলে রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবী চন্দ বলেন, ‘সরকারি বাহিনী ঘর তৈরি করে দেবেন এই আশায় ক্ষতিগ্রস্তরা বসে আছেন। এটা ঠিক নয়। অনুদানের টাকায় দ্রুত ঘর তৈরির কাজ শেষ করতে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নোটিশ পাঠানো হয়েছে।’