এখনো ঘুরে দাঁড়ানোর আশা
গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে আবারও হোঁচট খেলেন বিনিয়োগকারীরা। ওই দিন সূচক কমে যায় অনেকটা অস্বাভাবিকভাবে। লেনদেন শুরুর পাঁচ মিনিট পর কিছুটা বাড়তে থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এরপর সূচক ক্রমেই কমতে থাকে। বৃহস্পতিবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৫১১ দশমিক ০৩ পয়েন্ট কমে দাঁড়ায় ২০ হাজার ২৯২ দশমিক ৩১ পয়েন্টে। লেনদেনের পরিমাণও ছিল কম। সিএসই সূত্রে জানা যায়, ওই দিন ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে পাঁচটির এবং কমেছে ১৮৩টির। অপরিবর্তিত ছিল সাতটির। ৯১ কোটি ৭৬ টাকার শেয়ার লেনদেন হয়। যা আগের দিনের তুলনায় ২৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। গত সপ্তাহের শুরুতে বিনিয়োগকারীরা নতুন উদ্যমে মাঠে নামলেও শেষের দিকে এসে তা আর ধরে রাখা যায়নি। বিশেষ কারে সপ্তাহের শেষ দিনে এসে তাঁরা যথেষ্ট হতাশ হয়ে পড়েন। ওই দিন একটি ব্রোকারেজ হাউসে লেনদেন শেষে এক বিনিয়োগকারী কান্নায় ভেঙে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিনিয়োগকারী বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। আমি কোথায় যাব বলতে পারেন? এভাবে শেয়ারের দাম কমতে থাকলে আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’বাজার বিশ্লেষক ও শেয়ার ব্যবসায়ীদের অনেকের মতে, বাজারে এখনো স্থিতিশীলতা ফিরে আসেনি। বাজারে স্থিতিশীলতার পূর্বশর্ত বিনিয়োগকারীদের আস্থা অর্জন। কিন্তু আমরা এখনো সে জায়গাটা ধরতে পারিনি। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের বিভ্রান্ত হওয়ার মতো বিষয়কেও তাঁরা চিহ্নিত করেন। এ প্রসঙ্গে নাম প্রকাশ না করে একজন বাজার বিশ্লেষক মন্তব্য করেন, ‘বিভিন্ন সময়ে বৈদ্যুতিক গণমাধ্যমে (ইলেকট্রনিক মিডিয়া) বিশেষজ্ঞের মতামতের নামে যেসব কথাবার্তা উঠে আসছে তা-ও কিন্তু অনেক ক্ষেত্রে শেয়ারবাজারে বিরূপ প্রভাব ফেলে। কোনো কোনো মন্তব্য বিনিয়োগকারীদের বাজারের প্রতি নিরুৎসাহিত করে তোলে। আমরা মনে করি, বর্তমান অবস্থায় বাজারকে নিজের নিয়মে চলতে দেওয়া উচিত। তাহলেই একসময়ে বাজার গতি ফিরে পাবে।’এদিকে, বাজারে সাম্প্রতিক সময়ে একটি গুজবও বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে বলে অনেকের ধারণা। এটি হচ্ছে, ব্যাংকগুলো এবার ভালো ডিভিডেন্ট কিংবা রাইট শেয়ার দেবে না। এর ফলে অনেক বিনিয়োগকারী ব্যাংক খাতের ভালো মৌলভিত্তির শেয়ার কেনার ব্যাপারেও আগ্রহ হারিয়ে ফেলছেন। আবার কেউ কেউ মনে করছেন, বাজারে এখনো তারল্যসংকট কাটেনি বলে স্থিতিশীলতা আসছে না। তবে বাজার বিশ্লেষকেরা এখনো আশাবাদী। তাঁদের বিবেচনায় বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা এখনো আছে। তাঁরা হতাশ না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বিনিয়োগকারীদের। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন জানান, মবিল যমুনা লুব্রিকেন্টের (এমজেএল) লটারির ড্র হয়ে গেছে গত সপ্তাহে। লটারিতে যাঁরা উঠে আসতে পারেনি চলতি সপ্তাহে তাঁদের টাকা ফেরত পাওয়ার কথা। সেখান থেকেও প্রায় দুহাজার কোটি টাকার মতো পাওয়া যাবে। আবার এমআই সিমেন্টের লটারির ড্র হলে সেখান থেকে আসবে প্রায় হাজার কোটি টাকা। বাজার বিশ্লেষকদের ধারণা, এসব টাকা উঠে এলে তার একটা অংশ আবার শেয়ারবাজারে বিনিয়োগ হবে। এতে বাজারে তারল্যসংকট কেটে যাবে। ফলে বাজারে গতি ফিরে আসবে বলে আশা করেন তাঁরা।