এখনো চলছে বিবর্ণ ও লক্কড়ঝক্কড় গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র চার দিন পরই চট্টগ্রামের মাটিতে বসছে বিশ্বকাপ ক্রিকেটের বর্ণাঢ্য আসর। এ উপলক্ষে নগরের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক কাজ ইতিমধ্যে শেষ হলেও বেশ কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে। এর মধ্যে রয়েছে নগরের বিভিন্ন রুটে চলাচলরত বিবর্ণ হয়ে যাওয়া কিংবা রং উঠে যাওয়া গাড়িগুলোকে নতুন করে রাঙিয়ে চটকদার করা। জানা গেছে, সৌন্দর্যবর্ধনের আওতায় শহর এলাকায় চলাচলরত যানবাহনগুলো চটকদার করার জন্য পুলিশ ও অন্যান্য সরকারি সংস্থা থেকে বিভিন্ন পরিবহন মালিক সমিতিকে তাগাদা দেওয়া হলেও বিষয়টি আমলে নিচ্ছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে নীরবতার অভিযোগ উঠেছে। তবে বিবর্ণ বা রং উঠে যাওয়া যানবাহনের বিরুদ্ধে আগামীকাল থেকেই অভিযান শুরু হবে বলে জানা গেছে।গত দুই দিন নগরের বিভিন্ন রুট ঘুরে দেখা যায়, এখনো বিপুলসংখ্যক লক্কড়ঝক্কড় ও বিবর্ণ গাড়ি শহরের বিভিন্ন সড়কে চলাচল করছে। গত শুক্রবার বিকেলে মুরাদপুর মোড়ে অবস্থান করে দেখা যায়, ১০ নম্বর রুটের একটি মিনিবাস তীব্র গতিতে ছুটছে ষোলশহর ২ নম্বর গেটের দিকে। গাড়িটি হঠাৎ মুরাদপুর মোড়ে এসে ব্রেক কষলে এটির পেছন থেকে বের হওয়া কালো ধোঁয়ায় আশপাশের জায়গা আচ্ছন্ন হয়ে যায়। গাড়িটির রং (চট্টমেট্রো-জ-১০৭২) ছিল শ্রীহীন। জানতে চাইলে গাড়ির চালক মো. ফরিদ বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট মাঠে গড়ানোর আগেই আমাদের গাড়ির রং করা হয়ে যাবে।’বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক শহীদুল আযম জানান, নগর ও জেলার বিভিন্ন রুটে প্রায় ২২ হাজার বিভিন্ন শ্রেণীর ‘রংচটা ও লক্কড়ঝক্কড়’ গাড়ি চলছে। এর মধ্যে নগরে চলাচলরত হিউম্যান হলার ও মিনিবাসের সংখ্যা ছয় শতাধিক। সংশ্লিষ্ট এক কর্মকর্তা দাবি করেন, মাসখানেক আগে থেকে নগর ট্রাফিক পুলিশ ও বিআরটিএর উদ্যোগে রংচটা গাড়ির বিরুদ্ধে সপ্তাহে একটি অভিযান পরিচালিত হচ্ছে। ডিসি ট্রাফিক কার্যালয়ের এক কর্মকর্তা এ কথা স্বীকার করে বলেন, ‘অভিযানের আওতায় এ পর্যন্ত দুই শতাধিক যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়েছে।’চট্টগ্রাম বাস-মিনিবাস-হিউম্যান হলার মালিক সমিতির প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী নতুন করে রাঙিয়ে গাড়িকে চটকদার করার জন্য ট্রাফিক পুলিশের চিঠি পাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘চট্টগ্রামের মাটিতে বিশ্বকাপ ক্রিকেটের খেলা হচ্ছে—এটা আমাদের গর্বের বিষয়। নগরের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদেরও রয়েছে।’ তবে তিনি বলেন, ‘সম্প্রতি সিটি করপোরেশনের মেয়র এক মতবিনিময় সভায় বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতাদের রং করার জন্য গাড়িপ্রতি পাঁচ হাজার টাকা হারে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু সে প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।’এ প্রসঙ্গে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম গত শুক্রবার মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, ‘এ ধরনের কোনো প্রতিশ্রুতি আমি দিইনি।’যোগাযোগ করলে নগর ট্রাফিক পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ গত শুক্রবার জানিয়েছেন, ‘আগামীকাল থেকে “রংচটা” (রং উঠে গিয়ে বিবর্ণ হয়ে যাওয়া) গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ট্রাফিক পুলিশ।’জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মীর গোলাম ফারুক জানান, ‘বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে যানজটমুক্ত পরিবেশ এবং “রংচটা” গাড়ির বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম রুটসহ অন্যান্য বিশ্ব রোডের চারটি পয়েন্টে শিগগির আকস্মিক অভিযানের জন্য চেকপোস্ট বসানো হবে।’