নিরবালা দেবী মরে গেছেন সেই কবে! যেদিন ঘাতকেরা তাঁর গর্ভজাত ছেলের রক্ত দিয়ে স্নান করাল তাঁকে, শত আকুতি সত্ত্বেও চোখের সামনে কুচি কুচি করল তাঁর দুলাল, বাদল সর্বোপরি স্বামী হরিরঞ্জন নাথসহ অনেক স্বজনকে। ১৯৭১ সালের ৩১ মার্চের সেই বীভৎস ঘটনার প্রত্যক্ষদর্শী নিরবালার এত দিন দেহটাই পড়ে ছিল কেবল!৩৭ বছরের যন্ত্রণাবিধুর সেই স্মৃতি বুকে নিয়ে অবশেষে নিরবালা দেবী দেহত্যাগ করলেন। নিষ্প্রভ একটি প্রাণ ডানা মেলে আকাশের দিকে ছুটে গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রক্তঝরা সেই মার্চে, ২০০৮ সালের ২ মার্চ। চট্টগ্রামের হালিশহর মধ্যম নাথপাড়ার বাসিন্দা এই প্রবীণ নিরবালা দেবী চলে গেলেও রেখে গেছেন সেদিনের আরও অনেক প্রত্যক্ষদর্শী। তাঁর কন্যা নিহারবালা দেবী, ডলি নাথ, নারায়ণচন্দ্র বৈষ্ণব, শেফালী প্রভা দেবীসহ আরও অনেকে। যাঁরা এখনো বয়ে বেড়াচ্ছেন সেদিনের সেই ক্ষতচিহ্ন। মুক্তিযুদ্ধের শুরুতে চট্টগ্রামের মধ্যম হালিশহর নাথপাড়ায় ইতিহাসের বর্বরতম এ হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল পাশের বিহারি ও পাকিস্তানি বাহিনীর যৌথ আক্রমণে। এ নাথপাড়ার এমন কোনো পরিবার নেই যে স্বজন হারায়নি। তারপরও স্বাধীনতার ৪০ বছরেও এখনো মেলেনি শহীদ পরিবারের মর্যাদা। ‘এত বছরেও আমরা শহীদ পরিবারের মর্যাদা পেলাম না। আমরা পেলাম না একটা স্বীকৃতি। কী হবে এসব লিখে?’ বাবা, কাকা, ভাই হারানো মৃণাল নাথের এমন প্রশ্নের জবাব কে দেবে?সেদিন প্রাণ দেওয়া অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দার কী অপরাধ ছিল? তাঁরা তো চেয়েছিলেন একটি স্বাধীন দেশ। তাঁরা তো স্বাধীনতাসংগ্রামে আত্মনিবেদিত ইস্ট পাকিস্তান রাইফেলের (ইপিআর) সদস্যদের আশ্রয় দিয়েছিলেন কেবল। প্রত্যক্ষদর্শী কয়েকজনের বক্তব্যে বেরিয়ে আসে কল্পনাকে হার মানানো সেই ভয়াল দিনের কাহিনি। খুকু রাণী তখন অষ্টম শ্রেণীর ছাত্রী। সকালবেলা দরজা ধাক্কানোর শব্দ। কে কে...? উত্তর এলো ‘আমরা ইপিআর সদস্য। আমাদের ক্যাম্পে আক্রমণ হয়েছে। আমাদের আশ্রয় দেন।’ অর্ধশতাধিক মুক্তিকামী ইপিআর সদস্যকে আশ্রয় দিল নাথপাড়ার বাসিন্দারা। আর সেটাই কাল হলো তাঁদের। ‘‘আশ্রয় নেওয়া ইপিআর সদস্যদের খাওয়া-দাওয়ার সব ব্যবস্থা করা হলো। আমাদের ভাই-বাবারা তাঁদের আশ্বস্ত করলেন আমরা একসঙ্গে শত্রুর মোকাবিলা করব। সকাল ১০টার দিকে প্রচণ্ড গোলাগুলি। আমরা পুকুরপাড়ের মন্দিরে আশ্রয় নিলাম। এরই মধ্যে বেলা একটার দিকে ‘জয় বাংলা’ স্লোগানে একদল লোক এসে দরজায় ধাক্কা দিল। প্রথমে ভুল করলেও পরে বুঝলাম এরা শত্রুপক্ষ। বাধ্য হয়ে দরজা খোলা হলো।’’ খুকু রাণী দীর্ঘ ৪০ বছর ধরে বার বার মনে আসে সেদিনের সেই কাহিনি। অনেকবার এসব কাহিনি বলেছেন অনেককে। এক মুহূর্তের জন্য তিনি মাথা থেকে বাদ দিতে পারেননি সেই দুঃসহ দিনের কথা। খুকু রাণী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শোনা সেদিনের চিত্রটা ছিল এরকম। ‘দরজার পাশেই খুকু রাণীর বড় ভাই দুলালকে কিরিচ দিয়ে কোপ দিল বিহারিরা। দেহ থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল। তারপর তাঁদের মা নিরবালা দেবীকে টেনে এনে এক খুনি বিহারি বলল—‘খুব তো জয় বাংলা জয় বাংলা করেছিস এবার ছেলের রক্ত দিয়ে গোসল কর...।’ এ দৃশ্য দেখে বার বার মূর্ছা গেল খুকু ও নিরবালা। তারা যাঁকে পেয়েছে তাঁকে কুপিয়েছে। একসময় তাঁদের আরেক ভাই বাদল নাথকে নিয়ে খাটের তলায় ঢুকে পড়েছিল খুকু। শেষরক্ষা হয়নি। বোনের বুক থেকে বাদলকে টেনে এনে হত্যা করল। শুধু তাই নয়, খুকু রাণীর কাকিমার কাছ থেকে কোলের শিশুটি নিয়ে ছুড়ে মারল। কী নৃশংস।সেদিন খুকুকে মৃত ভেবে খুনিরা চলে গিয়েছিল। যাওয়ার সময় রক্তের বন্যা বয়ে যাওয়া কালী মন্দিরে মৃত অর্ধমৃত মানুষের ওপর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। একসময় গায়ে আগুন লাগলে বীভৎস দৃশ্যে জ্ঞান হারানো খুকু জেগে ওঠেন। ওঠেই ঝাঁপ দেন পাশের পুকুরে। ততক্ষণে তাঁর বাম হাত পা বুক পুড়ে গেছে। তার হাতে এখনো সেই দগ্ধতার চিহ্ন।প্রতিবেশী ডলি নাথ তখন পঞ্চম শ্রেণীর ছাত্রী। তিনি সেদিন হারান তাঁর বাবা অনিল বিহারী নাথসহ তিন স্বজনকে। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ‘বাইরে রাস্তায় পাহারাই ছিল পাকিস্তানি মিলিটারি। আর পাড়ার মধ্যে বিহারিরা ঢুকে এই তাণ্ডব চালায়। চোখের সামনে খুন হতে দেখল স্বজনদের।’শুধু মধ্যম নাথপাড়ায় নয়, সেদিন হত্যাযজ্ঞ চালিয়েছিল পাশের আবদুরপাড়ায়ও। সেখানে আজগর আলী, ইসহাক, বাবুল হক, সিদ্দিক আহমদসহ অনেকে। এই দুটি পাড়ায় সেই ৩১ মার্চ দুপুরে প্রায় ১০০ লোক নিহত হলেও অনেকের পরিচয় পাওয়া যায়নি। বিশেষ করে ইপিআর সদস্যদের পরিচয় জানা যায়নি। শুধু হত্যা নয়, লুটতরাজও করেছিল খুনিরা।প্রাণে বেঁচে গেলেও শরীরে সেদিনের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন নারায়ণচন্দ্র বৈষ্ণব। তিনি ভাই, পিতামহসহ হারিয়েছেন তিনজনকে। অনিল নাথ হারিয়েছেন বাবা সুনীল নাথকে। শহীদ পরিবারের এসব সদস্যদের ক্ষোভ এত বছরেও তাঁরা শহীদ পরিবারের মর্যাদা পাননি। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে সেক্টর কমান্ডার ফোরামের সদস্যরা নাথপাড়ায় গিয়েছিলেন। তখন তাঁরা একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান। তাঁদের প্রাপ্তি বলতে ২০০১ সালে সেই কালী মন্দিরের বধ্যভূমিতে একটি শহীদ বেদি করা হয়। এ ছাড়া আর কিছুই পায়নি তাঁরা। তাই ক্ষুব্ধ হতেই পারেন মৃণাল, অনিল, খুকুরা—‘এত স্বজন হারানোর পরও তো আমরা দেশ ছেড়ে যায়নি। কিন্তু সেই মর্যাদা কী আমরা পাচ্ছি? শহীদদের বেশির ভাগ সংখ্যালঘু বলেই কি এমন অবহেলা?’