এখনো জমেনি বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৯ মার্চ বিকেলে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ফিতা কেটে এই মেলা উদ্বোধন করেন। এরপর কেটে গেছে ১১ দিন। এখনো মেলা জমে ওঠেনি।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। এটি মেলার ২৫তম আসর।
মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, কম প্রচারণা ও মাসের শেষ সময়ে দর্শনার্থীদের হাতে টাকা না থাকায় মেলা জমছে না।
গত মঙ্গলবার সন্ধ্যায় গিয়ে দেখা গেছে, বেশির ভাগ স্টল চালু হয়েছে। কিছু স্টলের প্রস্তুতি এখনো শেষ হয়নি। স্টলের মতো প্রস্তুতির কাজ চলছে কিছু প্যাভিলিয়নেরও। কাজ শেষ না হলেও প্যাভিলিয়নগুলো আংশিক চালু হয়েছে। তবে মেলায় দর্শনার্থীও একেবারে কম।

মেলার একটি স্টলে পণ্য দেখছেন দুই তরুণী l প্রথম আলো
মেলার একটি স্টলে পণ্য দেখছেন দুই তরুণী l প্রথম আলো

কথা হয় আগ্রাবাদ থেকে মেলায় আসা গৃহিণী আলেয়া ফারজানার সঙ্গে। তিনি বলেন, ‘প্রতিবারই এ মেলায় ব্যতিক্রমী বেশ কিছু পণ্য আসে, তাই এসেছি। প্রতিষ্ঠানগুলো ছাড় দিয়েছে ভালোই। মেলার মাঠ ফাঁকা থাকায় কেনাকাটা করতেও সুবিধা হচ্ছে।’
ঢাকা থেকে বিভিন্ন শাড়ি নিয়ে এসেছে নির্জনা বস্ত্র বিতান। প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ আকাশ ক্রেতা সমাগম কম হওয়ায় হতাশা ব্যক্ত করে বলেন, ‘যেমন আশা করেছিলাম, তেমন সাড়া পাইনি। আশা করছি সব সংকট কাটিয়ে ১ এপ্রিল থেকে মেলা পুরোদমে জমে উঠবে।’
মেলায় ঘুরতে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা আহমেদ রাব্বি বলেন, ‘মাসের শেষ সময়ে শুরু হয়েছে মেলা। এখন টাকা নেই হাতে। তাও দেখতে এলাম কী কী কেনা যায়। আগামী মাসের শুরুতে বেতন পেলেই পরিবারকে সঙ্গে নিয়ে আসব কেনাকাটা করতে।’
দেশীয় প্রতিষ্ঠান প্রাণ মেলায় এসেছে তাদের নানা ধরনের পণ্য নিয়ে। ‘প্রাণ’ প্যাভিলিয়নের ইনচার্জ জিয়াউল হক জানান, প্রচারণার জন্য তাঁদের প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। তবে বিগত বছরের তুলনায় এবার এখনো দর্শনার্থীর সংখ্যা অনেক কম।
মারিয়া ফ্যাশনের স্টল ইনচার্জ মোহাম্মদ রাজু জানান শঙ্কার কথাও। তিনি বলেন, ‘অসময়ে এবার মেলা শুরু হয়েছে। ভয়ে আছি সামনে বৃষ্টির দিন শুরু হয়ে গেলে দর্শনার্থীর সমাগম আদৌ হবে কি না এ নিয়ে।’ মেলায় দর্শনার্থীর সংখ্যা কম ছাড়া আর কোনো ধরনের সমস্যা নেই বলে জানালেন অংশ নেওয়া ব্যবসায়ীরা।

স্টল প্রস্তুত করছেন দুই কর্মী। ছবিটি গত মঙ্গলবার তোলা  l প্রথম আলো
স্টল প্রস্তুত করছেন দুই কর্মী। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও মেলা কমিটির কো-কনভেনর মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘মাঠের বরাদ্দ পেতে দেরি হওয়ায় মেলা অন্যবারের চেয়ে দেরিতে শুরু হয়েছে। আশা করছি এর প্রভাব খুব একটা পড়বে না। এপ্রিলের শুরু থেকেই মেলা জমে উঠবে। আর মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরাও লাভবান হবেন।’
প্রচারণা কম প্রসঙ্গে মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, প্রচারণা প্রতিবার যে রকম হয় এবারও একইভাবে চলছে। এতে কোনো ঘাটতি নেই। তবে প্রতিবারই শুরুর দিকে এ রকম মানুষজন কম ।
প্রায় চার লাখ বর্গফুট আয়তনের মাঠজুড়ে বসেছে এবারের বাণিজ্য মেলার আসর। মেলায় দেশি-বিদেশি ৪৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দেশীয় রপ্তানিমুখী বৃহৎ শিল্প, বহুজাতিক কোম্পানি ও বিদেশি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান রয়েছে। মেলা প্রাঙ্গণের প্রায় ২৩ হাজার বর্গফুট জায়গা নিয়ে থাইল্যান্ড, ভারত, ইরান ও মরিশাসের উদ্যোক্তারা এবারের মেলায় অংশ নিচ্ছেন। এ ছাড়া প্যাভিলিয়ন রয়েছে ৩৫টি। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা।