এখনো জলাবদ্ধ চকরিয়ার দুই গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডুবে গেছে চলাচলের রাস্তা। তাই চলাচলে নৌকাই এখন ভরসা। চকরিয়ার কাকারা ইউনিয়নের বাসিন্দারা জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন এখনো l প্রথম আলো
ডুবে গেছে চলাচলের রাস্তা। তাই চলাচলে নৌকাই এখন ভরসা। চকরিয়ার কাকারা ইউনিয়নের বাসিন্দারা জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন এখনো l প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলার অন্য স্থানে বন্যার পানি নেমে গেলেও কাকারা ইউনিয়নের বার আউলিয়া নগর ও শাহ ওমর নগর গ্রামের মানুষের দুর্ভোগ যেন শেষ হচ্ছে না। পানিনিষ্কাশনের পথ রুদ্ধ থাকায় এই দুই গ্রামের জলাবদ্ধতা এখনো কাটেনি। একমাত্র সড়কের অন্তত ৭৫০ মিটার পানিতে ডুবে থাকায় মানুষ চলাচল করছে নৌকা দিয়ে।
গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশা কাকারা ইউনিয়নের বার আউলিয়া নগর ও শাহ ওমর নগর দুই গ্রামে বসবাস অন্তত তিন হাজার মানুষের। এসব গ্রামের বাসিন্দাদের চলাচল করতে হয় লক্ষ্যারচর ইউনিয়নের বার আউলিয়া নগর সড়ক হয়ে। এই সড়কটি দুই মাস ধরে পানিতে ডুবে রয়েছে। এদিকে এখানকার পানিনিষ্কাশনের একমাত্র মাধ্যম বাইশ্যার ছড়ার বিভিন্ন অংশে গড়ে উঠেছে দোকানপাট। এসব দোকানপাটের কারণে ছড়ার নাব্যতাও কমে গেছে। ফলে অনেকটাই বন্ধ হয়ে গেছে পানিনিষ্কাশনের পথ।
কথা হয় বিদ্যালয় ছুটি শেষে নৌকায় করে ফেরা বিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে। শাহ ওমরাবাদ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী কাওসার জান্নাত বলে, ‘আমাদের গ্রামের (বার আউলিয়া নগর) ঘরবাড়ি ও সড়ক ডুবে যেতে বন্যা হতে হয় না। সামান্য বৃষ্টিতেই ঘরবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে যায়।’
আরেক ছাত্রী শারমিন আকতার বলে, ‘বাইশ্যার ছড়ার নলবিলা চেকপোস্ট এলাকার স্লুইসগেট দখল হয়ে গেছে। সেখানে দোকানপাট ও ঘরবাড়ি করা হয়েছে। ফলে পানি নামতে পারছে না। এতে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
শাহ ওমর নগর গ্রামের বাসিন্দা মো. ছমিউদ্দিন (৪৫) বলেন, ‘চকরিয়ার মানুষ বন্যামুক্ত হয়েছে অনেক আগে। আমরা কখন
বন্যামুক্ত হব আল্লাহই জানে?’ তিনি বলেন, ‘বছরের তিন-চার মাস যাতায়াতের সড়কটি ডুবে থাকে। নৌকা ছাড়া চলাচল করা যায় না। দখলদারদের উচ্ছেদ করে আমাদের সড়কটি ১০ ফুট উঁচু করে নির্মাণ করে দেওয়া হোক।’ বার উলিয়া গ্রামের গৃহবধূ হাসিনা বেগম বলেন, ‘গত দুই মাস ধরে ঘরের ভেতরে পানি রয়েছে। খাটের ওপর রান্নাবান্না করতে হচ্ছে।’
স্থনীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা জানান, বাইশ্যার ছড়া ভরাট ও দখল হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে বার আউলিয়া নগর সড়ক। এর পাশাপাশি একই ইউনিয়নের জিদ্দাবাজার-শিকলঘাট ও ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সড়ক পানিতে ডুবে থাকে। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ বলেন, বাইশ্যার ছড়া খনন ও দখলমুক্ত করতে না পারলে জলাবদ্ধতা দূর হবে না। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়েকবার সড়কটি পরিদর্শন করেছেন। তাঁরা আশ্বাস দিয়েছেন, শিগগিরই বাইশ্যার ছড়ার সাড়ে চার কিলোমিটার অংশ খননের উদ্যোগ নেবেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, বাইশ্যার ছড়া খনন করতে ঢাকায় প্রকল্প পাঠানো হয়েছে। এ ছাড়া ছড়াটি দখলমুক্ত করতেও শিগিগরই অভিযান চালানো হবে।