এখনো জ্বলছে না সেই নির্বাচনী সড়কবাতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো জ্বলছে না মহেশখালী পৌরসভার সেই ‘নির্বাচনী সড়কবাতি’। তফসিল ঘোষণার পর ২ ডিসেম্বর হঠাৎ সড়কবাতি লাগানোর তোড়জোড় শুরু করে পৌর কর্তৃপক্ষ। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের খুঁটি স্থাপন, বাতি লাগানো ও তার (কেব্ল) টানার কাজ শেষ হয় এক মাসের মধ্যে। তবে বিদ্যুৎ-সংযোগ না দেওয়ায় জ্বলছে না এসব বাতি। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের নির্দেশে এখন নতুন সংযোগ দেওয়া বন্ধ। তাই পৌরসভায়ও শিগগিরই বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হবে না। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পৌরবাসী। সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকায় আদালত সড়ক, মহেশখালী কলেজ সড়ক, মহেশখালী জেটি, আদর্শ উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়ক, গোরকঘাটা সিকদারপাড়া সড়ক ও হিন্দুপাড়া সড়কে বিদ্যুতের খুঁটি বসিয়ে সড়কবাতি লাগানো হয়েছে। কিন্তু এসব সড়কবাতিতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি।গোরকঘাটার বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘সড়কে বাতি লাগানো নিয়ে একটা রাজনীতি আছে বলে আমার মনে হয়। কারণ, যেখানে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ দিতে পারছে না, সেখানে হঠাৎ করে খুঁটি লাগানো হলো কেন?’ ঠিকাদারি প্রতিষ্ঠান মৃধা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আবুল কাসেম বলেন, ‘৮ ডিসেম্বর পৌর এলাকায় বাতি লাগানোর কাজ শুরু হয়, শেষ হয় ৭ জানুয়ারি। সাত কিলোমিটার বিদ্যুতের নতুন লাইন টেনে এসব সড়কবাতি লাগানো হয়েছে।’ পৌরসভার বর্তমান মেয়র (ভারপ্রাপ্ত) পূর্ণচন্দ্র দে এবার নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘সড়কবাতি লাগানোর জন্য ২০০৭ সালের জানুয়ারিতে প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বিদ্যুৎ-সংযোগ ও মিটারের জন্য পল্লী বিদ্যুৎ কার্যালয়ে আবেদন করা হয়েছে। বিদ্যুৎ-সংযোগ পেলে সড়কবাতির আলোয় আলোকিত হবে মহেশখালী পৌরসভা।’ মহেশখালী পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক মাসুদুল আলম বলেন, ‘সরকারের নির্দেশে এখন নতুন সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। এ বিষয়ে অনুমতি মিললে নতুন সংযোগ দেওয়া হবে।’