এখনো তাড়া করে যুদ্ধের বিভীষিকা
‘কাতর কণ্ঠে চেঁচিয়ে আমাকে ডাকছিলেন মা। বাঁচাতে বলছিলেন তাঁকে। কিন্তু শেলের তোড়ে মায়ের কাছে যেতে পারিনি। রক্ষা করতে পারিনি তাঁকে।’ গৃহযুদ্ধের সেই ভয়াবহ স্মৃতি এভাবেই স্মরণ করলেন শ্রীলঙ্কার ২৩ বছর বয়সী তরুণী রঞ্জিনী। মায়ের যন্ত্রণাক্লিষ্ট মুখ এখনো তাঁর চোখে ভাসে। শুধু মা নন, রঞ্জিনীর ছোট বোনটিও গোলার আঘাতে প্রাণ হারায় সেদিন।এসব স্মৃতি এখনো দুঃস্বপ্নে দাবড়ে বেড়ায় রঞ্জিনীকে। গভীর রাতে প্রায়ই চিৎকার করে বিছানায় উঠে বসেন তিনি। মা-বোনের কথা মনে করে ডুকরে কাঁদেন। শ্রীলঙ্কায় এমন রঞ্জিনী রয়েছেন হাজার হাজার। চোখের সামনে বহু ধ্বংসযজ্ঞ দেখেছেন তাঁরা। হারিয়েছেন স্বজন, ঘরবাড়ি। ২০০৯ সালে দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়েছে। কিন্তু এখনো মুছে যায়নি ধ্বংস আর রক্তপাতের বীভৎস স্মৃতি, যা বহু তামিলের মানসিক সমস্যার কারণ। গত শতকের আশির দশক থেকে টানা ২৫ বছর চলে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ। স্বাধীনতার দাবিতে সংখ্যালঘু তামিলরা লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) নামের সংগঠন গড়ে গেরিলা যুদ্ধে নামে। সেই থেকে গৃহযুদ্ধ শুরু। বহু রক্তক্ষয় আর ধ্বংসের পর ২০০৯ সালের মে মাসে তামিল গেরিলাদের চূড়ান্তভাবে পরাজিত করার মাধ্যমে যুদ্ধ শেষ হয়। যুদ্ধের শেষ পর্যায়ে সরকারি বাহিনীর বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ উঠেছিল। শেষের এক বছরে প্রাণ হারান ১৩ হাজারের বেশি মানুষ। এর মধ্যে নয় হাজারের বেশি বেসামরিক। এ ছাড়া বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অসংখ্য মানুষ। যুদ্ধের আঘাতের আকস্মিকতায় অনেকের সূক্ষ্ম অনুভূতি ভোঁতা হয়ে গিয়েছিল। এ জন্য খুব কাছের স্বজনকে হারিয়েও কেউ কেউ অনেক সময় দুঃখ প্রকাশ করতে পারেননি। যুদ্ধের পর পরিস্থিতি যখন স্বাভাবিক হয়েছে, তখন তাঁরা দেখেন চিরচেনা সেই ঘরদোর নেই। খাঁ-খাঁ করছে ভিটে। নেই পাশে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার অতি আপনজন। শুধু রয়ে গেছে চোখের সামনে তাঁদের হারিয়ে যাওয়ার জ্বলন্ত স্মৃতি। এই স্মৃতি ছাইচাপা আগুনের মতো ধিকিধিকি জ্বলে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছে তাঁদের। এতে স্বাভাবিক জীবন থেকে ক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন তাঁরা। এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় পরিচালিত একটি দাতব্য সংস্থার কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুদ্ধের সময় এসব মানুষ চোখের সামনে আপনজনদের মৃত্যু দেখেছেন, কিন্তু দৌড়ে পালানো ছাড়া কারও কিছু করার ছিল না। আপনজনদের জন্য কিছু করতে না পারার হতাশা এখন পেয়ে বসেছে তাঁদের। এর বিরূপ প্রভাবে তাঁরা অনেকেই স্বাভাবিক হতে পারছেন না। অনেকের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দিয়েছে। কেউ কেউ সমাজবিরোধী কর্মকাণ্ডেও লিপ্ত হচ্ছেন।শ্রীলঙ্কার তামিল অধ্যুষিত উত্তরাঞ্চলেই এসব সমস্যা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক সমস্যার কারণে অনেকে মদসহ বিভিন্ন মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়ছেন। লিপ্ত হচ্ছেন পারিবারিক সহিংসতায়। কেউ কেউ কাটাচ্ছেন নিঃসঙ্গ জীবন।গৃহযুদ্ধ শেষ হওয়ার পর শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে সাধারণ তামিলদের ওপর দমনপীড়নের অভিযোগ ওঠে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, তামিল গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় সাধারণ তামিলদের মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। অনেক নিরপরাধ মানুষের ওপর চালানো হয়েছে নির্যাতন। কিন্তু প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। এ ব্যাপারে জাতিসংঘের তদন্ত চালানোর প্রস্তাবও তারা বরাবর নাকচ করে এসেছে। সম্প্রতি শ্রীলঙ্কার সরকার এক হাজার ৮০০ জন তামিল গেরিলাকে মুক্তি দিয়েছে। সাম্প্রদায়িক ব্যবধান দূর করে সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যেই তাঁদের মুক্তি দেওয়া হয় বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এ ঘটনাকে সরকারের ইতিবাচক শুভ উদ্যোগ হিসেবে দেখছে সবাই। দাউদ ইসলাম