এখনো তাড়া করে স্বজন হারানোর স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী উপকূলীয় এলাকার মানুষজন ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে স্বজন হারানোর বেদনা এখনো বয়ে চলেছেন। এখানকার বাসিন্দাদের অনেকেই এখনো হারিয়ে যাওয়া স্বজনদের খুঁজছেন। দিনটি এলাকার বাসিন্দাদের কাছে কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই দিনে বাঁশখালীর প্রায় ১২ হাজার মানুষ মারা যায়। তবে উপকূলের বেড়িবাঁধ স্থায়ী না হওয়ায় বর্ষা এলেই আতঙ্কে দিন কাটায় তারা। ঘূর্ণিঝড়ে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই এলাকায় দীর্ঘ ২১ বছর পরও স্থায়ী বেড়িবাঁধ নির্মিত হয়নি। সাগরবেষ্টিত বাঁশখালী উপকূলীয় এলাকার ১৮ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ নেই। এর ফলে এলাকায় বসবাসকারী সাত লক্ষাধিক মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। উপকূলীয় বড়ঘোনা, সরল, ছনুয়া, বাহারছড়া, খানখানাবাদ, গণ্ডামারা, ইলশা, প্রেমাশিয়াসহ বাঁশখালীর ক্ষতিগ্রস্ত জনগণ প্রতি বর্ষায় আতঙ্কে দিন কাটায়। উপকূলের কদমরসুল, খানখানাবাদ, ছনুয়া, বড়ঘোনা, গণ্ডামারা ও প্রেমাশিয়া এলাকায় প্রতি বর্ষায় সামুদ্রিক লোনা পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি করে। পানিবন্দী হয়ে পড়ে মানুষজন। গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ উল্লাহ জানান, তাঁর ইউনিয়নে ১৯৯১ সালের জলোচ্ছ্বাসে ১২ হাজার মানুষ মারা যায়।