এখনো তৎপর হিযবুত তাহ্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিভিন্ন স্থানে এখনো তৎপর নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীর। সংগঠনটির তৎপরতা সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশও। তবে জেএমবি বা অন্য কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে অনুসন্ধানে নেমেছে পুলিশ। একই সঙ্গে মামলার আসামি পলাতক জঙ্গিদের ধরতেও অভিযান চলছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, এর আগে বিভিন্ন সময় নগরের বিভিন্ন স্থানে গোপনে সরকারবিরোধী পোস্টার লাগানো ও লিফলেট বিতরণ করেছে হিযবুত তাহ্রীরের কর্মীরা। বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল বের করার মাধ্যমেও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থেকেছে সংগঠনটি। তবে অপর নিষিদ্ধ-ঘোষিত জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) কোনো তৎপরতার কথা জানা যায়নি। গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে জেএমবির বোমা তৈরির কারিগর জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানসহ তিন জঙ্গি ছিনতাই হওয়ার পর নড়েচড়ে বসেছে এখানকার পুলিশ প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘হিযবুত তাহ্রীর নগরে সক্রিয় থাকার তথ্য রয়েছে। তবে অন্য কোনো জঙ্গি সংগঠনের তৎপরতার খবর পাওয়া যায়নি। বোমা মিজানসহ তিন জঙ্গি পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়ার পর আমাদের ধারণা, জঙ্গিরা আবারো নামে-বেনামে সক্রিয় হয়ে উঠতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে জামিনে থাকা, খালাস পাওয়া এবং পলাতক জঙ্গিদের সম্পর্কে খোঁজ নিচ্ছি আমরা।’
বাবুল আক্তার আরও বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গিদের দেশব্যাপী সিরিজ বোমা হামলা, আদালতে আত্মঘাতী বোমা হামলা, দুই বিচারকের এজলাসে বোমা হামলা, চট্টগ্রাম নগরের টেরিবাজারে বিপুল গ্রেনেডসহ জঙ্গি মাসুমকে আটক এবং রোহিঙ্গাদের আনাগোনার ঘটনা ঘটেছে। এসব বিষয় মাথায় রেখে চট্টগ্রামে জঙ্গিদের খোঁজ এবং তাদের সম্ভাব্য তৎপরতা রোধে নগর পুলিশের একটি দল মাঠে থাকবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৭ আগস্ট পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শকের পক্ষে বিশেষ পুলিশ সুপার এস এম আইনুল বারী জঙ্গিদের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রতিবেদন দিতে পুলিশের বিভিন্ন কার্যালয়ে চিঠি পাঠান। চিঠিটি চট্টগ্রাম মহানগর পুলিশ কার্যালয়ে আসার পর নগরের ১৬টি থানার ওসিসহ নগর পুলিশের বিশেষ শাখা জঙ্গিদের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করে। চিঠিতে জেএমবি, হিযবুত তাহ্রীর, হিযবুত তাওহীদ, আল্লার দল, দাওয়াত-ই ইসলাম, আনসারুল্লাহ বাংলা টিম ও হরকাতুল জিহাদ (হুজি) সম্পর্কে খোঁজখবর নিতে বলা হয়। এ ছাড়া, উগ্রপন্থী অন্য কোনো জঙ্গি সংগঠনের তৎপরতা রয়েছে কি না তাও খতিয়ে দেখতে বলা হয় চিঠিতে।
সূত্র জানায়, মাঠপর্যায়ে অনুসন্ধান চালিয়ে পুলিশ শুধু হিযবুত তাহ্রীরের তৎপরতার সন্ধান পায়। তবে এর নেতৃত্বে কারা রয়েছেন তা নিশ্চিত হতে পারেনি তারা। গোপনে সরকারবিরোধী পোস্টার লাগানো, লিটলেট বিতরণ ও ঝটিকা মিছিল বের করে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে বলে জানতে পেরেছে পুলিশ।
পুলিশ জানায়, রাজনৈতিক অস্থিরতার কারণে সাম্প্রতিক সময়ে জঙ্গি তৎপরতা সম্পর্কে পুলিশ মাঠে কাজ করতে পারেনি। পুলিশ সদর দপ্তর থেকে চিঠি পাওয়ার কয়েক মাসের মধ্যে হরতাল, বোমা বিস্ফোরণসহ সরকারবিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিনরাত মাঠে থাকতে হয়েছে তাদের।
ফলে আগের বিভিন্ন মামলার তদন্ত এবং আসামি গ্রেপ্তারেও ভাটা পড়ে এ সময়। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পাশাপাশি ময়মনসিংহে তিন জঙ্গি ছিনতাই হওয়ার পর চট্টগামে জঙ্গিদের অবস্থান খতিয়ে দেখতে মাঠে নেমেছে পুলিশ।