এখনো দমেনি আল-শাবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুদ্ধক্ষেত্রে বেশ মার খেলেও এখনো খোদ রাজধানী মোগাদিসুর প্রাণকেন্দ্রে আঘাত হানার ক্ষমতা যে তাদের রয়েছে, এ প্রমাণ দিল সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। চলতি মাসে মোগাদিসুতে কয়েক দফা বোমা হামলা চালিয়েছে তাঁরা। মাসের শুরুর দিকে রাজধানীর এক ব্যস্ত মোড়ে সরকারি ভবনের বাইরে বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। বেশ কয়েকজন ছাত্রসহ ৭৫ জন নিহত হয় এতে। অতি সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আরেকটি হামলা চালায় আল-শাবাব।আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর বিষয়ে অনুসন্ধানে নিয়োজিত জাতিসংঘের তদন্ত কর্মকর্তা ম্যাট ব্রাইডেন বলেন, ‘ওই হামলার ভয়াবহতায় সবাই বিস্মিত। কয়েক বছরের মধ্যে আমরা এমন হামলা দেখিনি।’ তিনি আরও বলেন, দেখে মনে হচ্ছে শাবাব অতীতের ভুল থেকে শেখেনি। লোকে তাদের ওপর আরও খেপে যাবে। তাদের আন্দোলনের কোনো লাভ হবে না এতে।দুই মাসের কিছু বেশি সময় আগে আল-শাবাব ঘোষণা দেয়, আফ্রিকান ইউনিয়ন (এইউ) ও সোমালিয়ার সরকারি সেনাদের অভিযানের মুখে তারা মোগাদিসু থেকে নিজেদের যোদ্ধাদের প্রত্যাহার করে নিয়েছে।বিশ্লেষকেরা বলেছেন, অধিকতর ভালো অস্ত্রসরঞ্জামে সজ্জিত এইউয়ের নয় হাজার সেনার বিরুদ্ধে মুখোমুখি লড়াই চালিয়ে যাওয়া আল-শাবাবের পক্ষে সম্ভব ছিল না। কাজেই তারা রাজধানী ছেড়ে দিয়ে বোমা হামলার দিকে ঝোঁকার সিদ্ধান্ত নেয়। দুর্ভিক্ষের কারণে সোমালীয়দের মধ্যে আল-শাবাবের গ্রহণযোগ্যতা বেশ হ্রাস পেয়েছে—এমন একসময়ে মোগাদিসুতে আত্মঘাতী হামলাগুলো চালানো হয়। শাবাব তাদের নিয়ন্ত্রিত দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে ত্রাণ সরবরাহে বাধার সৃষ্টি করলে সেসব স্থানে দুর্ভিক্ষ ভয়াবহ আকার নেয়।এসব এলাকার দুর্ভিক্ষপীড়িত হাজারো মরিয়া মানুষ আল-শাবাবের নির্দেশ উপেক্ষা করে খাবারের সন্ধানে বাড়িঘর ছেড়ে যায়। আল-শাবাব বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও পশ্চিমা সাহায্য সংগঠনগুলোকে তাদের এলাকায় ঢুকতে দেয়নি। সংগঠনটির ভাষ্য, এসব পশ্চিমা সংস্থা ইসলামবিরোধী এবং তাদের ভেতরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার লোক ঢুকেছে।বিশ্লেষকেরা বলছেন, আল-শাবাবনিয়ন্ত্রিত এলাকায় আন্তর্জাতিক সাহায্য সংস্থার সদস্যদের ঢুকতে দেওয়া হবে কি না, এ বিষয় নিয়ে সংগঠনটি আসলে বিভক্ত। নিজেদের নির্বাচনী এলাকার কথা ভেবে দুর্ভিক্ষপীড়িত এলাকার কয়েকজন নেতা পশ্চিমা সাহায্য নেওয়ার পক্ষে। তবে সার্বিক নেতা আহমেদ আবদি গোদানে এর ঘোর বিরোধী। তিনি উত্তর সোমালিয়ার মানুষ। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন তিনিই।ম্যাট ব্রাইডেন বলেন, ওই আত্মঘাতী হামলা আল-শাবাবের নির্বাচনী এলাকাভিত্তিক এবং নির্বাচনের চিন্তা নেই—এই দুই ধরনের নেতাদের মধ্যে বিভেদ আরও বাড়িয়ে দিতে পারে। পরের দলে রয়েছে উত্তরাঞ্চলের বাসিন্দা, বিদেশি যোদ্ধা ও মতাদর্শগত কট্টরপন্থীরা।অন্য বিশ্লেষকেরা বলছেন, ওই হামলা এইউ-সমর্থিত সোমালিয়ার সরকারের দুর্বল নিরাপত্তাব্যবস্থাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। রাজধানীর রাস্তা থেকে আল-শাবাব তাদের যোদ্ধাদের প্রত্যাহার করে নিলেও মোগাদিসুর বাসিন্দাদের নিরাপত্তা দিতে পারছে না সরকার। সোমালিয়ায় এইউয়ের মিশন (অ্যামিশম) আল-শাবাবের নিয়ন্ত্রণাধীন এলাকার দখল নিতে আরও সেনা সরবরাহের জন্য সংস্থাটির কাছে আবেদন জানিয়েছে।অ্যামিশমের কমান্ডার মেজর জেনারেল ফ্রেড মুগিশা সম্প্রতি বলেন, ‘মোগাদিসুর ৯৫ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ আমাদের হাতে রয়েছে। কিন্তু সন্ত্রাসীরা কীভাবে চুপিসারে কাজ করে জানেনই তো। তারা হয়তো জ্বালানি তেলের ড্রামে বিস্ফোরক ভরে সেটি ফাটিয়েই দিল।’প্রতিবেশী দেশ জিবুতি ও পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন অঙ্গীকার করেছে, আগামী বছর তারা সোমালিয়ায় তিন হাজার বাড়তি সেনা পাঠাবে। এতে সোমালিয়ায় এইউ কন্টিনজেন্টের সেনাসংখ্য ১২ হাজারে গিয়ে দাঁড়াবে।ম্যাট ব্রাইডেন অবশ্য বলছেন, সোমালিয়ার সরকারের উচিত এইউয়ের ওপর নির্ভর না করে নিজেদেরই মোগাদিসুর নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়া। আর একটি শহরের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের কাজ। কাজেই সরকারের উচিত পুলিশ বাহিনীর কার্যক্রমকে গতিশীল করা। তিনি আরও বলেন, আল-শাবাব অত বড় হামলা করতে পারলেও কয়েক বছর আগের তুলনায় বেশ দুর্বল হয়ে পড়েছে।মোগাদিসুর অধিকাংশ জায়গার নিয়ন্ত্রণ এখন এইউ সেনাদের হাতে থাকায় আল-শাবাব সেখানকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলতে পারছে না। এ কারণে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা খেয়েছে। গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র কিসমায়ো শহরের চারপাশে ড্রোন (চালকবিহীন বিমান) হামলা চালিয়েছে।মুগিশা দৃঢ়তার সঙ্গে বলেছেন, তাঁদের সামরিক অভিযানে আল-শাবাব পরাস্ত হবে। তবে সোমালীয় পর্যবেক্ষকেরা এ ব্যাপারে অতটা নিশ্চিত নন। আবুল হোসেন