এখনো দুর্ভোগে এক লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে বন্যাকবলিত এলাকাগুলোতে খাদ্য ও খাবার পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া ডায়রিয়া, কলেরা, আমাশয়সহ পানিবাহিত রোগ-জীবাণু ছড়িয়ে পড়ছে। এতে ১১টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের প্রায় চার হাজার পরিবারের প্রায় এক লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত জুলাইয়ের মাঝামাঝি থেকে ২০ দিনের ব্যবধানে এখানে দুই দফা বন্যা হয়। এ সময় পানিতে ভেসে মারা যায় শিশুসহ পাঁচজন। বন্যায় ক্ষতিগ্রস্ত রামু-নাইক্ষ্যংছড়ি, রামু-মরিচ্যা, রশিদনগর-ধলিরছড়া, চেইন্দা-রাজারকুল, ঈদগাঁহ-ঈদগড় সড়কসহ প্রায় ১০টি অভ্যন্তরীণ সড়কে যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। জানা গেছে, ৯ আগস্ট বিকেলে লাকড়ি নিয়ে বাড়ি ফেরার পথে গর্জনীয়া ইউনিয়নের রাবারড্যাম এলাকায় বন্যার পানিতে ডুবে মারা যান আবু লোকমান (২৫) নামের এক কাঠুরিয়া। আগের দিন ৮ আগস্ট রাতে গর্জনীয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়াসংলগ্ন বিধ্বস্ত অংশে পানির স্রোতে ভেসে গিয়ে মারা যান লোকাংশু বড়ুয়া (৫০) নামের এক মাছ ব্যবসায়ী। এর আগে গত ১৬ থেকে ২২ জুলাই সাত দিনের বন্যায় এক বছরের শিশু মিনহাজুল আবেদীনসহ তিনজন মারা যান। রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী জানান, বন্যার কারণে ডায়রিয়া, কলেরা, আমাশয়সহ পানিবাহিত রোগ ছড়াচ্ছে বেশি। পরিস্থিতি মোকাবিলার জন্য স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকের উল্লাহ জানান, বর্তমানে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। অনেক বিদ্যালয় এবং রাস্তাঘাট পানিবন্দী থাকায় বাধ্য হয়ে পরীক্ষা বন্ধ রাখতে হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মো. ছাইদুল হক জানান, বন্যার্তদের জন্য গত বুধবার ১৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।