কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বন্যার পানি নামলেও চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের তিনটি গ্রাম এখনো পানির নিচে। ১১ দিন ধরে বন্যার পানিতে ডুবে রয়েছে ২১১টি বসতবাড়ি। খাল বা নালা কেটে বন্যার পানি সরানোর উদ্যোগ নিচ্ছে না কেউ। ফলে কোমরপানি ডিঙিয়ে তিন গ্রামের কয়েক শ শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।এদিকে, ছোট ছেলেমেয়েদের নিয়ে ঘরের নোংরা পরিবেশে মানবেতর জীবন কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা। এসব গ্রামে এখন পর্যন্ত কোনো ত্রাণসামগ্রীও পৌঁছেনি। নলকূপগুলো বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। বন্যার পানি অতিক্রম করে নারীদের কয়েক কিলোমিটার দূরে অন্য গ্রাম থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে। ইউনিয়নের ছোট ভেওলা গ্রামের কৃষক মমতাজ আহমদ (৫৬) ও সিরাজুল ইসলাম (৪৬) জানান, গত ২৬ জুন প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মাতামুহুরি নদীর পানি উপচে পুরো চকরিয়া উপজেলার ১১টি ইউনিয়নের তিন লাখের বেশি মানুষের বসতবাড়ি ডুবে যায়। গত ৩০ জুন থেকে বন্যার পানি নামতে শুরু করলেও এখনো কৈয়ারবিল ইউনিয়নের ছোট ভেওলা, ভরন্যারচর ও হামিদুল্লাহ সিকদারপাড়া কোমরসমান পানির নিচে ডুবে রয়েছে। স্থানীয় লোকজন জানায়, ১১ দিন ধরে তিন গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ছেলেমেয়েদের স্কুলে পাঠানো যাচ্ছে না। ঘরের ভেতর হাঁটুসমান পানি জমে থাকায় থাকা-খাওয়া নিয়েও সমস্যা হচ্ছে। গত মঙ্গলবার সকালে কোমরপানি ডিঙিয়ে স্কুলে যাওয়ার পথে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া তিন শিশু ভেসে যায়। মুহূর্তে উদ্ধার করা না হলে ওই তিন শিশুর মৃত্যু হতো। ফলে বহু শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।ভরন্যারচর গ্রামের স্কুলছাত্র গিয়াস উদ্দিন (১৫) জানায়, ‘১৪ জুলাই থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। কিন্তু বন্যার পানির জন্য ১২ দিন ধরে স্কুলে যেতে পারছি না।’ পানিতে ভিজে অনেকের বই-খাতাও নষ্ট হয়ে গেছে।কৃষিতে পদকপ্রাপ্ত ছোট ভেওলা গ্রামের কৃষক আবুল খায়ের বলেন, দ্রুত বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে ঘরে ঘরে ডায়রিয়াসহ নানা রোগ দেখা দেবে। অনাবাদী থেকে যাবে ৫০০ একরের বেশি উচ্চফলনশীল জমি। ফলে কৃষিনির্ভর এই তিন গ্রামের কয়েক শ পরিবারে খাদ্যসংকট দেখা দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।গ্রামবাসীর অভিযোগ, গত বছর নালা কেটে বন্যার পানি বের করার উদ্যোগ নিলেও এবার পানি নিষ্কাশনে ইউনিয়ন পরিষদ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে তিন গ্রামের মানুষকে পানিবন্দী জীবন কাটাতে হচ্ছে।এ ব্যাপারে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফ উদ্দিন বলেন, বন্যার পানি নিষ্কাশনের জন্য নালা খনন করা দরকার। এ জন্য কিছু জমি প্রয়োজন।কিন্তু তিন গ্রামের কেউ সেই জমি দিতে রাজি হচ্ছে না। ফলে বন্যার পানিও সরানো সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থার চেষ্টা চলছে।