এখনো বিতর্ক...
২৮ সেপ্টেম্বর বিকেল। শুক্রবার হলেও বুয়েট প্রাঙ্গণে একটু বেশিই মুখর মনে হচ্ছে। সমাগমটা বেশি পুরকৌশল বিভাগের আশপাশজুড়ে। কাছে আসতেই জানা গেল, আজ বুয়েটের বিতর্ক দলের ২০ বছর পূর্তি। ‘বুয়েটে বিতর্ক দল!’ ভ্রু কুঁচকে উচ্চারণ করতেই বিতর্ক দলের প্রকাশনা সম্পাদক রায়হান মাহমুদ বলতে লাগলেন, ‘অনেকেই মনে করে, বুয়েটে আবার বিতর্ক দল? তারা তো সব সবাই পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু বিতর্কেও যে আমরা সফল হচ্ছি, এটা আর নতুন কী। আর আমাদের এই ডিবেট ক্লাবে সদস্যও কম নয়।’ সদস্যসংখ্যা কম যে নয়, তা বোঝা গেল পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে ঢুকেই। নতুন-পুরোনো সব তার্কিকই জড়ো হয়েছেন। যাকে রীতিমতো সম্মেলনই বলা চলে।বুয়েট ডিবেটিং ক্লাবকে সংক্ষেপে বলা হয় বুয়েটডিসি। বিকেলে প্রথম ভাগেই ক্লাবের ২০ বছরের বিভিন্ন সময়ের কার্যক্রমের ওপর একটি ভিডিও দেখানো হয়। এর ফাঁকে চলে নতুন-পুরোনোদের এই ক্লাব নিয়ে যত্তসব মজার স্মৃতি। ধুলো ঝেড়ে সেই স্মৃতির অ্যালবাম থেকে বিতর্কের মজার সব অভিজ্ঞতা বর্ণনা করেন একেকজন। সন্ধ্যার পর মূল আলোচনাপর্বে অংশ নেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, আইনুন নিশাত ও আব্দুল কাইয়ুম। ২০ বছরের পথচলা, প্রক্ষেপণে ও প্রতিফলনে শিরোনামে ছিল এই মুক্ত আলোচনাপর্ব। জামিলুর রেজা চৌধুরী জানান, বিতর্ক মানুষকে যুক্তিবাদী হতে সাহায্য করে। যার মাধ্যমে সে আরও বেশি শাণিত হয়ে ওঠে।বুয়েটডিসির সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহা বলেন, ‘আমাদের ক্লাবটি এরই মধ্যে ২০ বছর পেরিয়ে এসেছে। আর এ সময়ে আমাদের সফলতাও কম নয়। বিভিন্ন সময়ে দেশের উল্লেখযোগ্য সব প্রতিযোগিতায় আমরা সফলতা পেয়ে যাচ্ছি। নিয়মিত চলছে আমাদের কার্যক্রম। ডিসেম্বরে আমাদের একটা দল যাচ্ছে ওয়ার্ল্ভ্র ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপে।’কথা বলতে বলতেই জানা হলো ২২ সেপ্টেম্বর বুয়েটডিসি দলের আয়োজনে শুরু হয়েছে পঞ্চম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। বাংলা ও ইংরেজি—এ দুই ভাষায় স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দল নিয়ে চলছে এই আয়োজন। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। যার সহযোগিতায় রয়েছে প্রথম আলো। ক্লাবের সভাপতি অমিযা এনাম বলেন, ‘আমরা বিতর্ক করি নিজেদের একজন যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে। কারণ, বিতর্ক মানুষকে যুক্তিবাদী হতে সাহায্য করে। অবেগ নয়, বিতার্কিকেরা বিচার করতে শেখে বাস্তবতা দিয়ে।’আনন্দের এই দিনের শেষ ভাগে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন ক্লাবের সদস্যরা। চলতে থাকে আড্ডা। নতুনের সঙ্গে পুরোনোদের। চেনার সঙ্গে অচেনার। বিতর্কই যাঁদের বেঁধে দিয়েছে একসঙ্গে।