এখনো বিয়ে হয়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি কি বোঝো না তার তিরিশ বছর কালকুমারী থাকার অভিশাপ?আবুল হাসানের কবিতার এই কথার মতোই আমাদের সমাজ নিরন্তর অভিশাপ আর অভিযোগের তির তুলে ধরে থাকে ৩০ বছরের কুমারীদের দিকে। কেন হয়নি বিয়ে? এই এত বয়সেও? নিশ্চয় কোনো পছন্দটছন্দ ছিল! হয়তো কোনো ব্যর্থ প্রেমকাহিনি আছে পেছনে! কিংবা হয়তো ভারী নাক উঁচু। দুই পাতা লেখাপড়া শিখে ধরাকে সরা জ্ঞান করছে! গড়পড়তা পুরুষদের পছন্দ হচ্ছে না আর। নাকি আরও গোপন বা মারাত্মক কোনো বিষয় আছে? প্রশ্ন আর প্রশ্ন। পড়ালেখা শেষ করা অবিবাহিত নারীদের চারপাশে এসব প্রশ্ন প্রজাপতির মতো উড়ে বেড়ায়। সেশনজটের এই যুগে যে মেয়ে পড়াশোনার পাট চুকিয়ে একটা জুতসই চাকরি বা কাজ জুটিয়ে নিজেকে গোছাতে গোছাতে আটাশ, উনত্রিশ বা তিরিশ পার করে দিলেন, তাঁকে সমাজের করুণাই হয় কেবল। এত দিনেও একটা সুপাত্র জোটেনি বলে তাঁর অর্জন আর সাফল্য প্রায় ধূলিসাৎ হতে বসে যেন। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, সহকর্মী—সবাই কোমর বেঁধে নামেন এই অগ্রহণযোগ্য সমস্যার একটা সমাধান করতে। ছেলেদের ক্যারিয়ারে সাফল্য আর পদের ঊর্ধ্বগতি তাঁদের বিয়ের বাজারে মূল্যবৃদ্ধির সূচক মেয়েদের বেলায় ঠিক উল্টো। সাফল্যের ঊর্ধ্বগতির সঙ্গে নিম্নগতিতে নামে বিয়ের সম্ভাবনা। সবকিছু ভালোই যদি থাকবে, তবে কেন বিয়ে হয়নি এত দিন?কুড়িতেই বুড়ি?একসময় এই বাংলায় একটা প্রবাদ প্রচলিত ছিল—কুড়িতেই বুড়ি। বয়স কুড়ি পেরোলেই ভ্রু কুঁচকে তাকাত সমাজ, রাতের ঘুম হারাম হয়ে যেত মেয়ের মা-বাবার। কালের স্রোতে এই প্রবাদ এখন অর্থ হারাতে বসেছে। গরিব-ধনী, গ্রাম-শহর—সব জায়গাতেই মেয়েরা লেখাপড়ায় এগিয়ে আসছে। সাফল্যের সঙ্গে পেরোচ্ছে লেখাপড়ার চৌকাঠ। নারীর শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে ব্যাপক। তবু বয়স খানিকটা বেশি হয়ে গেলেও বিয়ে না হওয়াটা এখনো গ্রহণযোগ্য নয়।সাফল্যের সঙ্গে স্নাতকোত্তর পাস করার পর শারমিন (ছদ্মনাম) বসেছিলেন বিসিএস পরীক্ষায়। স্বপ্ন, বিসিএস ক্যাডারের চাকরি করবেন। বিয়ে যে করবেন না, তেমন কোনো পরিকল্পনা ছিল না। মা-বাবা পাত্র দেখছিলেন আর শারমিন মনোযোগ দিয়ে লেখাপড়া করছিলেন। রেজাল্ট বেরোলে দেখা গেল তিনি প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন। তারপর আনন্দ, হইচই ও পোস্টিং নিয়ে টেনশন। ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিলেন মফস্বল শহরে। নতুন চাকরিতে যাওয়ার আগে মা-বাবার মুখ অন্ধকার। এখনো যে মেয়েটার বিয়ে দেওয়া গেল না। কোন অজ-মফস্বলে একা একা থাকবে। লোকে কী বলবে! শারমিন আশ্বস্ত করেন, ‘কেন করব না বিয়ে, নিশ্চয় করব। তোমরা পাত্র পছন্দ করে খবর দিয়ো, আমি চলে আসব ঠিক।’ কিন্তু পছন্দসই পাত্র আর মেলে না। কারও বদলির চাকরি পছন্দ নয় তো কারও আরও কম বয়সী পাত্রী চাই। কেউ আবার যোগ্যতার মাপকাঠিতে পিছিয়ে। এদিকে কাজের ব্যস্ততায় ফুরসত মেলে না শারমিনেরও, বিয়ে পিছিয়ে যায়। আর এখন, যখন তাঁর বয়স ৩০ পেরিয়ে গেছে ইতিমধ্যে, শারমিন বলেন, মাঝেমধ্যে বাবা-মাও ভাবেন, এতখানি অর্জন বোধ হয় করা উচিত হয়নি মেয়ের। আরও আগে, আরও কম বয়সে ও কম যোগ্যতা থাকতেই বিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে আর এই ঝামেলা হতো না।তুমুল হূদয় রেখে আসে?মেডিকেল কলেজে পড়তে অনেকেই আগ্রহ দেখিয়েছে, কিন্তু রক্ষণশীল পরিবারের মেয়ে বলে কোনো দিকে তাকাননি মিলা (ছদ্মনাম)। পাস করে বেরিয়েই চাকরি পেয়েছেন, শুরু করেছেন পোস্টগ্র্যাজুয়েট ট্রেনিং ও পড়াশোনা, তখনো পাত্র পছন্দের দায়িত্বটা মা-বাবার ওপরই ন্যস্ত করে রেখেছেন। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি মা-বাবা। ওদিকে মিলা স্নাতকোত্তর করেছেন, সহকারী অধ্যাপক হয়েছেন, পসারও জমছে—কিন্তু সঠিক মানুষটির দেখা পাননি। দ্বিধাদ্বন্দ্বে ভোগা হূদয় কখনো থিতু হতে পারেনি। মিলার মা বলেন, ‘অতিরিক্ত রক্ষণশীলতার মধ্যে বড় করেছি বলে ও ঠিক ছেলেদের সঙ্গে কখনো সহজভাবে মেশেনি। তার ওপর ছিল ওর বাবার শাসনের ভয়। কিন্তু আমরাও ওকে একজন মনের মতো স্বামী খুঁজে দিতে পারিনি। নানা দিক দেখতে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগেছি। এখন মনে হয় ভুল করেছি আমরা। ওর বন্ধুবান্ধবের ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার দেখে ভাবি, ওর কি কখনো সংসার হবে না?’সমাজবিজ্ঞানী মাহবুবা নাসরিন এ প্রসঙ্গে বলেন, ‘একটু বেশি বয়সী অবিবাহিত নারীদের ওপর যে চাপ সৃষ্টি হয়, তার বেশির ভাগটাই সামাজিক, খানিকটা বৈজ্ঞানিকও বটে। নারীদের ক্ষেত্রে উর্বরতা বা সন্তানধারণ একটি বিষয় বিবেচ্য, বেশি বয়সে বিয়ে করলে এই ব্যাপারটি হুমকির সম্মুখীন হতে পারে—এই আশঙ্কা থাকে। তা ছাড়া নিরাপত্তাহীনতাও একটা ব্যাপার। মা-বাবা তাঁদের মেয়েকে একটি নির্ভরযোগ্য ঠিকানা দিয়ে যেতে চান। এটা ঠিক যে একজন ক্যারিয়ারিস্ট বা উচ্চপদস্থ নারীরও স্বপ্ন থাকে স্বামী-সন্তান নিয়ে একটি সুখী সংসারের, ঘর গেরস্থালি সাজানোর। হয়তো নানা কারণে অনেক সময় অনেক মেয়ের তা ঠিক সময়ে করা হয়ে ওঠে না। এ ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গির খানিক পরিবর্তন করতে পারি এভাবে যে লেখাপড়া শেষ করে স্বাবলম্বী হয়েই ছেলেমেয়ে উভয়ের বিয়ের পিঁড়িতে বসা উচিত, এই সত্যটা মেনে নিয়ে। আর এটা অর্জন করতে একটু দেরি হয়ে গেলেও তা স্বাভাবিকভাবেই মেনে নেওয়া উচিত। এই অনাকাঙ্ক্ষিত কিন্তু আবশ্যক দেরিটুকু সব ক্ষেত্রে সহজ-স্বাভাবিক হয়ে এলে চাপটুকু কমে যাবে।’মানসিক শ্রমে জব্দ!বয়স বেড়ে গেলে, স্বাবলম্বী আর আত্মনির্ভর হয়ে উঠলে নিজের একধরনের আলাদা মতামত বা পছন্দ গড়ে ওঠাটাই স্বাভাবিক। অন্যের মত দ্বারা নিজেকে চালিত করা সব সময় তখন সম্ভব হয়ে ওঠে না। তাই এই নারীরা অনেক সময় একটু বেশি বাছ-বিচার করতে বা একটু বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগতে শুরু করেন। কারও কারও মনে এমন ভীতিও কাজ করে যে সম্ভাব্য স্বামী বা শ্বশুরবাড়ি তাঁর এই স্বাধীনতা বা স্বনির্ভরতা মেনে না-ও নিতে পারে। এ বিষয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদ মাহজাবীনের মত হলো, ‘বিয়ের পর সংসার ও পরিবারের জন্য যেটুকু ত্যাগ স্বীকার করতে হয়, তা একজন মেয়ের যেকোনো বয়সে যেকোনো পরিস্থিতিতেই বিয়ে করলে করতে হতে পারে। একটা মেয়ে লেখাপড়ার মধ্যে বিয়ে করুক আর চাকরির উঁচু পদে ওঠার পরই বিয়ে করুক—দুজনই কিন্তু সমান পরিশ্রমের মধ্য দিয়ে যায়। দুজনকেই ক্যারিয়ার, লেখাপড়া আর সংসারজীবনের ভারসাম্য রক্ষা করে এগিয়ে যেতে হয়। আর আজকের এই দিনে আমরা দেখছি, অধিকাংশ নারীই এই ভারসাম্য রক্ষায় সফল। তাই বিয়ে, হবু স্বামী বা শ্বশুরবাড়ি নিয়ে অহেতুক আতঙ্কে ভোগার কোনো কারণ নেই। আপনিই পারবেন একটা সহজ ও ইতিবাচক পরিবেশ তৈরি করে নিতে। যাঁরা বাছ-বিচার করতে করতে সময় পার করে দেন, তাঁরা হয়তো একধরনের পলায়নপর মনোবৃত্তি বা ভীতিতে ভোগেন। কেউ আবার দায়িত্ব নিতে ভয় পান। কিন্তু অফিস বা ব্যবসার দায়িত্বের সঙ্গে সঙ্গে সানন্দে সংসারের ও সন্তানের দায়িত্ব গ্রহণ করতে শিখুন। আর এই মানসিক প্রস্তুতি নারী-পুরুষ সবারই থাকা উচিত।‘স্বাবলম্বী নারীরা বিয়ের ভাবনার সময় সম্ভাব্য স্বামীর যোগ্যতার মাত্রা বা পদের উচ্চতার চেয়ে মানিয়ে নেওয়ার সম্ভাবনার ওপর জোর দিন। হবু স্বামী বা তাঁর পরিবার কোন দৃষ্টিতে আপনার যোগ্যতাকে গ্রহণ করছে, বুঝতে চেষ্টা করুন। প্রয়োজনে হবু স্বামীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ করুন। স্বামীকে সব সময় নিজের চেয়ে উঁচু ও অধিক যোগ্যতাসম্পন্ন হতে হবে—এই প্রাগৈতিহাসিক ধারণা থেকে এখন বেরিয়ে আসতে হবে। দুজনে সমান সমান হলে ক্ষতি কী? অর্থনৈতিক ও পারিবারিক—দুই জায়গায় দুজনে মিলে কীভাবে সংসারটা সাজানো যায়, তা ভাবতে হবে। ইতিবাচক দৃষ্টিতে দেখুন বিয়েকে। বিয়ে মানেই স্বাধীনতাহীনতা বা একগাদা দায়িত্ব নয়, এটা একটা সুখী-সমৃদ্ধ ভবিষ্যতের চাবিকাঠিও বটে। আর সবকিছুর সঙ্গে একটা মমতাময় পরিবারও আপনার দরকার—এভাবে ভাবুন বিষয়টাকে।’