এখনো ভয় কাজ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>হোলি আর্টিজানে জঙ্গি হামলাসহ দেশের সাম্প্রতিক জঙ্গি পরিস্থিতি নিয়ে ভাবেন তরুণেরাও। দেশ–বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এমন কয়েকজন তরুণ লিখেছেন তাঁদের ভাবনা


হোলি আর্টিজানে হামলার পর খুবই শঙ্কিত বোধ করছিলাম। এই শঙ্কা নানা কারণে। সেদিনই জেনেছি, আমাদের মতোই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণেরা জঙ্গিবাদে জড়াতে পারে। তারা ধর্মের নামে বোমা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে একটুও দ্বিধা করে না। অবলীলায় নিরীহ মানুষ খুন করতে পারে। আবার সেই মৃত মানুষের সামনে আয়েশ করে খাবার খেতে পারে তারা।
মানুষের প্রতি কতটা ঘৃণা তৈরি হলে নিঃসংকোচে একজন মানুষ খুন করা যায়? ধর্ম নিশ্চয়ই নিষ্পাপ মানুষ হত্যা করাকে সমর্থন করে না। তবে তাদের কোন ধর্মের দোহাই দিয়ে এমন নিষ্ঠুর কাজ করতে উৎসাহিত করা হলো? এসব ভাবনা আমার মধ্যে অনিশ্চয়তার জন্ম দিয়েছে। এখনো সেই ভয় কাজ করে।
প্রতিনিয়তই পত্রিকায় পড়ে জানছি, কিশোর ও তরুণদের বিভিন্ন কায়দায় ফুসলিয়ে নিজেদের দলে ভেড়াচ্ছে জঙ্গিরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র উধাও হচ্ছে। এসব খবর দেখে শঙ্কা জাগে, আমার কোনো বন্ধুও কি পা বাড়াচ্ছে সেই পথে? একটা জাতিকে ধ্বংস করার জন্য তরুণদের বিপথে নিয়ে যাওয়াই তো যথেষ্ট।
লেখক: শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা, খুলনা বিশ্ববিদ্যালয়