এখনো শুকোয়নি অশ্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুনট উপজেলার আটাচর, শহরাবাড়ী, শিমুলবাড়ী, গোসাইবাড়ী, কয়াগাড়ী এলাকার প্রায় দুই হাজার মানুষ এখন কাজ করছে চট্টগ্রামে জাহাজভাঙার কারখানায়। গত ২৬ ডিসেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি মাদামবিবির হাট এলাকায় জাহাজ কাটার সময় অয়েল ট্যাংকারের জোড়খালী গ্রামের রানা বাবু মারা যান। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় নাটাবাড়ি গ্রামের রায়হান ও সরু গ্রামের মিন্টু মিয়া মারা যান।রানা বাবু (২৬) ধুনট উপজেলার জোড়খালী গ্রামের মৃত রইচউদ্দিনের ছেলে। রানা বাবু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। স্ত্রী চামেলী খাতুন, তিন বছরের একমাত্র মেয়ে রিমু ও মা আমেনা বেগমকে নিয়ে ছিল রানা বাবুর সংসার। স্ত্রী চামেলীর সামনে এখন শুধুই অন্ধকার। মালিকপক্ষের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পাবেন কি না, তারও নিশ্চয়তা নেই। যমুনা নদীর ভাঙনে জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে রানা বাবু পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেন। একসময় অনেক জমি থাকলেও এখন তাঁদের রয়েছে শুধু একটি জীর্ণ ঘর। যমুনার ভাঙন তাঁদের সব গ্রাস করে নিয়েছে। তাই কাজের সন্ধানে তাঁরা ছুটে গিয়েছিলেন জাহাজভাঙার মতো বিপজ্জনক কাজে। চামেলী জানান, প্রতিদিন আট ঘণ্টায় তাঁরা মজুরি পান ১৪৫ টাকা। এরপর ঘণ্টা অনুযায়ী তাঁরা অতিরিক্ত টাকা পেতেন।ধুনটের গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে রায়হান (২৮) কাজ করতে গিয়েছিলেন চট্টগ্রামে। তিনিও আর বাড়িতে ফিরে আসেননি। বাড়িতে তাঁর বাবা ছাড়াও মা ময়না খাতুন, স্ত্রী রজিনা খাতুন রয়েছেন। মাত্র আট মাস আগে পাশের বাড়িতেই বিয়ে করেন রায়হান। এই প্রথমবারের মতো সেখানে কাজ করতে গিয়েছিলেন। রায়হানের বাবা আবদুল ওহাব জানান, ছেলের চিকিত্সা বাবদ কোম্পানি ১০ হাজার টাকা দিয়েছিল। তারপর আর কোনো খবর নেই। প্রায় ৮০ হাজার টাকা খরচ করেও তাঁর সন্তানকে বাঁচাতে পারেননি। দুর্ঘটনায় আহত পঙ্গু ফজর আলী এখন এলাকার সাতমাথায় ভিক্ষা করে বেড়াচ্ছেন। জোরখালী গ্রামের মোস্তাকের পা ভেঙে যাওয়ার পর তিনি আর কাজে ফিরে যাননি।