এখনো সারেনি ক্যাটরিনার ক্ষত
ঘূর্ণিঝড় ক্যাটরিনার ক্ষতচিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্স। পাঁচ বছর পেরিয়ে গেলেও ক্যাটরিনার ধ্বংসযজ্ঞের ধকল কাটিয়ে উঠতে পারেনি শহরটি। গত রোববার ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ক্যাটরিনার আঘাত হানার পঞ্চম বছরপূর্তি। দিনটিতে নিউ অর্লিন্সবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, যে করেই হোক শহরটি আবার নতুন করে সাজিয়ে তোলা হবে।২০০৫ সালের আগস্টের শেষ সপ্তাহে আঘাত হানে মহাপ্রলয়ংকরী ঘূর্ণিঝড় ক্যাটরিনা। এতে বিশেষ করে নিউ অর্লিন্স শহর লণ্ডভণ্ড হয়ে যায়। ঘূর্ণিঝড় সৃষ্ট জলোচ্ছ্বাসে ১৫ ফুট পানির নিচে ডুবে যায় শহরটি। মারা যায় এক হাজার ৮০০ মানুষ। ঘরছাড়া হয় লাখ লাখ।সরকারি-বেসরকারি সাহায্যে আবার উঠে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। ‘আমরা খুবই কৃতজ্ঞ যে লোকজন এসে আমাদের বাড়ি ঠিক করে দিচ্ছে,’ বলছিলেন সেমিকো আলেক্সান্ডার। সেন্ট বার্নার্ডস প্যারিশের এই বাসিন্দা জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকেরা তাঁর বাড়িটি ঠিক করে দিয়েছেন। ক্যাটরিনায় ঘর হারিয়ে গত পাঁচ বছর তিনি রাজ্য থেকে রাজ্যে ঘুরে বেড়িয়েছেন। ক্যাটরিনার তাণ্ডবে সহায়-সম্বল হারিয়েছেন সেমিকোর মতো হাজার হাজার মানুষ। সেমিকোর মতো ভাগ্যবানের সংখ্যা অবশ্য হাতে গোনা। খুব কমসংখ্যক লোকের বাড়িই এখন পর্যন্ত মেরামত হচ্ছে। কেউ কেউ এখনো ভাসমান জীবন কাটাচ্ছেন। এখন পর্যন্ত ৮৬ শতাংশ লোক নিউ অর্লিন্সে ফিরেছে। তবে মুদ্রার দুই পিঠের মতোই নিউ অর্লিন্সে ধ্বংসযজ্ঞের বিপরীতে রয়েছে আশা জাগানিয়া ছবিও। ‘নিউ অর্লিন্স তার আগের অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। কিছু কিছু ক্ষেত্রে তো আগের চেয়ে ভালো অবস্থা এখন,’ বললেন নিউ অর্লিন্স তথ্যকেন্দ্রের পরিচালক অ্যালিসন প্লায়ার। অ্যালিসন জানান, ক্যাটরিনা আঘাত হানার আগে তারা যা পেতেন এখন তার চেয়ে বেশি বেতন পাচ্ছেন। নিউ অর্লিন্সে এখন অনেক নতুন ব্যবসাপ্রতিষ্ঠানও গড়ে উঠেছে।শিল্প-সংস্কৃতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের জন্যও খ্যাতি ছিল নিউ অর্লিন্সের। পর্যটন ছিল একটা বড় শিল্প। পর্যটকদের পদচারাণ শহরের রাস্তাঘাট আবার প্রাণবন্ত হয়ে উঠছে।নিউ অর্লিন্স তথ্যকেন্দ্রের একটি সমীক্ষার ফল অবশ্য এসব আনন্দের সংবাদকে কিছুটা হলেও ম্লান করে দিচ্ছে। সমীক্ষাটিতে দেখা গেছে, ঘূর্ণিঝড়ের সময় বাস্তুহারাদের মধ্যে প্রায় এক লাখ লোক আর ফেরত আসেনি। তারা যুক্তরাষ্ট্রের অন্য অঙ্গরাজ্যগুলোতে চলে গেছে। হয়তো বা জন্মের শহরে আর কখনোই ফিরবে না।এর মধ্যে অর্থনৈতিক মন্দা নিউ অর্লিন্সের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছিল। এর ওপর লুইজিয়ানা উপকূলে বিপি তেল কোম্পানির দুর্ঘটনা নতুন বোঝা হয়ে বসেছে নিউ অর্লিন্সের ওপর। সামুদ্রিক খাবারের দোকানের মালিক হেনরি পয়নট বলেন, ‘লোকজন আমার কাছে এসে জানতে চায়, আমার খাবারে তেল আছে কি না।’ ক্যাটরিনার ভয়াল ছোবল থেকে বেঁচে গেলেও অর্থনৈতিক মন্দার চাপ সামলে উঠতে পারেননি পয়নট। তবে তিনি প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন টিকে থাকার। আর এটাই হলো পুরো নিউ অর্লিন্সের প্রকৃত চেহারা।