এখনো সেই দেয়ালের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্লিন প্রাচীর প্রতিষ্ঠার অর্ধ শতাব্দী পালিত হলো গত ১৩ আগস্ট। প্রাচীরটি ভেঙে ফেলা হয়েছে দুই দশকের বেশি। কিন্তু বিশাল এই প্রাচীর অনেক মানুষের মনে যে মানসিক ক্ষতের সৃষ্টি করে, তা এখনো বয়ে বেড়াচ্ছেন তাঁরা।১৯৬১ সালের ১৩ আগস্ট পূর্ব জার্মানি একরকম হঠাৎ করে বার্লিন নগরের বুক চিরে প্রাচীরের নির্মাণকাজ শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান পক্ষের পরাজয়ের পর থেকেই অবশ্য নগরটির নিয়ন্ত্রণ দুটি ভাগে বিভক্ত ছিল। পূর্ব অংশ ছিল তখনকার সোভিয়েত ইউনিয়নের বাহিনীর অধীনে। পশ্চিম অংশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সেনাদের যৌথ নিয়ন্ত্রণে। পূর্ব-পশ্চিম দুই অংশের নিয়ন্ত্রকরাই নাৎসি জার্মানদের বিরুদ্ধে লড়লেও পুঁজিবাদী ও সমাজতন্ত্রী আদর্শে বিভক্ত ছিল দুই শিবির। প্রাচীর তুলে তখনকার পূর্ব জার্মানি যেন সে বিভেদকেই পোক্ত করেছিল।বার্লিন প্রাচীর বিভক্ত করে দিয়েছিল অনেক জার্মান পরিবারকে। কঠিন সমাজতন্ত্রী শাসনাধীন পূর্ব জার্মানির অনেকের কাছে ওই প্রাচীর কারাগারে থাকার মতোই অনুভূতি জাগিয়েছিল। বিশেষ করে দীর্ঘদিন যাঁরা প্রাচীর ঘেঁষে বাস করেছেন, তাঁরা অনেকে মানসিক অসুস্থতায় ভুগেছেন। কেউ কেউ সেই মানসিক ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেননি।গিটা হাইনরিখ তাঁদেরই একজন। তিনি ‘মাউয়েরক্রাঙ্কহাইট’ বা ‘প্রাচীর সৃষ্ট রোগ’ নামে পরিচিতি পাওয়া অসুস্থতায় ভুগছেন। গিটার গ্রাম ক্লাইন-গ্লিয়েনিকের অবস্থান বার্লিন প্রাচীরের ধার ঘেঁষে, নগরের বাইরেই। তাঁর বাড়ির আশপাশে এখন কোনো প্রাচীর নেই। কিন্তু প্রাচীর আর না থাকলেও দীর্ঘদিন প্রাচীরের কাছে বাস করায় তিনি যে মানসিক যন্ত্রণায় ভুগেছিলেন তা থেকে এখনো বের হয়ে আসতে পারেননি গিটা। বার্লিন প্রাচীর তৈরির পর ক্লাইন-গ্লিয়েনিকে গ্রামটি পশ্চিম বার্লিনের মধ্যে পূর্ব জার্মানির একটি দ্বীপে পরিণত হয়। পটসডামের কাছে বার্লিনের ওই অংশটিতে দেয়ালটি এঁকেবেঁকে গিয়েছিল। ১৯৬১ সালের ১৩ আগস্ট যখন সেনাসদস্যরা প্রাথমিক কাঁটাতারের বেড়া দিতে থাকে, তখন এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হয়। গ্রামবাসী দেখে একটি রাস্তা, পরের বাড়িগুলোই দেয়ালের ওপারে পড়েছে। কারও ক্ষেত্রে তা আরও কাছের। দেখা গেল, বারান্দা থেকে ঝুঁকলেই বেড়ার ওপারে হাত রাখা যায়! এভাবে বিচ্ছিন্ন হয়ে গেল দীর্ঘদিনের প্রতিবেশীরা।মোট ১৬০ কিলোমিটার দীর্ঘ ওই দেয়ালের পথের অদ্ভুত নকশার কারণে প্রবেশদ্বার ছাড়া গোটা ক্লাইন-গ্লিয়েনিকে গ্রামটি দেয়ালের ভেতর পড়ে যায়। দেয়ালের ভেতরে পূর্ব জার্মানি, বাইরে পশ্চিম!প্রাচীর তৈরির কাজ শুরু হওয়ার সময় প্রেমিকসহ বাল্টিকে ছুটি কাটাচ্ছিলেন গিটা। খবরটি শুনে তাঁরা ট্রেনে চেপে গ্রামে ফেরার চেষ্টা করেন। কিন্তু দেখেন বার্লিনজুড়ে রেল-বাস বন্ধ। গিটা ও তাঁর প্রেমিক রাজ্যের পথ ঘুরে শেষ পর্যন্ত গ্রামে প্রবেশের পথ পান। তবে গিটার প্রেমিককে ঢুকতে দেওয়া হয়নি। কারণ, তিনি ওই গ্রামে বসবাসের জন্য নিবন্ধিত ছিলেন না। গিটা হাইনরিখ তখন থেকে নিজের গ্রামে বাস করতে থাকেন।গিটা বলেন, ‘গোটা গ্রামটাই ছিল জেলখানার মতো। যেখানেই যেতাম সেখান থেকেই প্রাচীর দেখা যেত।’১৯৮৯ সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলার পর গিটা প্রবল উদ্বেগ ও অস্বস্তি বোধ করায় একদিন চিকিৎসকের কাছে যান। চিকিৎসক জানান, তিনি প্রাচীরজনিত মানসিক অসুস্থতায় ভুগছেন।গিটা বলেন, এটা এমন ধরনের অসুস্থতা, যা মনের ওপর গভীর ছাপ ফেলেছিল। অসুস্থতাটি হচ্ছে দেয়াল ঘেরা গভীর সংকীর্ণতার অনুভবজনিত।সমাজতন্ত্রী পূর্ব ইউরোপে উদার গণতন্ত্রের ঝড় ওঠার প্রেক্ষাপটে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়। আবার এক হয় দুই জার্মানি। কিন্তু গিটার মনের ভেতর এখনো প্রাচীরটি রয়ে গেছে, যা তাঁর মানসিকতাকে প্রভাবিত করছে।পূর্ব জার্মানির নেতা ভাল্টার উলব্রিখট যখন ওই প্রাচীর তৈরির নির্দেশ দেন, তখন একে ‘ফ্যাসিস্ট পাশ্চাত্যকে’ দূরে রাখার পন্থা হিসেবে বর্ণনা করা হয়েছিল।এখন ওই প্রাচীর তৈরির কারণ সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে, পূর্ব জার্মানির মানুষকে গণতান্ত্রিক ও উন্নততর পশ্চিমে পালিয়ে যাওয়া থেকে ঠেকাতেই প্রাচীর তৈরি করা হয়েছিল।বার্লিনের দুই পাশের আত্মীয়স্বজনের সাক্ষাতের বাধা হয়ে দাঁড়ায় ওই প্রাচীর। পূর্ব থেকে পশ্চিমে পালিয়ে আসতে অনেককে সহায়তা করেছেন পশ্চিম বার্লিনের বাসিন্দা ক্লাউস-মাইকেল ফন কেউসলার। তিনি বলেন, ১৩ আগস্টের আগে পূর্ব বার্লিনের লোকজন আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি সাপেক্ষে পশ্চিম বার্লিনে যেতে পারতেন। যদিও এ অনুমতির জন্য দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হতো। কিন্তু ১৩ আগস্টের পর আর সে সম্ভাবনা থাকল না। কেউসলার বলেন, এমনকি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিরাও সহজে ভ্রমণের অনুমতি জোটাতে পারতেন না।পূর্ব বার্লিনের এক মানসিক হাসপাতালের মনোবিদ ডায়েটফ্রিড মুয়েলার-হেগেমান নগরের ওই অংশের মানুষের মধ্যে এ মানসিক রোগটি শনাক্ত করেন। তিনি তাঁর কিছু রোগীর মধ্যে এক ধরনের অনীহা ও উদ্দেশ্যহীনতা লক্ষ করেন।১৯৭১ সালে চিকিৎসক মুয়েলার-হেগেমান নিজেই পশ্চিমে পালিয়ে যান। পালানোর আগে তিনি ওই মানসিক হাসপাতালে অন্তত ১০০ জন এ ধরনের রোগী শনাক্ত করেন। রোগের লক্ষণের মধ্যে ছিল হতাশা, যন্ত্রণাভোগের বিভ্রম। এ রোগে আক্রান্তদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও ছিল। ১৯৬১ সালের ১৩ আগস্ট পরবর্তী গভীর হতাশার পরিস্থিতি থেকেই এর উৎপত্তি বলে মনে করেন মনোবিদেরা। পশ্চিমের মুক্ত গণতান্ত্রিক পরিবেশ ও আর্থিক স্বাচ্ছন্দ্যের আকর্ষণে পূর্ব জার্মানির বহু মানুষ বার্লিন প্রাচীর টপকানোর চেষ্টা করেন। এ চেষ্টার সময় পূর্ব জার্মানির রক্ষীদের গুলিতে প্রাচীরেই অন্তত ১৩৬ জন মারা যায়। দাউদ ইসলাম