এখনো হাট বসে না বাঘাইহাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে আদিবাসী-বাঙালি সহিংস ঘটনার পর সবকিছু স্বাভাবিক হলেও বাঘাইহাট বাজার বর্জন অব্যাহত রেখেছে আদিবাসীরা। ফলে সাপ্তাহিক হাট বসছে না। হাট না বসায় দেড় শতাধিক বাঙালি ব্যবসায়ীর ব্যবসা গুটিয়ে গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি বাঘাইহাটে আদিবাসী-বাঙালিদের মধ্যে সহিংস ঘটনা ঘটে। এতে নয়টি গ্রামের ৪১৮টি আদিবাসী ও ৫৭টি বাঙালি পরিবারের বাড়িঘর পুড়ে যায়। এ ঘটনায় গুচ্ছ গ্রামের বুদ্ধপুদি চাকমা (৩০) ও তিন দোজরী গ্রামের লক্ষ্মী বিজয় চাকমা (৩৫) নিহত হন। আহত হন কমপক্ষে অর্ধশতাধিক আদিবাসী-বাঙালি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আদিবাসীরা কয়েকটি দাবি নিয়ে বাঘাইছড়ি উপজেলা বৃহত্তর বাঘাইহাট বাজার বর্জনের ডাক দেয়। আদিবাসীদের অভিযোগ, তারা যে দাবি করেছিল, প্রশাসন সেগুলো পূরণ করেনি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত বাঘাইহাট বাজার বর্জন চলবে।এ সহিংস ঘটনার পর আদিবাসী-বাঙালিদের পক্ষ থেকে একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি মামলা করা হয়। আদিবাসীদের পক্ষে হত্যা মামলা করেন সহিংসতায় নিহত বুদ্ধপুদি চাকমার স্বামী উত্তম কুমার চাকমা। এ মামলায় ২৫ জনকে আসামি করা হয়। আর বাঙালিদের পক্ষে ১০ জনের নাম উল্লেখসহ দুই শতাধিক আদিবাসীকে আসামি করে অগ্নিসংযোগের অভিযোগ এনে পাল্টা মামলা করেন বাঘাইহাটের মো. দেলোয়ার হোসেন। এই দুই মামলার দীর্ঘ দুই বছরেও কোনো আসামি ধরা হয়নি। বাঘাইছড়ি থানা উপপরিদর্শক মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, বাঘাইহাটে সহিংস ঘটনার দুটি মামলার অভিযোগপত্র (চার্জর্িশট) দেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে মামলার আসামি ধরা হয়নি। বাঘাইহাট বাজার কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, ‘আদিবাসীরা ঘটনার পর থেকে এখনো কেনাকাটা করেনি। আদিবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় বাজারটি বিলুপ্তির পথে। ইতিমধ্যে অনেক ব্যবসায়ী তাঁদের ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে গেছেন।’ তিনি বাজারটি রক্ষার জন্য প্রশাসন, সকল রাজনৈতিক দল ও এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। এ প্রসঙ্গে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘বাজার চালু করার জন্য একাধিকবার বৈঠক করা হয়েছে। আমরা আবার স্থানীয় প্রশাসন ও আদিবাসী-বাঙালিদের নিয়ে বৈঠকের আহ্বান জানাব।’