এখানে একটু দাঁড়ান
আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? কিংবা বুয়েটের? অথবা পড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? তাহলেএকটু দাঁড়ান। আপনার সঙ্গে কিছু কথা আছে আমাদের। চৈত্রের এই প্রচণ্ড দাবদাহে হয়তো এখানে দাঁড়াতে কষ্ট হবে আপনার। তার পরও অনুরোধ করব, একটু থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু ফিরে যেতে চাই একাত্তরে। লক্ষ করে দেখবেন, আমরা উচ্চারণ করেছি সেই বছরটির নাম, যে বছরে আমরা অর্জন করেছিলাম স্বাধীনতা।একটু বসুন, বিশ্রাম নিন। বেশ বুঝতে পারছি, গরমে কষ্ট পাচ্ছেন। কিন্তু আমরা নিশ্চিত, যে কথা বলব, সে কথা শোনার মতো ধৈর্য আছে আপনার। কথাগুলো শুধু আপনাকেই বলতে চাইছি, তা নয়। আমরা খুব আশা নিয়ে আছি, এই কথাগুলো আপনি আপনার বন্ধুদের জানাবেন, আপনি যখন প্রতিষ্ঠিত হবেন, প্রবেশ করবেন সংসারজীবনে, তখন আপনার সন্তানদেরও বলবেন, নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের আনন্দ-বেদনার এই মহাকাব্যটির কথা।আচ্ছা, আপনি কি শিশুতোষ দত্ত চৌধুরীর নাম শুনেছেন? কিংবা আতিকুর রহমান? কিশোরী মোহন সরকার অথবা কার্তিক শীল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের করিডোর পার হয়ে যেতে গেলে এই নামগুলো চোখে পড়বে আপনার। ঠিক ধরেছেন, এই বিভাগের শিক্ষক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ও রাশীদুল হাসানের মতো এই ছাত্ররাও শহীদ হয়েছেন একাত্তরে। আর জাহাঙ্গীর মুনীর, মো. নজরুলইসলাম, মো. আজমল হককে চিনতে হলে আপনাকে যেতে হবে বাংলা বিভাগে। এঁরা বাংলা বিভাগেরই শিক্ষার্থী। এই বিভাগের শিক্ষক মুনীর চৌধুরী, আনোয়ার পাশা ও মোফাজ্জল হায়দার চৌধুরীও শহীদ হয়েছেন। আমরা কি সব নাম বলতে পারলাম? না। ডাকসু সংগ্রহশালা সৃষ্টি ও বিন্যাস নামের যে সংকলনটি প্রকাশ করেছে, তার তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষকের সংখ্যা ২০। শহীদ শিক্ষার্থীর সংখ্যা ১০১ জন। শহীদ কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৯ জন। ফলিত পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, ভূ-তত্ত্ব, দর্শন, ইতিহাস, মৃত্তিকাবিজ্ঞান, গণিত বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুজন শিক্ষকও আছেন শহীদের তালিকায়।আসুন, একটু কথা বলি বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রবিউল আলমের সঙ্গে।‘রবিউল, আপনাদের বিভাগে শ্বেতপাথরের ফলকের ওপর লেখা শহীদ শিক্ষক ও ছাত্রদের নাম কি চোখে পড়ে?’‘চোখে পড়ে। তাঁদের জন্য গর্ব হয়, আর পাকিস্তানি হানাদারদের জন্যমনে জমে ঘৃণা।’ইংরেজি বিভাগের মেহেদী হাসানের কাছেও একই প্রশ্ন। ‘তালিকাটির দিকে তাকালে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।’ বলেন তিনি।১৯৭১ সালে যে মহাকাব্যটি রচনা করেছিল এই ভূ-খণ্ডের মানুষ, তাতে রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের বিশাল অবদান। আপনারা একটু খোঁজ নিলেই দেখতে পাবেন, এ দেশের প্রতিটি আন্দোলনেই রয়েছে এর অসাধারণ ভূমিকা। অপরাজেয় বাংলার দিকে একবার চোখ রাখুন, দেখুন কী অসাধারণ শক্তির আধার হয়ে দাঁড়িয়ে আছে ভাস্কর্যটি। এই শক্তি আর সাহসে বুক বাঁধতে সাহায্য করেছেন এই শহীদেরা।এবার থামি বুয়েটে। ইট-কাঠ-কংক্রিট নিয়ে যাঁদের কারবার, তাঁদের হূদয় পাষাণ হয়ে যায়নি। স্বাধীনতার ফল্গুধারায় রয়েছে তাঁদেরও রক্তস্রোত। ইকবাল আহমেদ, আহসানুল হাবীব, বদিউল আলম—এ রকম ২০টি নাম পাবেন আপনি শহীদের তালিকায়। একটু খোঁজ নিলেই দেখতে পাবেন, এই বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী হাতে তুলে নিয়েছিলেন কার্বাইন।এবারের গন্তব্য রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটির দিকে চোখ রাখুন। শিল্পী নিতুন কুণ্ডু তাঁর মনতুলি দিয়ে এমনভাবে ভাস্কর্যটি তৈরি করেছেন, দেখলে মনে হয় যেন ১৯৭১ সালেরই অর্জিত স্বাধীনতার প্রতিচ্ছবি। যেন এটি স্বাধীনতা আন্দোলনের নীরব প্রেরণা। আপনি যখন জানবেন, আপনারই কোনো অগ্রজ এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র, যুদ্ধ করেছেন দেশের জন্য, তখন অন্য রকম গর্বের অনুভূতি কি হবে না আপনার? তাঁদেরই কেউ কেউ এ দেশের জন্যই অকাতরে দিলেন প্রাণ।স্মরণকরুন বাণিজ্য বিভাগের আবদুল মান্নান আখন্দ, বাংলা বিভাগের আমিরুল হুদা, রসায়নের প্রদীপ কুমার, অর্থনীতির মোহাম্মদ আলী খানের কথা। ওঁদের দেখেননি আপনি, কিন্তু মনের চোখে যখন ওঁদের দেখতে থাকেন, তখন কি সত্যিই কোনো অবয়ব আপনার চোখে এসে ভিড় করে না?কিংবা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আবদুর রাজ্জাক, শেখ এমাজ উদ্দিন, এস এম সাইফুল ইসলাম, মোহন লালকেও কি আপনি ভুলতে পারবেন?আপনাকে এতক্ষণ ধরে রাখলাম বলে ক্ষমা চাইছি। জানি, তথ্যপ্রযুক্তির বিপ্লবের এই যুগে আপনি অনেক তথ্য অনেক পথে জোগাড় করে নিতে পারবেন। আমরা এ-ও জানি, আপনি আপনার পরের প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারবেন আমাদের গৌরবময় অতীতের কথা। আমাদের দেশপ্রেমের কথা। আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা। আপনার একটু সচেতনতা নতুন যুগের আরও অনেক মানুষকে মাটির সুগন্ধ বুঝতে সাহায্য করবে। বুঝতে সাহায্য করবে, এই দেশটি দাম দিয়ে কেনা, কারও দানে পাওয়া নয়।তথ্য দিয়ে সাহায্য করেছেন: মোছাব্বের হোসেন, রোমানা আক্তার ও কুদরাত-ই-খুদা