এখানে প্রয়োজনের সময় চিকিৎসককে কাছে পাওয়া যায় না। চিকিৎসার সরঞ্জাম নেই। দরকারি ওষুধ আনতে হয় বাইরের দোকান থেকে। বিদ্যুৎ চলে গেলে পুরো ক্যাম্পাসে ভুতুড়ে অবস্থা বিরাজ করে। বৈদ্যুতিক জেনারেটর ও পানি তোলার মোটর প্রায়ই নষ্ট থাকে। স্যালাইন দেওয়া হয় মোমবাতি কিংবা হারিকেনের আলোয়। এ অবস্থায় এখানে নিজেদের ভীষণ অসহায় মনে হয়।
এমন অভিযোগ খাগড়াছড়ি জেলার রামগড়ের বলিপাড়া গ্রামের মো. সফিউল্লাহ, নজির টিলা এলাকার মো. মফিজুর রহমান ও খাগড়াবিলের মোতালেব হোসেনের। সম্প্রতি তাঁরা প্রচণ্ড জ্বর নিয়ে ভর্তি হন রামগড় উপজেলা হাসপাতালে। কিন্তু যথাযথ চিকিৎসাসেবা না পেয়ে তিনজনই মাঝপথে হাসপাতাল ত্যাগ করেন।
রামগড় উপজেলা হাসপাতালে চিকিৎসক, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম-সংকটের এই চিত্র দীর্ঘদিনের। এখানে উপযুক্ত চিকিৎসাসেবা না পেয়ে হতাশ এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) খায়রুল আলম জানান, হাসপাতালে ১৩ জন চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে তিনিসহ আছেন মাত্র দুজন চিকিৎসক। আবাসিক চিকিৎসা কর্মকর্তা, মেডিসিন বিশেষজ্ঞ, ডেন্টাল সার্জন, চক্ষুরোগ, সার্জারি, অ্যানেসথেসিয়া, গাইনি বিশেষজ্ঞের পদসহ ১১ জন চিকিৎসকের পদ দীর্ঘদিন থেকে শূন্য। ইউএইচএফপিও অনেক সময় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় অন্য একজন চিকিৎসকের পক্ষে একা সব রোগী দেখা সম্ভব হয় না।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের এক্স-রে সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি পড়ে আছে ব্যবহারের অনুপযোগী একটি স্যাঁতসেঁতে কক্ষে। যন্ত্রের বাক্সসহ কক্ষের ভেতর বাসা বেঁধেছে উইপোকা।
এক্স-রে টেকনিশিয়ান (রেডিওলজিস্ট) মোস্তফা কামাল জানান, ছয় বছরেরও বেশি সময় ধরে এসব যন্ত্র এভাবে পড়ে আছে। ২০১১ সালে এগুলো মেরামত বাবদ এক লাখ ৭৫ হাজার টাকা খরচ দেখানো হয়েছে। কিন্তু এতে কোনো কাজ হয়নি। এলাকার গরিব রোগীরা বেসরকারি ক্লিনিক কিংবা জেলা সদরের হাসপাতালে গিয়ে এক্স-রে করাতে হিমশিম খাচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও যন্ত্রপাতির অভাবে অস্ত্রোপচার কক্ষও সব সময় বন্ধ থাকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপযুক্ত কক্ষ ও বিদ্যুতের সরবরাহ পর্যাপ্ত না থাকায় এক্স-রে যন্ত্র সচল করা যাচ্ছে না।
এ প্রসঙ্গে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. কামাল বলেন, হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ-ব্যবস্থায় নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার এবং ভোল্টেজ রেগুলেটর, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার না থাকায় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়।
জানা গেছে, রামগড়ের হাফছড়ি ও পাতাছড়া ইউনিয়ন স্বাস্থ্যসেবাকেন্দ্র দুটির অবস্থাও করুণ। এসব কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসা কর্মকর্তা নেই। ওষুধপত্রও নেই পর্যাপ্ত। পাতাছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলমগীর জানান, চিকিৎসক না থাকায় হাতুড়ে চিকিৎসকেরা চিকিৎসার নামে প্রতারণা করার সুযোগ পাচ্ছেন।
খাগড়াছড়ির সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, পাহাড়ি এলাকায় চিকিৎসক এসে থাকতে চান না। সম্প্রতি রামগড়ে কয়েকজন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তাঁরা উচ্চ পর্যায়ে তদবির করে ওই নিয়োগ আদেশ প্রত্যাহার করিয়ে নেন। শূন্যপদের বিপরীতে চিকিৎসক চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এদিকে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের দাবিতে ৮ সেপ্টেম্বর মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতারা।