
আজ বড়দিন। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করা হয়। কিন্তু চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে বড়দিন আসে আগেভাগেই! শীতকালীন ছুটি শুরু হওয়ার আগেই বড়দিন উদ্যাপন করা হয় এই শিক্ষাপ্রতিষ্ঠানে, যেন শিক্ষক ও ছাত্রীরা ছুটি কাটাতে যে যাঁর বাড়িতে চলে যাওয়ার আগেই একসঙ্গে উৎসবের আনন্দটা ভাগাভাগি করে নেওয়া যায়।
প্রতিবছরের মতো এ বছরও গান ও নাটকের আয়োজনের মধ্য দিয়ে ১৫ ডিসেম্বর বড়দিন বরণ করা হলো এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের চট্টগ্রাম ক্যাম্পাসে। ‘জয় টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের এই অনুষ্ঠানের পুরো আয়োজন করেছিলেন শিক্ষার্থীরাই। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, আফগানিস্তান, ভুটানসহ আটটি দেশের ৫০ জন ছাত্রী এবং একজন আমেরিকান শিক্ষক অনুষ্ঠানে অংশ নেন। শুরুতে ছোট্ট একটি নাটিকার মধ্য দিয়ে বাইবেলে বর্ণিত যিশুর জন্মকাহিনি তুলে ধরা হয়। সঙ্গে ছিল ‘এঞ্জেল ড্যান্স’। এরপর ‘এইউডব্লিউ ক্যারল’ একে একে সাতটি বড়দিনের গান পরিবেশন করে।
এবারের আয়োজনের বিশেষত্ব ছিল অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে বড়দিনের কার্ড বিনিময়। ক্যারলের নির্দেশনায় ছিলেন শ্রীলঙ্কান ছাত্রী, নাথা রামিস। নির্দেশনার অভিজ্ঞতা নিয়ে নাথা বলেন, ‘প্রথমবারের মতো আমি এইউডব্লিউতে বড়দিন পালন করছি। আমার শিক্ষক ও সিনিয়র আপুদের সঙ্গে মিলেমিশে বড়দিনের আনন্দ ভাগ করার স্মৃতি আমি কখনোই ভুলব না। তা ছাড়া, জীবনে প্রথমবারের মতো ক্যারলের নির্দেশনা দিলাম। এটাও খুব ভালো লেগেছে।’ অনুষ্ঠানে প্রথম বর্ষ থেকে শেষ বর্ষের খ্রিষ্টান শিক্ষার্থীরা ছাড়াও মুসলিম, হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। শেষ বর্ষের ছাত্রী, ভারতের ইকরা জাওয়ায়েদ বলেন, ‘আমরা, পৃথিবীর ১৬টি দেশের মেয়েরা একসঙ্গে এইউডব্লিউতে পড়ছি। এ শিক্ষাপ্রতিষ্ঠানটির বিশেষত্বই হচ্ছে সব দেশীয় সংস্কৃতিকেই যথাযথ সম্মান দিয়ে মিলেমিশে পালন করা, বিভিন্ন দেশীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। তা ছাড়া, এই সব উৎসব পালনের মধ্য দিয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।’
ছাত্রীদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বরাবরই শিক্ষকেরা উৎসাহ দেন, সহায়তা করেন। এবার যেমন বড়দিনের অনুষ্ঠানে ‘লাস্ট ক্রিসমাস’ গানে অংশ নিয়েছিলেন অধ্যাপক মার্ক ফ্লানিগান। তিনি বলেন, ‘নিজের দেশে বড়দিন যেভাবে উদ্যাপন করি, এখানেই সেই আনন্দটা খুঁজে পেলাম। ছাত্রীরা ছিল বলেই এই আয়োজন সম্ভব হয়েছে। আমাদের ছাত্রীরা শুধু নিজের ধর্ম, নিজেদের আচার-অনুষ্ঠানই নয়, অন্যের ধর্ম ও সংস্কৃতিকে শ্রদ্ধা করছে। উদ্যম নিয়ে উৎসবগুলোতে অংশ নিচ্ছে। দেখে আমার ছাত্রীদের নিয়ে গর্ব বোধ করি। এখন তো সারা বিশ্বেই দেশ-ধর্ম নিয়ে দাঙ্গা-হাঙ্গামা লেগে আছে। এসব দেখে যখন হতাশ লাগে, তখন এইউডব্লিউর এই তরুণদের মধ্যেই আমি আশার আলো দেখি।’