এখানেই ছিলেন শহীদুল্লা কায়সার, জহির রায়হান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামের সঙ্গে গ্রামবাংলার আর দশটি গ্রামের তেমন তফাত নেই। তবু গ্রামটি আর সব গ্রাম থেকে একটু ভিন্ন। বাংলাদেশের দুই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও জহির রায়হানের পৈতৃক বাড়ি এই গ্রামে।এই গ্রামটি শহীদুল্লা কায়সার ও তাঁর ভাই জহির রায়হানের মেধা ও মননে গভীর রেখাপাত করেছিল। কিন্তু কথাসাহিত্য ও চলচ্চিত্রে অসামান্য অবদান রাখা দেশের এই সেরা সন্তানদের পৈতৃক বাড়িটি সংরক্ষণের তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি মজুপুর গ্রামে গিয়ে এই চিত্র দেখা গেছে। ফেনী থেকে ১২ কিলোমিটার দূরে মজুপুর গ্রাম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া বাজার হয়ে মমতাজ মিয়ার বাজার, সেখান থেকে কিছুদূর গেলেই মজুপুর গ্রাম। গ্রামে ঢুকতেই শহীদুল্লা কায়সারের মামির নামে একটি বিদ্যালয় চোখে পড়ে। এর পাশে তিন-চারটি গ্রাম্য দোকান। শীতের সকালে কয়েকজন ছেলে-বুড়ো চা পান করছিলেন সেখানে। শহীদুল্লা কায়সারের বাড়ির ঠিকানা জানতে চাইলে কয়েকজন দেখিয়ে দিলেন। তিনি কী করতেন জানতে চাইলে প্রবীণ এক গ্রামবাসী জানালেন, শহীদ হয়েছিলেন একাত্তরে। শহীদুল্লা কায়সার বা জহির রায়হান সম্পর্কে এমন দু-একটা তথ্য ছাড়া খুব বেশি কিছু জানেন না মজুপুরের বেশির ভাগ বাসিন্দা।গ্রামবাসীর দেখিয়ে দেওয়া পথ দিয়ে খানিকটা যেতেই চোখে পড়ে টিনের ছাউনি দেওয়া জীর্ণ, পরিত্যক্ত একটি মাটির ঘর। শিমলতা প্রায় অর্ধেক ঢেকে ফেলেছে বাড়িটিকে। এর পাশেই আঙিনা পার হলে একটি টিনের ঘর। বাড়ির আঙিনায় কর্মরত কয়েকজন শ্রমিক জানালেন এটিই শহীদুল্লার পৈতৃক ভিটা। পুরোনো দুটি বাড়ির পাশে একটি আধা পাকা দালান। সেখানে দুটি নামফলকের একটিতে লেখা আছে ‘কায়সার-রায়হান স্মৃতি পাঠাগার’। কিছুক্ষণ অপেক্ষা করার পর বেরিয়ে আসেন শহীদুল্লা কায়সারের ভাই সাইফুল্লাহ। তিনি জানান, তাঁদের আট ভাইবোনের মধ্যে বর্তমানে দুই ভাই, দুই বোন জীবিত থাকলেও একমাত্র তিনি দেশে (ঢাকায়) থাকেন। শহীদুল্লা কায়সারের দুই ছেলেমেয়েও ঢাকায় থাকেন। ধান পাকার মৌসুম বলে তিনি বাড়ি এসেছেন। বাড়ি দেখাশোনার জন্য কেউ নেই এখন।পারিবারিক উদ্যোগে শহীদ ভাইদের বাড়িতে কায়সার-রায়হান স্মৃতি পাঠাগার এবং তাঁদের মা-বাবার নামে সুফিয়া-হাবিব ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান সাইফুল্লাহ। ঢাকা থেকে এসে দুটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধান করেন তিনি। তবে শহীদদের স্মৃতি সংরক্ষণে এখন পর্যন্ত সরকার কোনো উদ্যোগ নেয়নি।বড় ভাই শহীদুল্লা কায়সারের সঙ্গে একাত্তরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষবার দেখা হয় সাইফুল্লাহর। তখন তিনি সংবাদ কার্যালয়ে যাওয়া ছাড়া বাড়ি থেকে খুব একটা বের হতেন না। এর পরের ঘটনা সবারই জানা। তবু সাইফুল্লাহর মুখ থেকে আবারও শোনা গেল সে সময়ের ঘটনা। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর আলবদর বাহিনীর সদস্যরা বাংলাদেশের এই সাংবাদিক-সাহিত্যিককে তাঁর ঢাকার কায়েতটুলির বাসভবন থেকে অপহরণের পর হত্যা করে। পরে তাঁর লাশও আর পাওয়া যায়নি। দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পর ভাইকে খুঁজতে গিয়ে নিখোঁজ হন জহির রায়হানও।শহীদুল্লাহ কায়সারের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে কথা হয় বৃদ্ধ ওবায়দুল হক এবং গোলাম মোস্তফার সঙ্গে। তাঁরা জানান, ৭০ সালের সাধারণ নির্বাচনের কিছুদিন আগে শহীদুল্লাহ কায়সার ও জহির রায়হান সর্বশেষ বাড়ি আসেন। তখন গ্রামবাসীদের নিয়ে অনেক বৈঠক করেছেন। পুঁথিপাঠের আসরও বসেছিল। দেশের রাজনীতির অবস্থা বুঝিয়ে বলতেন তাঁরা গ্রামের মানুষদের। দুই বৃদ্ধ দীর্ঘনিশ্বাস ফেলে জানান, এখন আর তাঁদের কেউ স্মরণ করে না। কোনো জাতীয় দিবসে এই দুই শহীদকে নিয়ে অনুষ্ঠান হয় না। নতুন প্রজন্ম তাই তাঁদের সম্পর্কে তেমন কিছুই জানে না।