
হাঁটি হাঁটি পা পা করে সময়ের সিঁড়ি বেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পা রাখল এক যুগের সীমানায়। ‘শিক্ষা, প্রগতি ও মুক্তির আলোয় প্রদীপ্ত’—এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া ২০ অক্টোবর দিনটিতে জন্মদিনের উৎসবে মেতেছিল পুরো বিশ্ববিদ্যালয়।
সকাল নয়টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এরপর শুরু হয় শোভাযাত্রা। মাথায় প্রতিষ্ঠাবার্ষিকীর কাগুজে টোপর পরে, হাতে নানা বর্ণের ব্যানার-ফেস্টুন-বেলুন নিয়ে, বাঁশি বাজিয়ে, একে অন্যকে রং ছিটিয়ে, নেচে-গেয়ে উৎসবে মেতে ওঠেন সব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিজ্ঞান চত্বর, শহীদ মিনার চত্বর, গণিত চত্বর, কাঁঠালতলা, ঝাউতলা থেকে শুরু করে শান্ত চত্বরও ‘শান্ত’ থাকার ফুরসত পায়নি শিক্ষার্থীদের ‘ননস্টপ’ হই-হুল্লোড়ে। ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবিতা ইয়াসমিন বলছিলেন, ‘বছরের এই একটি দিনের জন্য দুই মাস আগে থেকে পরিকল্পনা শুরু করি।’
সম্প্রতি বিসিএসে উত্তীর্ণ হয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী সুবীর কুমার দাস। উৎসবের দিন ক্যাম্পাসে এসে একরকম বিপাকেই পড়ে গেলেন। বাগে পেয়ে পাওনা ‘ট্রিট’ আদায় করে ছাড়ল একই বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী জনি, হ্যাপি, তৌহিদা ও রবিউলদের ছোট্ট দলটা। ওদিকে কেন্দ্রীয় মিলনায়তনে, মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুরু হয় সংগীতানুষ্ঠান। এতে অংশ নেন সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চস্থ হয় মনোমুগ্ধকর পরিবেশনা, যাত্রাপালা গঙ্গা থেকে বুড়িগঙ্গা। মঞ্চ তো নয়, মৃদু আলোয় ঢাকা এক টুকরো রাজমহল। শান্তিরঞ্জন দে রচিত এই যাত্রার পরিচালনায় ছিলেন মিলন কান্তি দে।
বেলা তিনটা বাজতেই সবাই ছুটে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে। দিনের অন্যতম প্রধান আকর্ষণ, মঞ্চ মাতাতে তখন হাজির ব্যান্ডদল শিরোনামহীন ও নগর বাউল জেমস। মঞ্চের সামনে সারি সারি আসন পাতা, কিন্তু কনসার্টের উন্মাদনায় কি আর স্থির বসে থাকার জো আছে? আসন ছেড়ে দাঁড়িয়ে, শিল্পীর সঙ্গে গলা মিলিয়ে দর্শক-শিল্পীতে আসর জমল বেশ।
কনসার্ট শেষ হলেও থামেনি গানবাজনা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান চলল সন্ধ্যা অবধি। তখনো পুরো ক্যাম্পাস কানায় কানায় পূর্ণ। বরং শেষ বিকেলের আলোয় যেন ভিড় বাড়ল আরও। এমনি করে ক্যাম্পাস উৎসবে মেতে রইল সারা দিন।