এগিয়ে চলছেন বিউটি
নড়াইলের শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রাম। সেই গ্রামে এক ছেলে এক মেয়ে নিয়ে মাখন দাসের সুখী পরিবার। সেই পরিবারে শান্তি একদিন কেড়ে নেয় অ্যাসিড। মাখন দাসের মেয়ে বিউটি রানী দাসকে প্রেমের প্রস্তাব দেন এলাকারই এক ছেলে। প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ১৯৯৭ সালের ১০ এপ্রিল অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন বিউটি। একটি চোখ নষ্টসহ ঝলসে গেছে মুখের একাংশ।বিউটিকে সাহায্য করতে এগিয়ে আসে অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল। তাঁকে দেওয়া হয় ৩০ হাজার টাকায় কেনা গাভি। এরই মধ্যে বিয়ে হয় তাঁর। স্বামী প্রদীপ কুমার দাস কাজ করেন পানের বরজে। ২০০২ সালের অক্টোবর মাসে যশোরের বসুন্দিয়া উপজেলার জগন্নাথপুরে বিউটির শ্বশুরবাড়িতে গাভি ও গোয়ালঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় তাঁর কাছে।কিন্তু বিপদ বিউটির পেছন ছাড়ে না। একদিন গভীর রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় গোয়ালঘরে। সেই আগুনে গাভি ও বাছুরটি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। মুষড়ে পড়েন বিউটি-প্রদীপ। কিন্তু প্রথম আলো সহায়ক তহবিল আবারও তাঁদের পাশে দাঁড়ায়। বাড়িয়ে দেয় সহায়তার হাত। দেওয়া হয় আবারও ৩০ হাজার টাকা। এবার গাভির খামার না করে সিদ্ধান্ত নেন পানের বরজ করার। দুধ বিক্রির জমিয়ে রাখা কিছু টাকা আর প্রথম আলো সহায়ক তহবিলের দেওয়া সহায়তার টাকা দিয়ে বন্ধক রাখেন ১০ কাঠা জমি। তৈরি করেন পানের বরজ। সেখানে সাফল্যের মুখ দেখতে থাকেন। সুমা দাস ও সীম্পা দাস নামের দুই সন্তানকে নিয়ে তাঁদের এখন সুখের সংসার।বিউটি ও প্রদীপ প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমরা যে অবস্থায় ছিলাম, প্রথম আলো আমাদের পাশে না দাঁড়ালে, সহায়তার হাত বাড়িয়ে না দিলে হয়তো আজ এ পর্যায়ে আসতে পারতাম না। ইচ্ছা আছে আগামী বছর জমি কিনে পানের বরজটা আরেকটু বড় করব।’