এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও প্রথম আলো ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত মেধাবীরা
এগিয়ে চলি সব বাধা পেরিয়ে
তাঁরা পড়ছেন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ)।স্বপ্ন দেখেন পড়াশোনা শেষ করে মানুষের জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য কাজ করবেন।এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতিবছরই ১০ জন করে দরিদ্র পরিবারের প্রথম উচ্চশিক্ষা নিতে আসা নারীদের শিক্ষাবৃত্তি দিয়ে যাচ্ছে প্রথম আলো ট্রাস্ট।এ পর্যন্ত ৪৪ জন ছাত্রী পেয়েছেন এই বৃত্তি।তাঁদের ১১ জনের অভিজ্ঞতা ও স্বপ্ন নিয়ে নারীমঞ্চের এই বিশেষ আয়োজন।লিখেছেন ওমর কায়সার ও সাঈদা ইসলাম

তামান্না কর্মসংস্থান বাড়াতে চান
নওগাঁর মেয়ে তামান্না ইয়াসমিন। জামালগঞ্জ ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক পড়ার সময় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভর্তি বিজ্ঞপ্তি দেখেন পত্রিকায়। অনলাইনে ভর্তি ফরম জোগাড় করে সেটি পূরণ করে পাঠিয়ে দিয়েছিলেন নির্দিষ্ট ঠিকানায়। তখনো তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি। একদিন বাসার ঠিকানায় চিঠি এল। ভর্তি পরীক্ষা দিতে হবে বগুড়ায়। উচ্চমাধ্যমিক পরীক্ষার ১৫ দিন আগে সে পরীক্ষা। তামান্নার বাবা আবদুল বারী মেয়েকে উৎসাহ দিলেন। এইচএসসির ফল প্রকাশের আগেই তামান্না জানতে পারলেন, তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের জন্য নির্বাচিত হয়েছেন।
২০১৩ সালে ভর্তি হওয়ার পর এই চার বছরে অনেক অর্জন তামান্নার। মনে হয় এ পৃথিবীকে এগিয়ে নেওয়ার সংগ্রামে তিনিও একজন যোদ্ধা।
স্নাতকে তামান্নার প্রধান বিষয় অর্থনীতি। সঙ্গে আছে গণিত ও উন্নয়ন শিক্ষা। তিনি গ্রামের নারীদের কর্মসংস্থান বাড়াতে কাজ করতে চান।
জীবনের মোড় ঘুরেছে তাসলিমার
তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তাসলিমা সবার ছোট। জন্ম ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। বাবার চাকরির সূত্রে অবশ্য নেত্রকোনাতেই তাসলিমার বেড়ে ওঠা। বাবা এ বি সিদ্দিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, মা শাহজাদা খাতুন গৃহিণী। তাসলিমা সুসং আদর্শ বিদ্যানিকেতন থেকে ২০১০ সালে এসএসসিতে জিপিএ-৫ পান। ২০১২ সালে সুসং সরকারি মহাবিদ্যালয় থেকে এইচএসসিতেও জিপিএ-৫ পান তিনি। কিন্তু তাসলিমার উচ্চশিক্ষার সুযোগ নিয়ে কিছুটা সংশয় ছিল পরিবারে।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে—এ তথ্য বোন তানজিনা দেন তাসলিমাকে। তিনি বলেন, ‘বোনের উৎসাহে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির জন্য আবেদন করি এবং পড়ার সুযোগ পেয়ে যাই।’ তাসলিমার পড়াশোনার প্রধান বিষয় অর্থনীতি। স্নাতক চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন। তাসলিমা ২০ মে সমাবর্তনে অংশ নেবেন।
ভবিষ্যতে তাসলিমা শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে চান। সম্প্রতি ‘টিচ ফর বাংলাদেশ’ নামের একটি বেসরকারি সংগঠনের মাধ্যমে দুই বছরের ফেলোশিপও পেয়েছেন।
দুস্থ শিশুদের পড়ান মেরিনা
যশোরের মনিরামপুরের মেরিনা আফরিন পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট। যশোর থেকে এসএসসি পাস করার পর ঢাকায় বি এ এফ শাহীন কলেজে আসেন উচ্চমাধ্যমিক পড়তে। ২০১১ সালে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন। সে বছর ভর্তির সুযোগ পাননি। পরেরবার ভর্তি পরীক্ষার প্রস্তুতির মধ্যেই একদিন তাঁর চোখে পড়ে প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি। আর দেরি করেননি, আবেদন করে পরীক্ষা দিয়ে এইউডব্লিওতে পড়ার সুযোগ পেয়ে গেলেন মেরিনা আফরিন।
মেরিনার স্নাতকের প্রধান বিষয় ছিল অর্থনীতি। পাশাপাশি তাঁকে বিশ্ব ইতিহাসও পড়তে হয়েছে। উন্নয়ন শিক্ষা নিয়ে স্নাতকোত্তর পড়ার ইচ্ছা আছে তাঁর। ভবিষ্যতে দুস্থ নারী-শিশুদের নিয়ে কাজ করতে চান মেরিনা। তিনি বলেন, ‘দেশে নারীরা অনেক পিছিয়ে রয়েছে। তাদের জন্য কাজ করার ইচ্ছা আছে।’ দুস্থ শিশুদের জন্য কিছু করতে মেরিনা ‘ইরা’ নামের চট্টগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হয়েছেন।
প্রযুক্তিক্ষেত্রে আগ্রহ আফসানার
‘আমার নেপালি রুমমেটের নাম ছিল বিনীতা জিরেল। তার সঙ্গে আমার কোনো দিন কথা-কাটাকাটিও হয়নি। এখানকার ভিন্ন সংস্কৃতির মিশেল আমার খুব ভালো লাগে।’ কথাগুলো এইউডব্লিউর স্নাতক শ্রেণির ছাত্রী আফসানা শারমিনের।
স্কুলে পড়ার সময় এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতেন আফসানা শারমিন। চট্টগ্রামের বাওয়া স্কুল (বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়) থেকে নাসিরাবাদ হাউজিংয়ের বাসায় আসা-যাওয়ার সময় মোহাম্মদ আলী সড়কের ক্যাম্পাসে আফসানার চোখে পড়ত দেশি-বিদেশি মেয়েদের আনাগোনা। সেই থেকে এখানে পড়ার আগ্রহ আফসানার। প্রথম আলোর শিক্ষাবৃত্তি নিয়ে আফসানা শারমিন ভর্তি হলেন, তাঁর প্রধান বিষয় কম্পিউটার বিজ্ঞান।
আফসানা শারমিন পড়ালেখা শেষ করে কম্পিউটার নেটওয়ার্ক পেশাজীবী হিসেবে কাজ করবেন। প্রযুক্তিতে আমাদের দেশের মেয়েরা এখনো পিছিয়ে। আফসানা এ অভাবটা পূরণ করতে চান।
পরিবারের দায়িত্ব নিতে প্রস্তুত সিনথিয়া
ঢাকার মিরপুরে বেড়ে উঠেছেন সিনথিয়া খন্দকার। এক বোন ও তিন ভাইয়ের মধ্যে সিনথিয়া সবার বড়। বাবা শহীদুল ইসলাম মিরপুরে একটি দরজির দোকানে চাকরি করেন। মা গৃহিণী। এইচএসসি পাস করার পর ২০১২ সালে ‘এইউডব্লিউ-প্রথম আলো ফার্স্ট ফিমেল ইন দ্য ফ্যামিলি স্কলারশিপ অ্যাওয়ার্ড’ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন।
সিনথিয়া জানালেন এইউডব্লিউতে ভর্তি হওয়ার পর আত্মবিশ্বাস বেড়েছে তাঁর। রাজনীতি, দর্শন, অর্থনীতি বিভাগের ছাত্রী সিনথিয়া চার বছরের স্নাতক কোর্সের মধ্যে এক বছর ফ্রান্সে পড়াশোনা করেছেন। তৃতীয় বর্ষে ফ্রান্সের সঙ্গে এইউডব্লিউর ‘এক্সচেঞ্জ প্রোগ্রামের’ আওতায় প্যারিসে পড়ার সুযোগ পান সিনথিয়া।
সফল সংগঠক হিসেবেও ক্যাম্পাসে সুনাম রয়েছে সিনথিয়ার। বিশ্ববিদ্যালয়ের পেশা উন্নয়ন কেন্দ্রের ‘দূত’ হিসেবে এক বছর কাজ করেছেন তিনি। সম্প্রতি স্নাতক সম্পন্ন করে সিনথিয়া এখন পরিবারের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
পাঠক্রম আগ্রহী করেছিল শারমিনকে
ঢাকায় জন্ম শারমিন আক্তারের। বাবা মো. শাহজাহান ক্ষুদ্র ব্যবসায়ী, মা জামিলা খাতুন গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে শারমিন সবার বড়। পুরান ঢাকার স্থানীয় স্কুল ও কলেজ থেকে এসএসসি-এইচএসসি পাস করেন শারমিন। এরপর কলেজের এক শিক্ষকের কাছে শোনেন এইউডব্লিউর কথা। আন্তর্জাতিক মানের পাঠক্রমে পড়াশোনা আর নানা দেশের শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্ব হবে ভেবে আগ্রহী হয়ে ওঠেন তিনি। প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি পাবেন এ ভরসায় আবেদন করেন। শারমিনের পড়াশোনার প্রধান বিষয় জনস্বাস্থ্য। সম্প্রতি স্নাতক শেষ করা শারমিন ভবিষ্যতে জনসেবা করতে চান।
গত বছর ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দেড় মাসের একটি ফেলোশিপ করার সুযোগ হয়েছে শারমিনের।
সেবামূলক কাজ করতে চান জয়নাব
ছয় মাস বয়সেই বাবাকে হারান, তাই বাবার চেহারাই বিবি জয়নাবের মনে নেই। বাবার স্নেহবঞ্চিত জয়নাব মা ও পরিবারে অন্য সদস্যদের অনুপ্রেরণায় পড়ালেখা করেছেন। জয়নাবের তিন বোনের কেউ বিশ্ববিদ্যালয়ে পড়েননি।
জয়নাব ২০১২ সালে ভর্তি হন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ)। তিনি বলেন, ‘বিয়ে, স্বামী-সংসার, এসবের বাইরেও একজন নারীর অনেক কিছু করার থাকে। দেশ আর পৃথিবীকে কিছু দেওয়ার সক্ষমতা তাঁরও আছে।’
চট্টগ্রামের রাউজানে নিজ গ্রামের স্কুল থেকে এসএসসি পরীক্ষায় পাস করে যখন চট্টগ্রাম কমার্স কলেজে উচ্চমাধ্যমিক পড়ছিলেন, তখনই এক মামার কাছে জয়নাব শুনেছিলেন এ বিশ্ববিদ্যালয়ের কথা। পরে প্রথম আলোতে এ বিশ্ববিদ্যালয় নিয়ে একটি প্রতিবেদন পড়ে এখানে পড়তে আগ্রহী হন। কে জানত তিনিই প্রথম আলোর বৃত্তি নিয়ে এখানে পড়ার সুযোগ পাবেন! স্নাতক শ্রেণিতে জয়নাবের প্রধান বিষয় অর্থনীতি। পড়ালেখা শেষ করে বিবি জয়নাব নারীশিক্ষা ও তাঁদের ক্ষমতায়নের জন্য কাজ করতে চান।
সাদিয়ার স্বপ্ন দারিদ্র্য দূর করা
বরিশালের ব্রজমোহন কলেজে ইংরেজি সাহিত্যে স্নাতক শ্রেণিতে পড়া শুরু করেই দিয়েছিলেন সাদিয়া ইসলাম। এর মধ্যে হঠাৎ একদিন প্রথম আলোতে দেখতে পেলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভর্তির খবর। তাঁর ইচ্ছা হলো এ বিশ্ববিদ্যালয়ে পড়ার। বাবাকে সাহস করে বলেও ফেললেন কথা। বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মেয়ের প্রস্তাবে তিনিও সায় দিলেন। একদিন অফিস থেকে ছুটি নিয়ে ঝালকাঠি থেকে বাবা আর মেয়ে চলে আসেন চট্টগ্রামে। সাদিয়ার মনে জেদ চেপে গেল যে করেই হোক এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেই হবে। তবে চিন্তা একটা ছিলই—তাঁর বাবার মতো একজন স্বল্প আয়ের চাকরিজীবী পড়াশোনার খরচ মেটাবেন কীভাবে? অবশেষে সাদিয়া প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি পেলেন। ২০১২ সালের ভর্তি হলেন এই বিশ্ববিদ্যালয়ে।
সাদিয়া বলেন, ‘এখানকার পড়াশোনার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীর যোগাযোগ থাকে। সব সময় মতবিনিময় হয়। শিক্ষকেরা এখানে বন্ধুর চেয়েও বেশি।’ ঝালকাঠির মেয়ে সাদিয়ার প্রধান বিষয় অর্থনীতি। গণিত ও উন্নয়ন শিক্ষাকে সহপাঠ হিসেবে বেছে নিয়েছেন তিনি। সাদিয়া ইসলাম বলেন, ‘এ দেশের বড় সমস্যা দারিদ্র্য। সেটা কমাতে চাই আমি।’
নূরজাহান বলেন নারীর অধিকারের কথা
অর্থনীতি বিষয়টিকে প্রধান হিসেবে নিয়ে স্নাতক পড়ছেন নূরজাহান হীরা। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে তিনি আবার পড়ানও। পড়ানোটা তাঁর পড়াশোনার পাশাপাশি একটি চাকরি। এ চাকরির জন্য তিনি ঘণ্টা হিসাবে সম্মানী পান। সম্মানীটা বড় কথা নয়, কাজটা করে তিনি খুব আনন্দ পান। নূরজাহান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীদের অনেকেরই অক্ষরজ্ঞান নেই। পড়ালেখা জানেন না, তাঁদেরই পড়ালেখা শেখানোর দায়িত্ব পেয়েছি আমি।’
নূরজাহান হীরা এইচএসসির পর এখানে ভর্তি পরীক্ষা দিলেন। অন্য কোথাও চেষ্টা করেননি। নূরজাহান হীরার বাবা একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী। আয়-রোজগার বলতে তেমন কিছু ছিল না। নূরজাহান পেলেন প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি। পড়াশোনা শুরু হলো এইউডব্লিউতে। নূরজাহান বলেন, ‘যখন কলেজে পড়তাম, তখন সবার সামনে কথা বলতে গেলে নার্ভাস হয়ে যেতাম। এখানে এসে সবকিছু কাটিয়ে উঠেছি। এখন নারীর অধিকার নিয়ে কথা বলি, কাজ করি। মনে হয় আমরা এখানে এশিয়ার সব নারী একজোট হয়ে আছি। আমাদের ঠেকাবে কে?’
পরিবেশ নিয়ে মাহপারা মাশিয়াত
২০০৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় প্রথম আলোতেই পড়েছিলেন এইউডব্লিউ সম্পর্কে। সেই থেকে স্বপ্ন এখানে পড়ার। স্বপ্নের পূরণ হলো ২০১৪ সালে। এখানে তিনি পূর্ণ বৃত্তি নিয়ে পরিবেশবিজ্ঞানে পড়াশোনা করছেন।
২০০১ সালে সিলভার বেলস স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও ২০১৩ সালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন মাশিয়াত। এরপর এইউডব্লিউতে তাঁর পড়ার সুযোগ হলো প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি পেয়ে।
পড়ালেখা শেষ করে মাশিয়াত জাতিসংঘের পরিবেশবিষয়ক কোনো সংস্থায় কাজ করেত চান। তিনি বলেন, পরিবেশের সংকটটি এখন আর কারও একার নয়। সারা বিশ্বের মানুষকে যূথবদ্ধ হয়ে এ সংকট মোকাবিলা করতে হবে।
এসেই ভালো লেগেছিল জান্নাতের
নূর ই জান্নাত এইউডব্লিউ থেকে স্নাতক করেছেন কম্পিউটার বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে। এখনো তাঁর চূড়ান্ত ফল বের হয়নি। জান্নাত বললেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আমার কোনো অর্থ খরচ হয়নি। বরং লাইব্রেরি, ভর্তি কেন্দ্রে খণ্ডকালীন চাকরি করে হাতখরচ জোগাড় করতে পেরেছি।’ কম্পিউটার বিজ্ঞানের একটি কর্মসূচিতে জাপানে ১০ দিনের এক শিক্ষাসফরের অভিজ্ঞতাও হয়েছে জান্নাতের। এ ছাড়া গেছেন ভারতের রাজস্থানেও। নূর ই জান্নাত এইচএসসি পাসের পর ২০১০ সালে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে। দ্বিতীয় বর্ষে পড়ার সময় এইউডব্লিওতে পড়ার শিক্ষাবৃত্তির খবর জানতে পারেন। ভর্তি পরীক্ষা দিতে আসেন।
নূর ই জান্নাত বলেন, ভর্তি পরীক্ষা দিয়ে হলের ভেতরে বসে অপেক্ষা করছিলাম, তখন দেখি বেশ লম্বা একজন বিদেশি নারী হেঁটে আসছেন। হঠাৎ এক শিক্ষার্থী ‘প্রফেসর’ বলে দৌড়ে ওই নারীকে জড়িয়ে ধরেন। তখনই বুঝতে পারি, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কটা অনেক মধুর।